
ছিল উন্মুক্ত প্রদর্শনী। তবে প্রদর্শনী শেষে মুগ্ধ আমজনতা স্বেচ্ছায় অনুদান দিলেন পরিচালককে। যে যাঁর ইচ্ছামতো অনুদান দিয়েছেন। দর্শকের এমন অকৃত্রিম ভালোবাসা, সম্মানে আপ্লুত হয়েছেন সিনেমাটির নির্মাতা। সম্প্রতি মুক্তি পাওয়া ‘সাঁতাও’ ছবির প্রদর্শনীতে এমন ঘটনা ঘটেছে।
রোববার রাতে কুড়িগ্রামের চিলমারী সরকারি এইউ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ‘সাঁতাও’-এর উন্মুক্ত প্রদর্শনী হয়। পঞ্চম পণ্ডিত বইমেলার সমাপনী দিনে বইমেলার আয়োজক কমিটি টিকিট ছাড়াই রংপুরের আঞ্চলিক ভাষার চলচ্চিত্র ‘সাঁতাও’ প্রদর্শনীর ব্যবস্থা করে।
প্রদর্শনীতে ‘সাঁতাও’ নির্মাতা খন্দকার সুমনও উপস্থিত ছিলেন। সিনেমা দেখার পর দর্শকদের প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত হন সুমন। কোনো কোনো দর্শক সরাসরি নির্মাতার সঙ্গে কথা বলেও সিনেমার বিষয়ে প্রশংসা করেন। সিনেমার নানা দিক আলোচনা করেন তাঁরা।
রোববার রাতে ‘সাঁতাও’-এর নির্মাতা খন্দকার সুমন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গণ-অনুদানের অর্থে সিনেমাটি নির্মিত হয়েছে। চিলমারী স্কুল মাঠে পনেরো শতাধিক দর্শক ‘সাঁতাও’ দেখে গণ-অনুদান দিয়েছেন। দারিদ্র্যপীড়িত মানুষের গল্প সিনেমায় দেখানো হয়েছে। সিনেমা শেষে এ অঞ্চলের দরিদ্র নারী-পুরুষ ভালোবেসে মন থেকে যেভাবে গণ-অনুদান দিয়েছেন, সেটা পরম প্রাপ্তি।
খন্দকার সুমন বলেন, দারিদ্র্যসহ নানা সংকটের মধ্যেও রংপুর অঞ্চলের মানুষ যে সুখী এবং দিন শেষে তাঁরা জীবনটা উদ্যাপন করেন, সেই চিত্রই সিনেমায় তুলে ধরা হয়েছে। তিনি আরও বলেন, এটা উত্তরাঞ্চলের গল্প হলেও সারা পৃথিবীর শিকড় ছাড়া মানুষের গল্প।
উন্মুক্ত প্রদর্শনীতে পুরো সিনেমাটি দেখেছেন চিলমারী চর শাখাহাতী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিথিলা পারভীন। সিনেমা দেখে প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘রংপুর অঞ্চলের কাহিনি ছবিতে দেখানো হয়েছে। মনে হয়েছে, ছবিতে আমাদেরই গল্প বলা হয়েছে। দেখে ভীষণ ভালো লেগেছে।’
রংপুর অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনঘনিষ্ঠ সিনেমা ‘সাঁতাও’। এরই মধ্যে ঢাকা চলচ্চিত্র উৎসবে জিতে নিয়েছে সেরা ছবির পুরস্কার। কিছুদিন আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেরা প্রযোজনা ও পরিকল্পনা ক্যাটাগরিতে পুরস্কার দিয়েছে। নানা চড়াই-উতরাই পেরিয়ে গত জানুয়ারিতে ঢাকাসহ দেশের পাঁচটি সিনেমা হলে মুক্তি দেওয়া হয়।
২০১৬ সালে সিনেমার জন্য একটি গল্প ভেবেছিলেন লালমনিরহাটের যুবক খন্দকার সুমন। সেই গল্পই পর্দায় রূপ দিয়েছেন তিনি। বিভিন্ন মহলে সিনেমাটি নিয়ে আলোচনা হচ্ছে। কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে সিনেমাটির প্রদর্শনী হয়। সেখানে টিকিট না পেয়ে সিনেমা না দেখেই অনেক দর্শককে ফিরে যেতে হয়।
বিশ্ববিদ্যালয়ের বাইরে চিলমারীতেই প্রথম বিকল্প পদ্ধতিতে ‘সাঁতাও’-এর প্রদর্শনী হলো বলে জানালেন নির্মাতা খন্দকার সুমন। তিনি বলেন, প্রদর্শনীতে সব শ্রেণির মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন, বিশেষ করে সিনেমা দেখে নারীদের যে প্রতিক্রিয়া, তা দেখে তিনি মুগ্ধ হয়েছেন, অনুপ্রাণিত হয়েছেন, যা চিরস্মরণীয় হয়ে থাকবে।
১ মার্চ চিলমারীতে পাঁচ দিনব্যাপী পঞ্চম পণ্ডিত বইমেলা শুরু হয়েছিল। ৫ মার্চ সমাপনী দিনের বিশেষ আকর্ষণ ছিল সিনেমাটির প্রদর্শনী। যে দেখতে ভিড় করেন শত শত মানুষ।
পণ্ডিত বইমেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক নাহিদ হাসান বলেন, টাকা ছাড়া রংপুরের গরিব মানুষের কথা বলা হয়েছে ‘সাঁতাও’ ছবিতে। তাই মানুষ যাতে টাকা ছাড়া, টিকিট ছাড়া ছবিটি দেখতে পারেন, সেই ব্যবস্থা করেছেন তাঁরা। তারপরও মানুষ ছবি দেখা শেষে যাঁর যাঁর ইচ্ছা অনুযায়ী অনুদান দিয়েছেন, সম্মানী দিয়েছেন। মেলার স্বেচ্ছাসেবকেরা বক্স ফেরি করে অনুদানের অর্থ সংগ্রহ করেছেন। সেই অর্থ তাঁরা নির্মাতার হাতে তুলে দেবেন।
সারা দেশে সিনেমাটি বিকল্প প্রদর্শনীর পরিকল্পনা আছে নির্মাতা খন্দকার সুমনের। ৯, ১০ ও ১১ মার্চ লালমনিরহাটের তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চবিদ্যালয়ে ও ১৪ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সাঁতাও’-এর প্রদর্শনী হবে।
গ্রামের কৃষক ফজলু বিয়ের পর বুঝতে পারে নতুন সংসারে পুতুল একাকিত্ব অনুভব করছে। পুতুলের একাকিত্ব দূর করতে ফজলু একটি গাভি কিনে আনে। পুতুল তার সংসারে নতুন সঙ্গী পেয়ে বাবার বাড়ি ছেড়ে আসার কষ্টগুলো কিছুটা ভুলতে শুরু করে। এদিকে নদীর উজানে একের পর এক বাঁধের কারণে ভাটি অঞ্চল শুকিয়ে যাচ্ছে। এমন প্রতিকূল পরিবেশে ফজলুর মতো কৃষকদের কৃষিকাজে নানান সমস্যা সম্মুখীন হতে হয়। সামাজিক বাস্তবতার চিত্রই গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। পরিচালনার পাশাপাশি সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খন্দকার সুমন। বিভিন্ন চরিত্রে পুতুল ও ফজলুল হক ছাড়াও অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন, স্বাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস, তাসমিতা শিমু, মিতু সরকার, ফারুক শিয়ার, আফরিনা বুলবুল, রুবল লোদী, আলমগীর কবীর, রবি দেওয়ান, দীনবন্ধু পাল।