‘রকস্টার’–এ সাবিলা ও শাকিব। ভিডিও থেকে
‘রকস্টার’–এ সাবিলা ও শাকিব। ভিডিও থেকে

আমার আর শাকিব ভাইয়ের রসায়ন এক্সপ্লোর করার অনেক জায়গা ছিল: সাবিলা

প্রেক্ষাগৃহে এখন চলছে আজমান রুশোর সিনেমা ‘রকস্টার’। ছবিতে জুটি হয়েছেন শাকিব খান ও সাবিলা নূর। সম্প্রতি ক্যাপিটাল ইন্টারটেইনমেন্টের ‘টক অব দ্য ক্যাপিটাল’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সাবিলা। অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় এই অনুষ্ঠানের ‘রকস্টার’ সিনেমা ও নানা প্রসঙ্গে কথা বলেন সাবিলা।  

‘রকস্টার’ নিয়ে সাবিলা বলেন, ‘এটা অনেক ব্যতিক্রমী সিনেমা হতে যাচ্ছে। কারণ, এখানে যেভাবে শাকিব ভাই নিজেকে যেভাবে প্রেজেন্ট করেছেন, আগে তিনি যা করেছেন, সেটার চেয়ে একেবারেই আলাদা। সিনেমার জনরাটাও অন্য রকম—এটা মিউজিক্যাল রোমান্টিক সিনেমা। এখানে আমার আর শাকিব ভাইয়ের রসায়ন এক্সপ্লোর করার অনেক জায়গা ছিল। আমি খুবই সৌভাগ্যবান কারণ, শাকিব ভাইয়ের সঙ্গে দ্বিতীয় প্রকল্পেই আমি এ ধরনের একটা ছবিতে সুযোগ পেয়েছি। যেখানে অভিনয় করার সুযোগ ছিল। সেখানে মীরা চরিত্রের সঙ্গে আগুন চরিত্রের একটা কেমেস্ট্রি। দর্শকেরা এটা কীভাবে নেন, সেটা জানার জন্য মুখিয়ে আছি। কারণ, এটা একেবারে অন্য রকম একটা সিনেমা।’

‘রকস্টার’–এর পোস্টারে শাকিব খান ও সাবিলা নূর। প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

গত বছর পবিত্র ঈদুল আজাহায় রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে প্রথম জুটি বাঁধেন সাবিলা। এরপর চলতি বছরের পবিত্র ঈদুল ফিতরে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’–এ শরীফুল রাজের সঙ্গে দেখা যায় তাঁকে। আর এবারের ঈদুল আজহায় এল ‘রকস্টার’; অর্থাৎ টানা তিন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেল সাবিলার সিনেমার।

বিষয়টি নিয়ে সাবিলা বলেন, ‘এটা নিয়ে আমি সেভাবে আলাদা করে ভাবিনি। যখন সবাই বলছিল, নিজেকে সৌভাগ্যবান বলে মনে হচ্ছিল। আরেকটা বিষয় হলো, তিনটাই আলাদা ধরনের সিনেমা। যেমন “তাণ্ডব” বাণিজ্যিক সিনেমা, সেখানে “লিচুর বাগানে” ধরনের গান ছিল। একদম আলাদা হলো “বনলতা এক্সপ্রেস”; আগের সিনেমার চরিত্রের সঙ্গে কোনো মিল নেই। “বনলতার এক্সপ্রেস”–এর চিত্রের চেয়ে “রকস্টার”–এর মীরা একেবারে আলাদা।’ পরপর তিন ঈদে ভিন্নধর্মী তিন চরিত্রে সুযোগ পেয়ে নিজেকে সৌভাগ্য হিসেবেও উল্লেখ করেন এই অভিনেত্রী।

‘রকস্টার’–এ শাকিব ও সাবিলা। ভিডিও থেকে

দীর্ঘদিন নাটকে কাজ করে সিনেমায় আসা প্রসঙ্গে সাবিলা বলেন, তাঁর ইচ্ছা ছিল, নাটকে তাঁর ‘পাশের বাড়ির মেয়ে’ টাইপ ইমেজ যেটা হয়েছিল, সিনেমায় যেন সেটা ভেঙে যায়। দর্শকেরা যেন চমকে যান। ‘তাণ্ডব’ দিয়ে, বিশেষ করে সিনেমার গান ‘লিচুর বাগানে’ দিয়ে সেটা করতে পেরেছেন বলেও মনে করেন সাবিলা।

সিনেমায় শাকিব খানকে দেখা গেছে এক সংগীতশিল্পীর চরিত্রে। আজমান রুশোর গল্পে নির্মিত ছবিতে একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান-পতন এবং বাস্তব অভিজ্ঞতার নানা দিক তুলে ধরা হয়েছে। আজমান রুশো জানান, নির্মাণে আসার আগে তিনি নিজেও সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। নিজের জীবন ও বাস্তব জীবনের রকস্টারদের নানা অভিজ্ঞতার মিশেলে তিনি এই গল্প তৈরি করেছেন। সিনেমাটিতে শাকিবের সঙ্গে আরও আছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলা ও সুনিধি নায়েক।

সিনেমাটির বেশির ভাগ গানের কথা লিখেছেন ও সুর করেছেন আহমেদ হাসান সানি। গানগুলোয় কণ্ঠও দিয়েছেন তিনি। সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব। অঞ্জন চৌধুরী নিবেদিত সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব ও সামিউল ভূঁইয়া। সিনেমাটির এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার চরকি। সিনেমাটির সব গান মুক্তি পাচ্ছে এসভিএফ মিউজিক, চরকি, বিলিং মিউজিকের অফিশিয়াল চ্যানেলে।