‘ঈশা খাঁ’ ছবির ট্রেলার ও গানের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন ইলিয়াস কাঞ্চন।
‘ঈশা খাঁ’ ছবির ট্রেলার ও গানের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন ইলিয়াস কাঞ্চন।

আমি নিয়মিত ‘কুরুলুস ওসমান’, ‘সুলতান সুলেমান’ দেখি: ইলিয়াস কাঞ্চন

‘বহুদিন বাংলাদেশে ঐতিহাসিক গল্পের সিনেমা তৈরি হয় না, সিনেমা মুক্তি পায় না। এবার ঐতিহাসিক গল্প নিয়ে “ঈশা খাঁ” সিনেমা মুক্তি পাচ্ছে। বাংলায় অনেক বীর ছিলেন, তাঁদের সম্পর্কে মানুষ জানতে চায়, পর্দায় দেখতে চায়। তেমন একটি চরিত্রের সিনেমা এবার দেখার সুযোগ হচ্ছে দর্শকের,’ বলছিলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘ঈশা খাঁ’ ছবির ট্রেলার ও গানের উদ্বোধন অনুষ্ঠানে এভাবেই বলেন চলচ্চিত্রের এই শিল্পী। ৩০ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘অনেক দিন ধরেই ভাবছিলাম, এ ধরনের ঐতিহাসিক গল্প নিয়ে নিজেই সিনেমা করব বা এমন গল্পের কোনো সিনেমায় অভিনয় করব। কিন্তু তার আগেই ডি এ তায়েব এ ধরনের ছবি বানালেন। তিনি আমার আগেই বানিয়ে ফেললেন। আমার তো হিংসাই হচ্ছে।’
নিজের কাছেও ঐতিহাসিক গল্পের কাজ পছন্দ জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমি নিয়মিতই “কুরুলুস ওসমান”, “সুলতান সুলেমান”সহ বেশ কয়েকটি টার্কিশ সিরিয়াল দেখি। দু-একটি এখন বন্ধ। না দেখতে পেরে আমার খারাপ লাগে। সুতরাং আমি মনে করি, বাংলার ঐতিহ্য, বাংলার বীরত্ব নিয়ে সিনেমা তৈরি হলে মানুষ তা দেখবে। বিষয়টি নিয়ে আমার মতো অনেকেরই আগ্রহ আছে।’

বাংলার বীরদের নিয়ে ঐতিহাসিক সিনেমা বেশি বেশি তৈরির তাগিদ দিয়ে ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘একটা সময় বাংলায় অনেক বীর এসেছেন। আমরা তার কয়টারই–বা খবর রাখি। দেড় শ, দুই শ বছর আগে বীরাঙ্গনা সখিনা ঘোড়ায় চড়ে যুদ্ধ করতেন। সেই সময় একটি মেয়ে কতটা আধুনিক হলে ঘোড়ায় চড়ে যুদ্ধের মাঠে যেতেন, শত্রুদের সঙ্গে তলোয়ার চালিয়ে মুখোমুখি যুদ্ধ করতেন, ভাবা যায়! এসব বীর আমাদের জাগ্রত করতে পারেন, দিকনির্দেশনা দিতে পারেন। এই বীরদের সঠিকভাবে পর্দায় আনতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, প্রদর্শক সমিতির সাবেক উপদেষ্টা মোহাম্মদ হোসেন, চিত্রনায়িকা ও শিল্পী সমিতির নেতা নিপুণ আক্তার, ঈশা খাঁ চরিত্রের ডি এ তায়েব, ছবির শিল্পী রেবেকাসহ অনেকে।

বাংলার বীরদের নিয়ে ঐতিহাসিক সিনেমা বেশি বেশি তৈরির তাগিদ দিয়ে ইলিয়াস কাঞ্চন

‘ঈশা খাঁ’ দেখার আহ্বান জানিয়ে নিপুণ আক্তার বলেন, ‘দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার একটা অভ্যাস তৈরি হচ্ছে। এরই মধ্যে চার-পাঁচটি ছবি দর্শক গ্রহণ করেছেন। “ঈশা খাঁ” একটি ঐতিহাসিক ছবি। এই ছবি থেকে এখনকার দর্শকের অনেক কিছুই জানার আছে, শেখার আছে।’ সিনেমার প্রচারের গুরুত্ব উল্লেখ করে নিপুণ আরও বলেন, ‘একসময় রেডিও, টেলিভিশনে সিনেমার বিজ্ঞাপন যেত, পত্রিকায় বড় বড় বিজ্ঞাপন দিয়ে সিনেমার প্রচার চালানো হতো। সিনেমার খবর জেনে দর্শক হলে আসতেন। এখন প্রচারের সেই প্রচলন নেই। কিন্তু এখনকার সময়ে সংবাদকর্মীদের একটা বড় ভূমিকা আছে। নতুন সিনেমার খবরগুলো সুন্দরভাবে ঘন ঘন প্রকাশ করলে দর্শকেরা সিনেমা সম্পর্কে জানতে পেরে হলে আসবেন। পাশাপাশি চলচ্চিত্রের শিল্পীদেরও এ বিষয়ে ভূমিকা রাখতে হবে।’
অনুষ্ঠান শেষে বড় পর্দায় ছবিটির ট্রেলার ও একটি গান দেখানো হয়। এদিন ছেলে আব্রাম খানের জন্মদিন থাকার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ছবির নায়িকা অপু বিশ্বাস। ডায়েল রহমান পরিচালিত ‘ঈশা খাঁ’ ছবিতে আরও অভিনয় করেছেন অমিত হাসান, ডন, আনহা তামান্না প্রমুখ।