বাপ্পারাজ
বাপ্পারাজ

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন চলচ্চিত্র অভিনেতা বাপ্পারাজ। খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন তিনি। জানিয়েছেন, ব্যক্তিগত কিছু কারণে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন তিনি।

বাপ্পারাজ। ছবি: ফেসবুক থেকে

প্রথম আলোকে বাপ্পারাজ বলেন, ‘আমার ব্যক্তিগত কিছু কারণ রয়েছে। এর মাঝে ব্যবসায়িক কারণ একটি। নির্বাচন করে যদি সময় না দিতে পারি, তাহলে বিষয়টা ভালো দেখায় না। তাই নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত।’

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন সামনে রেখে এফডিসিপাড়ায় নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থী, জোট ও প্যানেল নিয়ে শিল্পী ও সংশ্লিষ্ট মহলে এখন সরগরম আলোচনা।

বাপ্পারাজের সরে দাঁড়ানোর ঘোষণার পর শিল্পী সমিতির নির্বাচনের সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। সভাপতি পদে শেষ পর্যন্ত কারা মাঠে থাকবেন, তা নিয়ে চলচ্চিত্র মহলে চলছে বিস্তর আলোচনা ও হিসাব-নিকাশ।