ভিয়েতনামের বিন থুয়ান প্রদেশের ফান থিয়েট সিটিতে প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক পারফর্মিং আর্ট ফেস্টিভ্যাল। ১০ ডিসেম্বর পর্যন্ত ‘ফান থিয়েট বিচ শহর’-এ আয়োজন করা হবে এ উৎসব। এ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক নাট্যনির্দেশক ইসরাফিল শাহীন উৎসবের প্রধান বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন।
উৎসবে অংশ নিতে গত বুধবার তিনি ভিয়েতনামে গেছেন। ‘সমসাময়িক পারফরম্যান্স আর্টগুলো কীভাবে বিশ্বের যুদ্ধ, দারিদ্র্য ও সাংস্কৃতিক দূরত্বের নিরাময় করতে পারে’ শীর্ষক আলোচনায় একজন কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেবেন ইসরাফিল শাহীন।
৫টি মহাদেশের ৩০টির বেশি দেশের পারফর্মিং আর্টের প্রতিনিধি ও শিল্পীরা এ উৎসবে অংশ নিচ্ছেন।
ভিয়েতনামের জাতীয় পর্যটন বর্ষ কর্মসূচির আওতায় এ উৎসব ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও স্থানীয় লোকজনের পাশাপাশি বিন থুয়ান প্রদেশের ফান থিয়েট শহরে আসা পরিদর্শনকারী দেশি ও আন্তর্জাতিক পর্যটকদের গুরুত্ব দিয়ে আয়োজন করা হচ্ছে। অংশ নিচ্ছে ৫টি মহাদেশের ৩০টির বেশি দেশের পারফর্মিং আর্টের প্রতিনিধি ও শিল্পীরা। অধ্যাপক ইসরাফিল শাহীন সম্প্রতি সাংহাইয়ের একটি আন্তর্জাতিক থিয়েটার ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন।