পরীমনি
পরীমনি

‘আমাকে বিয়ে দিতে চান, না চান না’, মজা করে জানতে চাইলেন পরীমনি

এবারের বিশ্বকাপ ফুটবল চলার সময় হঠাৎই আলোচনায় আসে ঢাকাই ছবির চিত্রনায়িকা পরীমনির বিয়ে। কারণ, আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর তিনি মজা করে বলেছিলেন, চ্যাম্পিয়ন হলে আবার বিয়ে করবেন। স্পেনের কাছে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। প্রিয় দল আর্জেন্টিনার ১-০ গোলে পরাজয়ের প্রতিক্রিয়ায় পরীমনি মজার ছলে বলেছিলেন, ‘বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’ গত বুধবার রাতে একটি পুরস্কার অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন পরী। তখন আবার আসে আলোচিত বিয়ে প্রসঙ্গ।

এদিন তিনি মজা করে সাংবাদিকদের কাছে প্রশ্ন করেন, ‘আপনারা আমাকে বিয়ে দিতে চান, না চান না?’ তাঁর প্রশ্নে হাসির রোল পড়ে যায়। পরে পরী মজা করে আবার বলেন, ‘হ্যাঁ নাকি না?’ পরে তিনি বলেন, ‘আমি জানি সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়। আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, গালি খাই। সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাটার সঙ্গে দেখতে চায়। এতে কী আনন্দ আমি জানি না।’
পরে এক সাংবাদিক প্রশ্ন করেন, আর্জেন্টিনার হারের পর কী করেছেন? তখন পরী আবার মজা করে বলেন, ‘ভাই, এই রিস্ক থেকেই তো বলেছিলাম আবার বিয়ে করব (জিতলে)।’

পরীমনি

বিশ্বকাপের পুরো সময়টায় আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন পরীমনি। দলের প্রতিটি জয় উদ্‌যাপন করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কখনো আকাশি-সাদা জার্সি পরে ভিডিও বানিয়েছেন, কখনো আবার ফুটবল জাদুকর লিওনেল মেসির প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন বিভিন্ন পোস্টে।

চিত্রনায়িকা পরীমনির বিয়ের ঘোষণা নিয়ে ফেসবুক পোস্ট আলোচনায় আসে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে। তখন তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’ মজার ছলে দেওয়া সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কয়েক লাখ প্রতিক্রিয়া ও হাজার হাজার শেয়ারে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা।

ফাইনালের আগে সেই পোস্ট নিয়ে খানিকটা অস্বস্তিতেও পড়েছিলেন পরীমনি। তখন প্রথম আলোকে বলেছিলেন, ‘আমি তো এর আগে ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, এরপর হুট করে বিয়ে করে ফেলছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে তো মুসিবতে পড়ে গেলাম। ভাবিনি, এভাবে সবাই বিষয়টিকে সিরিয়াসলি নিয়ে নেবে। এত এত সিরিয়াস সব বিয়ের প্রস্তাব আসতেছে, কিছুই বুঝতেছি না, কী করব।’
এদিকে গতকাল সংবাদ সম্মেলনে এক সাংবাদিক আলোচিত মামলায় জেলে যাওয়া নিয়ে প্রশ্ন করলে পরী বলেন, ‘এটা নিয়ে কি আমি কখনো কথা বলেছি? কেউ প্রশ্ন করলে কি উত্তর পেয়েছে? আমার খালি একটাই বিষয় মনে হতো, সত্য একদিন প্রকাশ্যে আসবেই। যত চাপা দিয়ে রাখেন, প্রকাশ পাবেই।’