
নায়িকা মাহিয়া মাহি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে, আর নায়ক সাইমন সাদিকও দেশে নেই। অথচ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তাঁদের অভিনীত নতুন সিনেমা ‘আনন্দ অশ্রু’। ১৩ নভেম্বর সিনেমাটি মুক্তির তারিখ চূড়ান্ত করেছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। নায়ক-নায়িকা দুজনই দেশের বাইরে থাকলেও সিনেমাটির প্রচারণা নিয়ে খুব একটা চিন্তিত নন নির্মাতা। তাঁর প্রত্যাশা, দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে যাবে।
একসময় ঢালিউডের ব্যস্ত নায়িকাদের একজন ছিলেন মাহিয়া মাহি। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর একের পর এক সিনেমায় অভিনয় করেছেন তিনি। বাংলাদেশের পাশাপাশি কলকাতার নায়কদের সঙ্গেও জুটি বেঁধেছেন। তবে গত দুই বছরে নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাঁকে। সর্বশেষ বছর দুয়েক আগে ‘রাজকুমার’ সিনেমায় অতিথি চরিত্রে পর্দায় হাজির হয়েছিলেন মাহি। এর আগে ‘বুবুজান’ সিনেমায় অভিনয় করেছিলেন কেন্দ্রীয় চরিত্রে।
অভিনয়ের পাশাপাশি একসময় রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন মাহি। অংশ নিয়েছিলেন জাতীয় সংসদ নির্বাচনে। নির্বাচনে পরাজয়ের পর আবারও সিনেমায় নিয়মিত হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। তবে নতুন কোনো সিনেমায় আর দেখা যায়নি তাঁকে। ফেসবুকে বিভিন্ন পোস্টের কারণে মাঝেমধ্যে আলোচনায় থাকলেও ২০২৫ সালের জুনে দেশ ছাড়ার খবর সামনে এসেছে। অন্যদিকে ২০২৫ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান চিত্রনায়ক সাইমন সাদিক। এর পর থেকে দেশে ফেরেননি তিনি। এর মধ্যে নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিরিজ ‘অ্যানি’তে তাঁর অভিনয়ের খবরও এসেছে। সেই সাইমন ও মাহির অভিনীত ‘আনন্দ অশ্রু’ এবার মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে।
আজ মঙ্গলবার দুপুরে পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, সিনেমাটির মুক্তির প্রস্তুতি চলছে। সিঙ্গেল স্ক্রিনে এখন পর্যন্ত ৩৪টি শো চূড়ান্ত হয়েছে। মাল্টিপ্লেক্সে কতটি শো পাওয়া যাবে, তা আজ-কালের মধ্যে জানা যাবে। নায়ক-নায়িকা দুজনই দেশের বাইরে থাকায় প্রচারণায় কোনো সমস্যা হবে কি না, জানতে চাইলে নির্মাতা বলেন, ‘নায়ক-নায়িকা দেশে না থাকলেও তাঁরা ফেসবুকে প্রচারণা চালাচ্ছেন। এমনিতেও দেশে থাকলে প্রতিষ্ঠিত বেশির ভাগ শিল্পী তাঁদের ফেসবুক পোস্টের মাধ্যমে প্রচারণা চালান। তাঁরা না থাকায় তাই খুব একটা সমস্যা মনে করছি না। তা ছাড়া ছবিটি বেশ কিছুদিন ধরে মুক্তি দেব দেব করেও দেওয়া হচ্ছিল না। এখন ভাবছি, আর দেরি না করি। দর্শকের জন্য বানানো ছবি তাঁদের কাছে পৌঁছে দিই, তাঁরা দেখে বলুক, কেমন লাগছে।’
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ ও শাবনূর অভিনীত ১৯৯৭ সালের আলোচিত সিনেমা ‘আনন্দ অশ্রু’র সঙ্গে নামের মিল থাকলেও নতুন সিনেমাটি পুরোনোটির সিক্যুয়েল নয়। সম্পূর্ণ মৌলিক ও আলাদা গল্পে নির্মিত হয়েছে এটি। পরিচালক একে আখ্যা দিয়েছেন ‘আউট অ্যান্ড আউট রোমান্টিক’ সিনেমা হিসেবে। মোস্তাফিজুর রহমান বলেন, ‘জান্নাত’-এর পর সাইমন-মাহিকে নিয়ে এটি আমার দ্বিতীয় সিনেমা। আগের ‘আনন্দ অশ্রু’র গল্পের সঙ্গে এই সিনেমার গল্পের কোনো মিল নেই। সম্পূর্ণ আলাদা গল্পে নির্মাণ করেছি। নামের ওজন আছে, তবে চাপ নেই। চেষ্টা করেছি ভালো একটি সিনেমা বানাতে। বাকিটা দর্শক দেখে তাঁদের মতামত জানাবেন।’
এটি পরিচালকের ১২তম সিনেমা। সেন্সরসহ যাবতীয় কাজ দুই বছর আগেই শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে মুক্তির উপযুক্ত সময় খুঁজতে গিয়ে এত দিন অপেক্ষা করতে হয়েছে। সিনেমাটি পরিবেশনা করছে অভি কথাচিত্র। এর আগে সাইমন সাদিক ও মাহিয়া মাহিকে নিয়ে ‘জান্নাত’ নির্মাণ করেছিলেন মোস্তাফিজুর রহমান। ২০১৮ সালে মুক্তি পাওয়া সেই সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার স্বীকৃতি পান সাইমন। নতুন ‘আনন্দ অশ্রু’তে তাঁদের সঙ্গে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, আলীরাজ, সুজাতা, নাসরিন ও চিকন আলী। বিশেষ চরিত্রে রয়েছেন জয় চৌধুরী।