শাকিব, সিয়াম, রাজ, নিশো—ঈদের কার সিনেমার বাজেট কত

ঈদে মুক্তি পেয়েছে ৫টি সিনেমা। ছবি: কোলাজ
ঈদে মুক্তি পেয়েছে ৫টি সিনেমা। ছবি: কোলাজ

ঢালিউডে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায় ঈদের সিনেমা। একসঙ্গে আলোচিত তারকাদের সিনেমা ঈদে মুক্তি পেয়েছে। সেসব সিনেমাগুলো ঘিরেই দর্শকদের কৌতূহল। কে কোন সিনেমা দেখবেন, সেই হিসাব কষছেন। এর মধ্যেই ট্রেলার টিজার ও প্রচারণা ঘিরে আলোচনায় রয়েছে ঈদের সিনেমার বাজেট। এই বাজেটে একটি অন্যটিকে ছাড়িয়ে যাওয়ার আভাস। ঈদের কোন সিনেমার বাজেট কত? বাজেটে শাকিব, সিয়াম, রাজ, নিশো—কে এগিয়ে?

‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার পোস্টার প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজ

‘বনলতা এক্সপ্রেস’


গত বছর ঈদে আলোচনায় আসে তানিম নূর পরিচালিত সিনেমা ‘উৎসব’। এই সিনেমার পর এবার ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন তানিম। তিনি জানান, ঈদে সিনেমাটি শুধুই মাল্টিপ্লেক্সের শাখাগুলোতে মুক্তি পাচ্ছে। গত বছরও একই পথে হেঁটেছিলেন। চেনা পথেই এবারও পা বাড়াতে চান। এদিকে সিনেমাটির প্রচার ঘিরে আলোচনায় রয়েছে। তারকাবহুল সিনেমাটি নিয়ে শুরু থেকেই শোনা যাচ্ছিল বড় বাজেটের। এ প্রসঙ্গে পরিচালক তানিম নূর বলেন, ‘আমাদের সিনেমার প্রয়োজনে যে বাজেট দরকার, সেটাই পেয়েছি। সিনেমার বাজেট নিয়ে আমাদের কোনো তথ্য প্রকাশ করতে বাধা নেই।  সিনেমার বাজেট চার কোটির কাছাকাছি।’ সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, আজমেরী হক বাঁধন, সাবিলা নূরসহ অনেকে।

‘দম’ সিনেমার পোস্টার। নির্মাতার ফেসবুক থেকে

‘দম’
ঈদের আলোচিত সিনেমার একটি ‘দম’। সিনেমা দিয়ে তৃতীয়বারের মতো পর্দায় আসছেন আফরান নিশো। নায়িকা হিসেবে রয়েছেন পূজা চেরী। সিনেমার শুটিং হয়েছে কাজাখস্তানে। সিনেমার জন্য বিশাল আয়োজন ছিল, যা সিনেমার ট্রেলার ও টিজারে প্রকাশ পেয়েছে। তবে সিনেমার বাজেট নিয়ে আপাতত কথা বলতে চান না প্রযোজক শাহরিয়ার শাকিল। তিনি জানান, দেশের সিনেমা অঙ্গনে এখনো কোনো বক্স অফিস নেই। যে কারণে আয়–ব্যয় নিয়ে কোনো কথা বলতে চান না। ‘আমাদের “দম” সিনেমাটি বড় বাজেটের। এর আগে “তুফান” ছিল বড় বাজেটের। সেই বাজেট এবার ছাড়িয়ে গেছে। এটুকু বলব, এটাই এখন পর্যন্ত আমাদের বড় বাজেটের সিনেমা।’  

‘রাক্ষস’–এর পোস্টারে সুস্মিতা ও সিয়াম। ছবি: ফেসবুক থেকে

‘রাক্ষস’
শাকিব খানকে নিয়ে ‘বরবাদ’ সিনেমার পর এবার সিয়াম আহমেদকে নিয়ে নতুন সিনেমা ‘রাক্ষস’ নিয়ে আসছেন পরিচালক মেহেদী হাসান। তবে বড় বাজেটের ‘বরবাদ’–এর চেয়ে কোনো অংশেই নাকি কম ছিল না সিয়ামের এই সিনেমার বাজেট। প্রযোজক শাহরিন আক্তার বলেন, ‘আমাদের কাছে তারকা কে থাকছেন, তার চেয়ে বড় বিষয়, সিনেমাটা ভালোভাবে শেষ করা। যে কারণে এটাও বড় বাজেটের সিনেমা। “বরবাদ”–এর চেয়ে কোনো অংশে ছাড় দিয়ে কাজ করিনি। যা যা দরকার ছিল, করেছি। আমাদের সিনেমার পেছনে মুক্তির পরও নানা উদ্দেশ্যে খরচ রয়েছে। যে কারণে আমরা এখনই আপাতত বাজেট বলতে চাই না।’ একই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘বরবাদ’–এর বাজেট ছিল ১০ কোটি বেশির। তবে নির্দিষ্ট করে না বললেও একটি সূত্র জানায় ‘রাক্ষস’ সিনেমার বাজেট ১০ কোটির অনেক কম।

‘প্রেশার কুকার’ ছবির পোস্টার

‘প্রেশার কুকার’
‘তাণ্ডব’ সিনেমার পর ঈদে ‘প্রেশার কুকার’ নিয়ে আসছেন পরিচালক রায়হান রাফী। এর আগে তাঁর নির্মিত সিনেমা ‘তাণ্ডব’ ও ‘তুফান’–এর বাজেট ছিল সাড়া জাগানো। সেখানে এবার রাফীর সিনেমার বাজেট কত? এমন প্রশ্ন করতেই এই পরিচালক সঙ্গে সঙ্গে বললেন, ‘আমার সিনেমার বাজেট লিমিটেড।’ আপনি তো এর আগে বড় বাজেটে সিনেমা বানিয়েছেন, সেখানে হঠাৎ করে কেন কম বাজেটের সিনেমা নিয়ে এলেন? রাফী বলেন, ‘আপনি যদি “তুফান” ও “তাণ্ডব” সিনেমার সঙ্গে তুলনা করেন, তাহলে আমাদের সিনেমা বড় বাজেটের। আগের মতোই গল্পের প্রয়োজনে আমাদের এই সিনেমার বাজেট যা দরকার ছিল, সেটা ঠিক। আমরা শুধু শুধু কোনো অপচয় করিনি। তাহলে বহু টাকা খরচ করতে পারতাম। বাংলাদেশের এই সিনেমা বাজার থেকে একটা সিনেমা যে অর্থ আয় করতে পারে, তার জন্য যে বাজেট দরকার, সেটাই আমরা খরচ করেছি। মার্কেট বুঝে খরচ না করলে আমি টাকা ওঠাব কীভাবে?’ তবে কত কোটি টাকা সেটা বলতে চান না। একটি সূত্র জানায় সিনেমার বাজেট আড়াই থেকে থেকে তিন কোটি টাকা।

‘প্রিন্স’–এর টিজারে শাকিব খান। ভিডিও থেকে

‘প্রিন্স’
ঈদে সব সময়ই আলোচনায় থাকে শাকিব খানের সিনেমা। এবারও তার ব্যতিক্রম কিছু নয়। টিজার ঘিরে আলোচিত ‘প্রিন্স’ নিয়ে ভক্তদের সবচেয়ে বেশি বলতে শোনা গেছে সিনেমা বড় বাজেটের। কেউ কেউ এটাও বলছেন সিনেমা শাকিবের ক্যারিয়ারের সবচেয়ে বেশি বাজেটের সিনেমা। কত কোটি বাজেট, সেই প্রশ্নের মুখোমুখি হন পরিচালক আবু হায়াত মাহমুদ। তিনি বলেন, ‘শাকিব খানের একটি সিনেমার জন্য স্ট্যান্ডার্ড একটি বাজেট দরকার হয়। আমরা চেষ্টা করেছি, সেই বাজেটে সিনেমাটি বানাতে। আমাদের যা দরকার ছিল, সেটা দিয়েই বানিয়েছি। কোনো ছাড় দিইনি।’ কত টাকা, সেটা বলতে চান না। তবে শাকিব–সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা যায়, বর্তমানে ঢালিউড এই নায়কের বাজেট ও সিনেমার নির্মাণ ব্যয় ৯-১২ কোটি টাকা।