
পবিত্র ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজ। সহ-প্রযোজনায় আছে হইচই স্টুডিওস ও সার্বিক সহযোগিতায় রয়েছে ডোপ।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পোস্টার প্রকাশ করে প্রযোজনা প্রতিষ্ঠানটি লিখেছে, ‘একটা ট্রেন। এক রাত। আর সফরসঙ্গী? অনেক গল্প। “বনলতা এক্সপ্রেস”-এ সফরের জন্য প্রস্তুত তো আপনারা?’
‘উৎসব’ বানিয়ে আলোচিত হন নির্মাতা তানিম নূর। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে ছবিটি তৈরি হচ্ছে। চিত্রা নামের এক মেয়ের এক দিনের ট্রেন জার্নির অভিজ্ঞতা নিয়ে সিনেমার কাহিনি। ছবিতে চিত্রা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর।
আরও আছেন শরীফুল রাজ, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, বাঁধন, মম প্রমুখ। এরই মধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে, এখন চলছে পোস্টপ্রোডাকশন।
ছবিটি নিয়ে তানিম নূর বলেন, ‘অসাধারণ শুটিং অভিজ্ঞতা। শিল্পী থেকে শুরু করে কলাকুশলী—সবার আন্তরিক প্রচেষ্টা ছিল। আমরাও একদম সময়মতো কাজটা শেষ করতে পেরেছি। পর্দায় সবার আন্তরিক প্রচেষ্টা দর্শক দেখবেন, কাজটিও তাঁদের মনে আলাদা একটা ছাপ ফেলবে।’
‘উৎসব’-সাফল্য কি ‘বনলতা এক্সপ্রেস’–এর ক্ষেত্রে কোনো চাপ ফেলেছে—এমন প্রশ্নে তানিম নূর বলেন, ‘একদমই না। এটার সাফল্য বরং অনুপ্রেরণা ছিল, নইলে ছবিটি বানাতে আমার আরও দুই বছর বেশি সময় লেগে যেত।’