এরপর আমি আর বিরতি দিতে চাই না

কয়েক বছর আগেও সংগীতাঙ্গনে ভীষণ ব্যস্ত সময় পার করতেন আরফিন রুমী। অডিও, চলচ্চিত্রের গান এবং স্টেজ শোতে ছিলেন তাঁর সময়ের ব্যস্ত একজন। ব্যক্তিগত কারণে হঠাৎ করেই গানে অনিয়মিত হয়ে পড়েন তিনি। দীর্ঘ সময় ধরে সংগীতাঙ্গনে অনিয়মিত আরফিন রুমী আবার গানে নিয়মিত হচ্ছেন। সম্প্রতি প্রকাশ পেয়েছে তাঁর গাওয়া ‘তুই আর আমি’ গানটি। টিএম রেকর্ডসের ব্যানারে প্রকাশিত এই গানের কথা–সুর ও সংগীত পরিচালনা করেছেন তাপস। এই গান প্রকাশের পর তাঁকে ঘিরে আলোচনায় বোঝা গেছে, তাঁর জনপ্রিয়তায় আগের মতোই আছে। কথা প্রসঙ্গে আরও নানা পরিকল্পনার কথা জানালেন এই গায়ক ও সংগীত পরিচালক

আরফিন রুমী
আরফিন রুমী
প্রশ্ন

‘তুই আর আমি’ গান প্রকাশের পর কেমন সাড়া পেলেন?

অভূতপূর্ব। সবাই বলছে, রুমীর এই গানটা খুব সুন্দর হয়েছে। বিশেষ করে গানের ভিডিওর প্রশংসা করছে সবাই। অনেকে এমনও বলেছেন, রুমীর ফিরে আসাটা এই ধরনের একটা ভিডিওর মধ্য দিয়ে দরকার ছিল। তাঁরা এমন বলছে, এখন থেকে গানে আমার কন্টিনিউ থাকা উচিত।

প্রশ্ন

শ্রোতারা নাহয় বলছেন, কিন্তু কন্টিনিউ থাকার ব্যাপারে রুমী কী ভাবছেন?

সত্যি বলতে, এরপর আমি আর বিরতি দিতে চাই না। নিয়মিত কাজ করতে চাই। এরই মধ্যে প্রজেক্ট শুরু করে দিয়েছি। নতুন ৩০টি গানের কাজ শুরু করেছি। আমার সঙ্গে তো সবার হিসাব মিলে না। তাই যার সঙ্গে মিলেছে, সেই প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েজের সঙ্গে আবার কাজ শুরু করেছি। এই প্রতিষ্ঠানে কর্ণধার সোহেল ভাইয়ের কথা ছিল অনেকটা এ রকম, আপনার কাছে শ্রোতারা যে রকম গান চাইতেন, যে গানগুলোর চাহিদা ছিল কিন্তু আপনি দিতে পারেননি, ওই গ্যাপটা পূরণ করার চেষ্টা করেন। তাই ‘তুই আর আমি’ ফিল থাকতে থাকতে আরও কিছু গান প্রকাশ করতে চাই।

আরফিন রুমী
প্রশ্ন

কিন্তু সময় তো অনেক বদলে গেছে। এই সময়ে আপনি আগের সেই স্টাইল নিয়ে ফিরবেন নাকি নতুনরূপে?

যেহেতু এবার আমি কোম্পানির কাজই করছি, তাই তারা যেভাবে চাইছে, সেভাবেই কিছু গান তৈরি করছি। কারণ, ব্যবসাটাও তো করতে হবে। তারা ব্যবসাও ভালো বোঝে। সবারই এখানে রুটি–রুজি জড়িত। তাই দীর্ঘ বিরতির পর শুরুতে আমি যেসব গানের জন্য আরফিন রুমী হয়েছি, সেই ঘরানার গানই কোম্পানি চেয়েছে। তবে আমার স্টাইলের বাইরে অন্য ধরনের গান করলেও যে শ্রোতারা গ্রহণ করবেন, সে ক্ষেত্রে তাপস ভাই আমাকে বেশ হেল্প করেছেন এবং সাহসও তৈরি করে দিয়েছেন।

আরফিন রুমী
প্রশ্ন

কেমন সেটা?

‘তুই আর আমি’ যে ধাঁচের গান, এ রকম গানে আমাকে দেখা যায়নি। আমাকে সাধারণত ঢোল–তবলার গানে বেশি পাওয়া যেত। ঢোল–তবলার বাইরেরও একটা ভালো গান যে করা যায়, আরফিন রুমীর সেই কনফিডেন্স তাপস ভাই এনে দিয়েছেন। মানে, তুমি চাইলে এ রকম গানও করতে পারো। তাই এ রকম একটা গানের জন্য তাপস ভাইয়ের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই গানটি তাপস ভাইয়েরই গাওয়ার কথা ছিল। গানটি তিনি সযত্নে রেখেছিলেনও। কিন্তু গানটি আমার মায়ের পছন্দ হয়ে যাওয়ায় তাঁর প্রতি সম্মান দেখিয়ে এটি আমাকে উপহার দিয়েছেন।

আরফিন রুমী
প্রশ্ন

এখন তো অনেকে নাটকের গান তৈরিতেও ব্যস্ত...

গত বছরের শেষ দিকে আমিও একটি নাটকের গান করেছিলাম। ভালো বাজেট এবং ভালো গল্পের নাটক পেলে সেই মাধ্যমেও কাজ করতে চাই।

প্রশ্ন

আপনি চলচ্চিত্রের গানের সংগীত পরিচালনাও করতেন।

চলচ্চিত্রের কোনো প্রস্তাব এখনো পর্যন্ত পাইনি। পেলে অবশ্যই করব। চলচ্চিত্র অন্য রকম একটা আনন্দের মাধ্যম।

আরফিন রুমী
প্রশ্ন

দীর্ঘদিন ধরে অনিয়মিত ছিলেন আফসোস...

আমি নিজেকে যে রকমভাবে তৈরি করতে চেয়েছি, যেভাবে দেখতে চেয়েছি, এই সময়টা আমাকে সেভাবে তৈরি হতে সুযোগ করে দিয়েছে। যা আমার পরের গানগুলো প্রকাশের পর শ্রোতারা টের পাবেন।