
পেশাদারি নাট্যচর্চার আন্দোলনে একাত্মতা ঘোষণা করে বিজয়ের মাসে আত্মপ্রকাশ করল থিয়েটার দল ‘ড্রামাশপ’। ‘নাট্যযজ্ঞে ঋদ্ধ হয়ে রাঙাব পৃথিবী’ স্লোগানে সাংস্কৃতিক অঙ্গনের সমমনা একঝাঁক তরুণ একত্র হয়ে অবশেষে যাত্রা করল নব-উদ্দীপনায়। নতুন এ থিয়েটার সংগঠনটি এরই মধ্যে দলের প্রথম প্রযোজনা ‘দ্বৈত মানব’ নিয়ে সেগুন বাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নিয়মিত মহড়া করছে নিয়মিত।
নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন এইচ আর অনিক। ‘ড্রামাশপ’-এর কার্যক্রম সম্পর্কে দলটির অন্যতম সংগঠক খোরশেদ আলম বলেন, নাট্যচর্চার পাশাপাশি একধরনের সামাজিক ও দেশাত্মবোধের দায় থেকে আমাদের পথযাত্রা শুরু। আমরা চাই, নাটকের আবেদনে বিশ্ব মানবতা জেগে উঠুক সত্য-সুন্দরের অপার চেতনায়। একই সঙ্গে থিয়েটারচর্চায় পেশাদারি প্রতিষ্ঠায় সকল নাট্যদলের সঙ্গে আমরা এগিয়ে যেতে চাই সহযাত্রী হয়ে।
তিনি জানান, প্রযোজনাকেন্দ্রিক কিছু সংখ্যক নাট্যকর্মী নেবে ‘ড্রামাশপ’। রাজধানীতে বসবাসরত আগ্রহীরা ০১৯১৫-২৭৫৫৭৭,০১৯১৯-১৬১৯৭১, ০১৮১৯-৫৪০৮০৫ মুঠোফোন নম্বরে যোগাযোগ করে বিস্তারিত তথ্য পাবে।