গত বুধবার রাজধানীর তথ্য ভবনে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) ও বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের একটি আলোচনা সভা ছিল
গত বুধবার রাজধানীর তথ্য ভবনে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) ও বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের একটি আলোচনা সভা ছিল

চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়—এমন কোনো সিদ্ধান্ত হয়নি

চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়—এমন কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি জানিয়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বলছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও বোর্ডের নেই।

গত বুধবার রাজধানীর তথ্য ভবনে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) ও বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের একটি আলোচনা সভা ছিল।
পরে মানসের তরফ থেকে সংবাদমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির সূত্র ধরে একটি ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বলা হয়, ‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়।’

ফটোকার্ডের সূত্র ধরে কেউ কেউ বিভ্রান্ত হন, ‘চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য নিয়ন্ত্রণে আইনের বাস্তবায়ন: সংশ্লিষ্টদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

বিষয়টি নজরে আসার পর আজ শুক্রবার বিকেলে একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সার্টিফিকেশন বোর্ড লিখেছে, ‘ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার প্রদান করা হবে না’—এই ধরনের কোনো সিদ্ধান্ত সভায় গৃহীত হয়নি এবং এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ারও ওই সভা কিংবা বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের নেই।’

সার্টিফিকেশন বোর্ডের ভাষ্য, ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নির্দিষ্ট আইন ও বিধি দ্বারা গঠিত ও পরিচালিত হয়। এ সংস্থা তার গাইডলাইনের বাইরে যাওয়ার সুযোগ রাখে না।’

মূলত আলোচনা সভায় মানসের এক অংশীজন ব্যক্তিগত প্রস্তাব হিসেবে বিষয়টি উপস্থাপন করেছিলেন। তবে তা সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়নি।
মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থার (মানস) সংবাদ বিজ্ঞপ্তিতে সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমানের বক্তব্যও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বোর্ড।

বিবৃতিতে সার্টিফিকেশন বোর্ড লিখেছে, ‘মানস কর্তৃক জারিকৃত প্রেস রিলিজের মিসলিডিং শিরোনাম ও বক্তব্যের ভুল উপস্থাপন থেকেই বিভ্রান্তির সূত্রপাত হয়েছে। এ বিষয়ে সার্টিফিকেশন বোর্ড তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং ভবিষ্যতে এ ক্ষেত্রে বোর্ড অধিক সতর্ক থাকবে।’
মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থাও (মানস) আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করেছে।