ছবিতে জয়ার ‘রঙের দুনিয়া’

কখনো নতুন লুক, কখনো যাপিত জীবনের চিত্র আবার কখনোবা আয়োজন করে নতুন ছবি—সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বারবারই সরব জয়া আহসান। গত মঙ্গলবার ও আজ বুধবার অভিনেত্রী নিজের ফেসবুকে পোস্ট করেছেন বেশ কয়েকটি ছবি। গতকাল রঙিন পোশাকে তোলা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন লিভিং ইন কালার বা রঙে বসবাস। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রীর নতুন কাজের হালহকিকত।
পশ্চিমবঙ্গের প্রখ্যাত পরিচালক কৌশিক গাঙ্গুলীর ছবিতে আগেও দেখা গেছে জয়া আহসানকে। তাঁর ছবি ‘বিসর্জন’, ‘বিজয়া’তে অভিনয় করে প্রশংসিত হয়েছেন বাংলাদেশি অভিনেত্রী
ফেসবুক
কৌশিক গাঙ্গুলীর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’–তে অভিনয় করেছেন জয়া আহসান। ট্রেলার মুক্তির পর তা প্রশংসিত হয়েছে দর্শক-সমালোচকদের কাছে। আগামী ২ জুন মুক্তির অপেক্ষায় থাকা ছবিটিতে জয়া ছাড়াও আছেন কৌশিক সেন, চুর্ণী গঙ্গোপাধ্যায়, লিলি চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য
জয়া আহসানের ফেসবুকে পোস্ট করা ছবি নিয়ে নানা সময় আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে চলতি বছরের জানুয়ারিতে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘একজন শিল্পীর নানা রকম ফটোশুট থাকে। নানা রকমের গেটআপে থাকতে হয়। আর্টিস্টের তো আর মেল বা ফিমেল হয় না। যখন যেটা প্রয়োজন, সেভাবে তৈরি হতে হয়। সেই জায়গা থেকেই মাঝেমধ্যে ছবিগুলো পোস্ট করি। হয়তো বলতে পারেন, আমার ভালো লাগে, এসবই। তবে এগুলো একেবারেই সিনেমার কোনো লুক নয়’
সামনে প্রথমবার জয়াকে দেখা যাবে হিন্দি সিনেমায়, যার প্রাথমিক নাম ‘কড়ক সিং’। সিনেমায় তাঁর সহশিল্পী হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, মালয়ালম অভিনেত্রী পার্বতী থিরুভোথু, বলিউড অভিনেত্রী সানজানা সাংঘি প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায় চৌধুরী