
মরক্কোতে ৩৫তম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থিয়েটার উৎসবে অংশ নিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা। ‘অস্বীকৃতি’ দিয়ে সেরা নারী পারফরমারের স্বীকৃতি পেলেন দলটির সদস্য মৌসুমী মৌ। মরক্কোর কাসাব্লাংকা শহরে হয় পুরস্কার প্রদান অনুষ্ঠান। মৌয়ের হাতে সেরা পারফরমারের পুরস্কার তুলে দেওয়ার সময় পাশে ছিলেন বাংলাদেশ দলের দলনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তাওহিদা জাহান।
ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের (ডুমা) প্রযোজনা ‘অস্বীকৃতি’ মঞ্চে আনা হয় ২০১৭ সালে। ওই বছর ঢাকার কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে এটির প্রথম মঞ্চায়ন হয়। এরপর দেশের পাশাপাশি দেশের বাইরে ভারত ও দক্ষিণ কোরিয়া মিলিয়ে এই প্রযোজনা দুই শতাধিক মঞ্চায়ন হয়েছে।
৩৫তম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থিয়েটার উৎসবে যুগ্মভাবে সেরা পারফরমার নির্বাচিত হয়েছেন মরক্কোর সামিয়া। ‘ব্ল্যাক লাইন’ নামের একটি প্রযোজনায় অভিনয় করে তিনি এই পুরস্কার পান। মরক্কোর প্রাচীন শহর কাসাব্লাংকায় অবস্থিত দ্বিতীয় হাসান ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয় ৩৫তম নাট্যোৎসব। এতে ফ্রান্স, জার্মানি, ইতালি, মরক্কো, তিউনিসিয়া ও সৌদি আরবের শিল্পীদের পাশাপাশি অংশ নিয়েছিলেন বাংলাদেশের শিল্পীরা।
‘অস্বীকৃতি’ নির্দেশনা দিয়েছেন শাহরিয়ার শাওন। যুগ্মভাবে সেরা পারফরমার নির্বাচিত হওয়া বাংলাদেশের মৌসুমী মৌ মরক্কো থেকে আজ শনিবার দুপুরে প্রথম আলোকে বললেন, ‘১১ বছর ধরে মূকাভিনয় করছি। পেশায় একজন উপস্থাপক হলেও জীবনে যে কয়টা দেশে যাওয়ার সুযোগ হয়েছে, তা মূকাভিনয়ের বদৌলতে। এবারের আয়োজনে সমাপনী অনুষ্ঠানের মুহূর্তটা আমার কাছে এখনো স্বপ্নের মনে হচ্ছে। সাতটা বিভাগের কোনো একটায় যদি আমরা কিছু একটা পেতাম, তাতেই খুব ভালো লাগত। কিন্তু যে মুহূর্তে মনোনীত চার নারী অভিনয়শিল্পীর নাম ঘোষণা করল, তাতেই আমি খুশি। এরপর যিনি অ্যাওয়ার্ড ঘোষণা করবেন, তিনি যখন শুরুতে আমার নাম বললেন, বুঝিনি তখনো। বসে আছি। এরপর যৌথভাবে মরক্কোর অভিনেত্রী সামিয়ার নাম ঘোষণা করল। আমি বসে আছি। তারপর যখন সবাই চিৎকার করল মৌসুমী বলে, তখন মঞ্চে দৌড়ে গেছি।’
মৌসুমী মৌ এও বললেন, ‘পরিবেশনার শেষ দিনে আয়োজকদের একজন কাসাব্লাঙ্কার দ্বিতীয় হাসান ইউনিভার্সিটির অধ্যাপক খালিদ লাহলো বলেছিলেন, সাচ আ ব্রিলিয়ান্ট অ্যাকট্রেস ইউ আর (তুমি কী দুর্দান্ত অভিনেত্রী)।
পুরস্কার গ্রহণ করে যখন মঞ্চ থেকে নামব, তখন প্রফেসর খালিদ বললেন, তুমি দুর্দান্ত অভিনেত্রী, এটা তো তোমাকে গতকালই বলেছিলাম—এটাই আমার জন্য সবচেয়ে বড় স্বীকৃতি। ইতালি, ফ্রান্স, জার্মানি, তিউনিসিয়া, সৌদি আরব ও মরক্কো দলে নারী পারফরমারের সংখ্যা বেশি। সেখানে আমি সেরা নারী পারফরমার হব, কল্পনাও করিনি। আমাদের দলপ্রধান তাওহীদা জাহান ম্যাম সব সময় অনুপ্রেরণা দিয়েছেন। মনোনয়ন ঘোষণার সময়ই তিনি নাকি বুঝে গেছেন, আমি পুরস্কার পাব। কৃতজ্ঞতা আমার মাইমগুরু মীর লোকমান, অস্বীকৃতির ডিরেক্টর শাহরিয়ার শাওন ও আমার পুরো টিমকে।’
গত বৃহস্পতিবার ‘অস্বীকৃতি’, ‘চেয়ার: দ্য সাইন অব পাওয়ার’, ‘ভালোবাসা’ এবং ‘অতঃপর, সুবোধ পালাবে না আর’-চারটি স্কেচ নিয়ে ৪০ মিনিটের প্রযোজনাটি পরিবেশন করেছেন বাংলাদেশের শিল্পীরা। মাইম অ্যাকশন ও মূকাভিনয়ের একাডেমিক প্ল্যাটফর্ম ইনস্টিটিউট অব মাইম অ্যান্ড মুভমেন্টের সমন্বয়ে পরিবেশিত হয়েছে প্রযোজনাটি। ২৪ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব শেষ হয় আজ।
মীর লোকমানের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি ‘না বলা কথাগুলো না বলেই হোক বলা’ স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত হয় ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা)। ইতিমধ্যে দেশ-বিদেশে সাত শতাধিক প্রদর্শনীতে অংশ নিয়েছে সংগঠনটি। ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় মূকাভিনয় শিক্ষার একাডেমিক প্ল্যাটফর্ম ইনস্টিটিউট অব মাইম অ্যান্ড মুভমেন্ট (আইএমএম)। বিভিন্ন সময় তারা অংশ নিয়েছে ভারত, দক্ষিণ কোরিয়া, চীন ও আর্মেনিয়ায় অনুষ্ঠিত মূকাভিনয় প্রদর্শনীতে।