২০০১ সালে প্রতিষ্ঠিত হয়েছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন
২০০১ সালে প্রতিষ্ঠিত হয়েছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন

প্রাচ্যনাট স্কুলের রজতজয়ন্তী উৎসব আজ থেকে

রজতজয়ন্তী উৎসবের আয়োজন করেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন। আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় হবে ‘প্রাচ্যনাট স্কুলের রজতজয়ন্তী উৎসব’। এতে ৫০তম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ করা হবে।

প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন জানিয়েছে, উৎসবে ১ম থেকে ৫০তম ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, প্রশিক্ষক, নাট্যব্যক্তিত্ব ও সংস্কৃতিপ্রেমীরা অংশ নেবেন। উৎসবজুড়ে থাকবে ৫০তম ব্যাচের সমাপনী প্রযোজনা, স্মৃতিচারণা, সম্মাননা, সাংস্কৃতিক পরিবেশনা, পুনর্মিলনী ও প্রাচ্যনাট স্কুলের ২৫ বছরের পথচলার বিশেষ আয়োজন।

আজ সন্ধ্যায় উৎসবটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক আফসানা বেগম ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।
সন্ধ্যা সাড়ে সাতটায় প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইনের ৫০তম ব্যাচের সমাপনী পরিবেশনা রবীন্দ্রনাথ ঠাকুরের রথের রশি, নির্দেশনা দিচ্ছেন শাহানা রহমান।

আগামীকাল বেলা সাড়ে তিনটায় ‘নাটকে শিক্ষা ও নাট্যশিক্ষা: প্রেক্ষিত বাংলাদেশের সমকালীন সমাজ ও সংস্কৃতি’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন সাইদুর রহমান, মূল আলোচক অসীম দাশ। আরও আলোচনা করবেন কাজী রোকসানা রুমা, রেজা আরিফ, উম্মে ফারহানা, শামিম শওকত, জামিল আহমেদ, আজাদ আবুল কালাম।
সন্ধ্যায় থাকছে থিয়েটার স্কুল, বটতলা অ্যাক্টরস স্টুডিও, আরণ্যক পাঠশালা, প্রাচ্যনাট স্কুলের পরিবেশনা।

২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকেই প্রশিক্ষণের মাধ্যমে নাট্যকর্মী, অভিনেতা, নির্মাতা ও সংস্কৃতিকর্মী গড়ে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন।