
‘বাবু সেলাম বারে বার, আমার নাম গয়া বাইদ্যা বাবু, বাড়ি পদ্মা পার...’, এই গানের সঙ্গে নেচে নেচে বেদের দল মোড়লের মনোরঞ্জনের চেষ্টা করল। প্রতিদানে মোড়ল বাইদানি চম্পাকে চেয়ে বসল। চম্পাকে না দিলে দলের সবার প্রাণ যায়। দলের অন্যদের জীবন বাঁচাতে চম্পা বাইদানি সবার কাছে ক্ষমা চেয়ে মোড়লের কাছে নিজেকে সমর্পণ করে। তখন এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। গয়া বেদে ডুকরে কেঁদে উঠে বলে, ‘তোমারে ছাড়া ধলেশ্বরী-পদ্মা-যমুনার গাঙে আমি আমার বাইদ্যার নাও কেমন কইরা বাইব!’ নেপথ্য সুর ভেসে আসে, ‘যারে ছেড়ে এলাম অবহেলে, সেকি আবার আসবে ফিরে...’।
রাজশাহীতে অক্ষয়কুমার মৈত্রেয় নাট্যোৎসবে গত শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পল্লিকবি জসীমউদ্দীনের ‘বেদের মেয়ে’ নাটকের এই দৃশ্যে দর্শকের মন কাড়ে। রাজশাহী থিয়েটার সপ্তমবারের মতো এই উৎসবের আয়োজন করেছে। উৎসবের তৃতীয় দিনে সমকাল নাট্যচক্রের পরিবেশনা ছিল ‘বেদের মেয়ে’। হারমোনিয়াম ও ঢোলের সঙ্গে ১০টি লোকগান বিয়োগান্ত এই নাটকের দৃশ্যান্তরে দর্শকদের কাঁদিয়েছে।
জোর করে ঘরে বন্দী করে রাখলেও মোড়ল চম্পার মন পায় না। এরই মধ্যে এক বৈষ্ণবের মাধ্যমে চম্পা গয়া বেদের খোঁজ নেয়। চম্পা ভেবেছিল, তার শোকে গয়া বেদে কাতর হয়ে কেঁদে বেড়াচ্ছে; কিন্তু বৈষ্ণব এসে উল্টো খবর দিল।
গয়া বেদে নতুন বাইদানির সঙ্গে সুখের সংসার করছে। বৈষ্ণবের পরামর্শে চম্পা মোড়লের কাছে নিজেকে ধরা দিল। তার পর থেকে মোড়লের কাছে তার দাম ফুরাল। মোড়ল তাকে পায়ে ঠেলতে লাগল। উপায়হীন হয়ে মোড়লের সংসার ছেড়ে গায় বেদের খোঁজে বের হয়। তার নায়ের গলুইয়ে একটু থাকার জন্য মিনতি করতে লাগল চম্পা। সে বিস্ময়ে হতবাক হয়, নতুন বাইদানির ভয়ে গয়া তাকে নানা অজুহাতে তাড়াতে চায়। শেষ পর্যন্ত তাদের সংসারের কাজের মানুষ হিসেবে গয়া বেদের নৌকায় চম্পার ঠাঁই হয়। সাপ ধরতে গিয়ে কালনাগিনীর কামড়ে মারা যাচ্ছিল গয়া। তখন চম্পা গয়ার জীবন বাঁচাতে মুখ দিয়ে বিষয় চুষে নিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ে।
নাটকটির নির্দেশনায় ছিলেন সাজু সরদার ও ইমরুল আসাদ। আলোকসজ্জায় ছিলেন আশিক আহমেদ ও জনি মাহমুদ। নাটকে চম্পার চরিত্রে অন্তরা হালদার, গয়া বেদে আবদুল হাদি, বেদে-১ জাহিদ হাসান, বেদে-২ রিন্টু তঞ্চঙ্গ্যা, বৈষ্ণব নাসির উদ্দিন, মোড়লের চরিত্রে সানজিদ সালভি, মোড়লের চামচা মাইনকার চরিত্রে মোহাম্মদ উজ্জ্বল, আসমানির ভূমিকায় আনিকা আল মামুন, মালেকা-আফসারা মাহজাবীন, টুনার মা শিউলি দেবী নাথ, লাঠিয়াল ইমন, ইসলাম, সোলাইমান গাজী দিপংকর সরকার, হাসান ফেরদৌস, ঢোলে তারেক মাহমুদ ও হারমোনিয়ামে ছিলেন সুশান্ত সরকার।