খালেদ খান ও স্ত্রী মিতা হক
খালেদ খান ও স্ত্রী মিতা হক

শিল্পকলায় ‘মিতা-যুবরাজ উৎসব’ আজ

অভিনেতা খালেদ খান কাছের মানুষের কাছে ‘যুবরাজ’ নামেও পরিচিত। ২০১৩ সালে এই অভিনেতার মৃত্যুর পর প্রতিবছর ‘যুবরাজ জয়ন্তী দিবস’ উদ্‌যাপন করা হতো। এই অভিনেতার স্ত্রী রবীন্দ্রসংগীতশিল্পী মিতা হক পরিবারের পক্ষে এই আয়োজনে প্রধান হিসেবে যুক্ত থাকতেন। গত বছর ১১ এপ্রিল মারা যান মিতা হক। এবার নাট্য ও সংগীতাঙ্গনের প্রয়াত এই দুই গুণীকে ‘মিতা-যুবরাজ উৎসব’-এর মাধ্যমে স্মরণ করা হচ্ছে।  
মিতা হক ও খালেদ খান যুবরাজ, দুজনই শুদ্ধ সংস্কৃতিচর্চার সঙ্গে যুক্ত ছিলেন আজীবন। তাঁরা শুধু সংগীত শিল্পী বা অভিনয়শিল্পী ছিলেন না, তাঁরা আজীবন অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নে নিবেদিতপ্রাণ সংস্কৃতির কর্মী ছিলেন। দেশের যেকোনো সংকট, সংগ্রামে তাঁরা এগিয়ে গেছেন। তাঁদের মতো করে দায়িত্ব পালন করে গেছেন। তাঁদের না থাকার বাস্তবতাকে মেনে নিয়েই তাঁদের জীবনকে উদ্‌যাপন করার লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘মিতা-যুবরাজ উৎসব ২০২২’।

খালেদ খানের সঙ্গে মেয়ে জয়িতা ও মিতা হক

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসব চলবে বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত। উৎসবটি নিয়ে খালেদ খান-মিতা হক দম্পতির মেয়ে সংগীতশিল্পী ফারহিন জয়িতা বলেন, ‘গত বছর মা মারা যাওয়ার পর পারিবারিকভাবে উদ্যোগ নিয়েছি দিনটি একসঙ্গে পালনের। এখন থেকে প্রতিবছর এ নামে উৎসবটি হবে।’ উৎসবের এবারের মূলমন্ত্র ‘বিবিধের মাঝে দেখো মিলন মহান, অসাম্প্রদায়িকতা ও মিতা-যুবরাজ’। বাউলসংগীত দিয়ে শুরু হবে আয়োজনটি।

সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালার অডিটরিয়ামে উদ্বোধনীর মাধ্যমে মূল আয়োজন শুরু হবে। উৎসবে আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা থাকবে। কবিতা আবৃত্তি করবেন আসাদুজ্জামান নূর, জয়ন্ত চট্টোপাধ্যায়, অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা। দলীয় সংগীত পরিবেশন করবেন মিতা হকের গানের দল ‘সুরতীর্থ’। মাসুম রেজার লেখা ‘আবছায়ায় যুবরাজ’ নাটকটির নির্দেশনা দিয়েছেন মোস্তাফিজ শাহীন।

এখানে অভিনয় করবেন ইন্তেখাব দিনার, রওনক হাসান, ত্রপা মজুমদার, জ্যোতি সিনহা। এ ছাড়া নৃত্য পরিবেশন করবেন সামিনা হোসাইন, র‍্যাচেল প্রিয়াঙ্কা, কস্তুরী মুখার্জি প্রমুখ। রাত নয়টায় রবীন্দ্রসংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হবে। অনুষ্ঠান সঞ্চালনা করবেন মিথিলা ফারজানা।