অভিনেত্রী আজমেরী হক বাঁধন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। নিজের কাজের খবর তো বটেই, মাঝেমধ্যেই প্রকাশ করেন দিনযাপনের গল্প, নিজের দর্শন। গতকাল সোমবার রাতে এক ফেসবুক পোস্টে জীবন ও ক্যারিয়ার নিয়ে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন তিনি।
ইংরেজিতে লেখা পোস্টের শুরুতেই বাঁধন লিখেছেন, ‘এটা আমার জীবনের দ্বিতীয় সেরা বছর—ক্যারিয়ারের দিক থেকে। আলহামদুলিল্লাহ। কী দারুণ একটা সময়ই না কাটছে!’
পরে বিস্তারিত তুলে ধরে তিনি আরও লিখেছেন, ‘আমি অনেক কিছু দেখেছি। এমন সব অভিজ্ঞতার ভেতর দিয়ে গিয়েছি, যা আমাকে এমনভাবে গড়ে তুলেছে, যা আমি কখনো কল্পনাও করিনি। সব অভিজ্ঞতা সুন্দর ছিল না—কিছু ছিল ভীষণ কষ্টের, কিছু ছিল ভাঙনের। তবু আমি প্রতিটা মুহূর্ত টিকে গেছি। আমার ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর বিশ্বাস—এই তিনই আমাকে টিকিয়ে রেখেছে।’
পোস্টে তাঁর ওপর ভরসা রাখা নির্মাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান অভিনেত্রী। তাঁর ভাষ্যে, ‘যেসব পরিচালক আমার ওপর ভরসা রেখেছেন, আমাকে একজন শিল্পী হিসেবে নিজেকে আবিষ্কার করার সুযোগ দিয়েছেন—তাঁদের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। আপনাদের বিশ্বাস আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল। আর আমি কৃতজ্ঞ মহান আল্লাহর কাছে এবং নিজের কাছেও—কখনো হাল না ছাড়ার জন্য। কারণ, এমন অনেক মুহূর্ত এসেছে, যখন সবকিছু ক্লান্তিকর লেগেছে, শ্বাসরুদ্ধকর মনে হয়েছে, এগিয়ে যাওয়াটাই অসম্ভব মনে হয়েছে, তবু আমি থামিনি।’
৪০ বছর বয়সের পর জীবন নিয়ে নিজের উপলব্ধির কথা জানিয়ে বাঁধন আরও লিখেছেন, ‘এটাই জীবন। আর আজ আমি বলতে পারি—আমি জীবনকে ভালোবাসি। ৪০–এর পর মনে হচ্ছে, এটা যেন এক নতুন শুরু—একটা শক্তিশালী, নির্ভীক শুরু। আর আমি নিজেকে কথা দিচ্ছি—এই জীবনে আমি পুরোপুরি বাঁচব, গভীরভাবে অনুভব করব, আর প্রতিটি মুহূর্ত উপভোগ করব।’