
ঈদের সিনেমা ‘রকস্টার’–এর প্রথম গান ‘পিরিতি’ চরকি ও এসভিএফের ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি গেয়েছেন পান্থ কানাই; পর্দায়ও তাঁকে দেখা গেছে। সম্প্রতি তাঁর আরও কয়েকটি নতুন গান প্রকাশিত হয়েছে। চলছে নতুন একাধিক গানের কাজ। এসব নিয়ে গত শুক্রবার তাঁর সঙ্গে কথা বলেছে প্রথম আলো।
‘পিরিতি’ যখন স্টুডিওতে গাইছিলেন, তখন কি বুঝতে পেরেছিলেন প্রকাশের পর কী ঘটবে?
পান্থ কানাই : স্টুডিওতে গাওয়ার সময়ই অনুভব করেছিলাম, গানের মধ্যে একটা আলাদা আবেগ আছে। ভিন্ন রকম কথা, সুর। কিন্তু এটা যে এত মানুষের হৃদয়ে গিয়ে পৌঁছাবে, এত বড় পরিসরে ভালোবাসা পাবে, কল্পনা করিনি। প্রকাশের পর দেখলাম বিভিন্ন ভাষার মানুষ গানটি গাইছেন, রিঅ্যাকশন ভিডিও বানাচ্ছেন, নিজেদের অনুভূতি ভাগাভাগি করছেন—গান প্রকাশের পর একজন শিল্পীর জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে। গানটি আমাকে নতুন শ্রোতামহলের কাছে পৌঁছে দিয়েছে। দেশ-বিদেশে শাকিব খানের যে একটা বিশাল ভক্তকুল আছে, তাদের কাছে এই গান নিয়ে দারুণভাবে পৌঁছে গেছি। আমার মনে হয়েছে, মানুষ শুধু গানটা শোনেনি, গানের আবেগটাও তারা অনুভব করেছে। একজন শিল্পী হিসেবে এটাই সবচেয়ে বড় সার্থকতা।
গানটির চিত্রায়ণেও তো অংশ নিয়েছেন, পর্দায় আপনার সহশিল্পী শাকিব খান।
পান্থ কানাই : নিজেকে একজন সংগীতশিল্পী হিসেবেই দেখি। গানই আমার সবচেয়ে স্বস্তির জায়গা। তবে অভিনয় একটা ভিন্ন অভিজ্ঞতা, যেখানে অনুভূতিকে অন্যভাবে প্রকাশ করতে হয়। শুরুতে একটা চাপ, নার্ভাসনেস কাজ করেছিল। এমনিতে আমরা যারা মিউজিশিয়ান, মিউজিক করি, তারা ক্যামেরার সামনে খুব একটা কমফরটেবল না। কারণ, আমরা লাইভ মিউজিক করি, এটাই আমাদের কাজ। অভিনয় করাটা তো আমার কাজ না। এরপরও শাকিব খান, আমাদের দেশের এত বড় একজন তারকা, দীর্ঘদিন ধরে তিনি দর্শকের ভালোবাসা পেয়ে আসছেন, একজন মেগা স্টার—তাঁর কাজের পরিবেশটাই অন্য রকম। কিন্তু শাকিব খানের আন্তরিকতার কারণে দ্রুত অস্বস্তিটা স্বস্তিতে রূপান্তরিত হয়। শাকিব খান খুবই সহযোগিতাপরায়ণ এবং ভীষণ আন্তরিক ছিলেন। তাই শেষ পর্যন্ত চাপের চেয়ে শেখার যে অভিজ্ঞতা, সেটা আমি ভীষণ উপভোগ করেছি।
আপনি মূলত গায়ক। অভিনয়ের ব্যাপারে কোনো ভাবনা আছে?
পান্থ কানাই : যদি কখনো গল্প, চরিত্র আর পরিবেশ আমার ভালো লাগে, তাহলে অবশ্যই অভিনয় নিয়ে ভাবতে পারি। কিন্তু আমি চাই মানুষ আমাকে একজন গায়ক হিসেবে মনে রাখুক, চিনুক এবং ভালোবাসুক।
সামনে নতুন কী কী গান বা প্রজেক্ট নিয়ে কাজ করছেন?
পান্থ কানাই : আমার ব্যান্ড ‘তাণ্ডব’ নিয়ে এখন খুব ব্যস্ত সময় পার করছি। নতুন কিছু গানের রেকর্ডিং চলছে। দারুণ কথার সব গান। শিগগিরই প্রকাশ করব। এরই মধ্যে নতুন ইউটিউব চ্যানেল চালু করেছি, নাম ‘পান্থ কানাই অফিশিয়াল’। নতুন গানগুলো সেখানে আপলোড করব। ভক্ত-শ্রোতারা আমার ইউটিউব সাবস্ক্রাইব করে গানগুলো শুনতে পাবেন। আর একক কয়েকটি গানের রেকর্ডিংও করা আছে। গানগুলো কবে প্রকাশিত হবে, তা অবশ্য বলতে পারছি না।
ব্যক্তিজীবনে আপনি কেমন মানুষ?
পান্থ কানাই : ব্যক্তিজীবনে আমি খুব রোমান্টিক একজন মানুষ।
অবসর সময়ে কী করতে ভালো লাগে?
পান্থ কানাই : অবসর সময়ে আমার প্রেম করতে ভালো লাগে। তাই অবসর সময় বসে বসে আমি খালি প্রেম করি। আমি একজন প্রেমিক পুরুষ।