প্রার্থনা ফারদিন দীঘি
প্রার্থনা ফারদিন দীঘি

‘বিদায়’ নিয়ে ফিরছেন দীঘি

গত বছরের ঈদে মুক্তি পাওয়া  ‘জংলি‘সিনেমার মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সেই ধারাবাহিকতা ধরে রেখে আসন্ন ঈদুল আজহায় তিনি ফিরছেন নতুন সিনেমা ‘বিদায়’ নিয়ে।

পরিচালক মেহেদী হাসানের এই ছবিটি শুটিং শুরুর পর থেকেই ছিল আলোচনায়। গত বছরের অক্টোবরে সুনামগঞ্জে শুরু হওয়া শুটিং শেষ করার পরিকল্পনা ছিল চলতি বছরের ঈদুল ফিতরে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় মুক্তি পিছিয়ে যায়। একই সময়ে নির্মাতা তাঁর আরেকটি ছবি ‘রাক্ষস‘–এর কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, যা এবারের ঈদে মুক্তি পেয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ঈদুল আজহায় ‘বিদায়’ মুক্তি প্রায় নিশ্চিত। খুব শিগগির ছবিটির বাকি অংশের শুটিং শুরু হবে।

প্রার্থনা ফারদিন দীঘি

এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘ছবিটির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং মালয়েশিয়ায় বাকি রয়েছে। পাশাপাশি একটি গানের কাজও এখনো শেষ হয়নি। খুব শিগগিরই শিডিউল চূড়ান্ত হবে। দারুণ একটি গল্পে ছবিটি তৈরি হচ্ছে—এ ধরনের গল্প আমাদের এখানে খুব একটা দেখা যায় না।’

জানা গেছে, ‘বিদায়’–এ প্রচলিত অর্থে কোনো একক নায়ক নেই; বরং গল্পই এখানে মুখ্য। এতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবু।

ছবিটি নিয়ে নিজের প্রত্যাশা জানিয়ে দীঘি বলেন, ‘বিদায় এমন একটি গল্প, যা শুধু দেখার জন্য নয়, মনে রাখার মতো। এতে আবেগ ও বাস্তবতার মিশেল আছে, নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পাওয়ার মতো অনেক মুহূর্ত রয়েছে। দর্শক হলে থেকে বের হওয়ার পরও গল্পটি তাঁদের ভেতরে রয়ে যাবে, এমনটাই বিশ্বাস করি। পরিবার নিয়ে দেখার মতো একটি কাজ এটি।’

প্রার্থনা ফারদিন দীঘি

ছবির প্রযোজকও বলেন, ‘অনেকে জানতে চান, আমাদের সিনেমার নায়ক কে। আমি বলব, এই সিনেমার গল্পই নায়ক। এটি একটি মানবিক ও সচেতনতামূলক গল্প, যা পরিবার নিয়ে দেখার মতো।’

‘বিদায়’ –এর পাশাপাশি দীঘি আরেকটি কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন। সুমন ধর পরিচালিত একটি ওয়েব সিনেমার শুটিং ইতিমধ্যে শেষ করেছেন তিনি, সেটিও ঈদুল আজহায় মুক্তির সম্ভাবনা রয়েছে।