ঈদে প্রচারিত হওয়া ‘ঈদ সেলামি’, ‘লাভ সেমিস্টার’, ‘সুইট কিস’, ‘নোঙর’, ‘ছোবল’সহ একাধিক নাটক ঘুরেফিরে ইউটিউব ট্রেন্ডিংয়ে ছিল। এসব নাটক ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় ছিলেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। বর্তমান ব্যস্ততা নিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় বিনোদনের মুখোমুখি হলেন তিনি।

ঈদের কাজ কেমন হল
এবার যতগুলো কাজ করেছি, সব কটি থেকেই ভালো সাড়া পেয়েছি। এমন হচ্ছিল যে একটি নাটক অন্যটিকে ছাড়িয়ে যাচ্ছিল। ৯০ শতাংশ নাটক থেকেই ব্যাপক সাড়া পাচ্ছিলাম। আগে হয়তো ভক্তদের এমন ভালোবাসা পাইনি। তাঁদের কাছে কৃতজ্ঞ।
বলেছিলেন নাটকের সংখ্যা কমিয়ে আনবেন। কতটা কমালেন?
দুই বছর ধরেই চাইছি, নাটকের সংখ্যা কমাব। কিন্তু সফল হতে পারি না। তবে এবার যা করেছি, সেটাও কিন্তু কম নয়। দুই বছর আগে প্রতি ঈদে ৩০টির মতো নাটক প্রচারিত হতো। সেটা এবার কমে ১৫টার মতো। আমি চাই, আরও কম কাজ করতে। কারণ, এখন সবাই কাজের সংখ্যা নিয়ে সতর্ক। একটি নাটকের জন্য দুই–তিন দিনের জায়গায় চার–পাঁচ দিনের শিডিউল চাচ্ছেন। আলাদা ডাবিং করতে হচ্ছে। আবার নিজেকেও সময় দিতে হচ্ছে।
আগে তো অনুরোধে অনেক কাজ করতে হতো।
এখনো অনুরোধে কিছু কাজ করতেই হয়। অনেক সময় না করার উপায় থাকে না। বাধ্য হয়েই মনের বিরুদ্ধে করি। সেটা একটা বা দুইটা কাজ।
এটা স্বাভাবিক। কারণ, আমি সব পরিচালকের সঙ্গে কাজ করি। তাঁরা কেউ একেকজন (মোস্তফা সরয়ার) ফারুকী বা শিহাব শাহীন বা আশফাক নিপুন নন। আমাকে সবার সঙ্গে কাজ করতে হয়।জোভান
অনেকেই বলছেন, কিছু নাটকের অভিনয় একঘেয়ে ছিল...!
দর্শকের কাছে একঘেয়ে মনে হতেই পারে। এটা স্বাভাবিক। কারণ, আমি সব পরিচালকের সঙ্গে কাজ করি। তাঁরা কেউ একেকজন (মোস্তফা সরয়ার) ফারুকী বা শিহাব শাহীন বা আশফাক নিপুন নন। আমাকে সবার সঙ্গে কাজ করতে হয়। ওই তিনজন ছাড়া আরও অনেক পরিচালক আছেন। তাঁরা চিত্রনাট্য, সংলাপ ভালো লিখছেন, অভিনয়টা ধরিয়ে দিচ্ছেন। পর্দায় এই অভিনয়ের বৈচিত্র্য আনা সব নির্মাতার পক্ষে সম্ভব নয়। মেধা থাকলেও তাঁরা কেউ কেউ বাজেট বা অন্য কারণে সেই সময় দিতে পারছেন না। দুই দিনে শুটিং করছেন বা তাড়াহুড়া করছেন। এদিক থেকে আমি মাথা পেতে নিচ্ছি। এটা আমার দুর্বলতা। এই দুর্বলতা ভালো কাজ দিয়ে কাটিয়ে উঠব শিগগিরই।
আগামী ঈদে কী পরিকল্পনা?
বেশি সময় পাওয়া যাবে না। ইতিমধ্যে দুটো কাজ করেছি। আগের কিছু কাজ যুক্ত হতে পারে। তবে সব ধরনের দর্শকের কথা ভেবেই কাজ করব। দর্শক আমাকে এবার এতটা ভালোবাসা দিয়েছেন, সেটা অপ্রত্যাশিত। এই ভালোবাসায় দায়বদ্ধতা বেড়ে গেছে। আমি চাই, তাঁরা যেন ভিন্ন ভিন্নভাবে জোভানকে আগামী ঈদে আবিষ্কার করেন।
কখনো মনে হয়, আপনাকে শীর্ষে থাকতে হবে?
চাহিদা বাড়া বা দর্শক আমার কাজ পছন্দ করছেন—এগুলো পুরোটাই আল্লাহর রহমত। সততার সঙ্গে কাজ করে যেতে চাই। আরও বেশি মনোযোগ দিয়ে কাজ করতে চাই। কিন্তু শীর্ষে থাকতে হবে, এমন চিন্তা কখনোই করি না। শীর্ষে থাকতে হবে টার্গেট করে কাজ করি না।
অভিনয়শিল্পী হিসেবে তখনই নিজেকে সফল বলব, যখন নাটক, সিনেমা বা ওয়েব মিলিয়ে বলার মতো অন্তত ৩০টা চরিত্র থাকবে।জোভান
অভিনয়শিল্পী হিসেবে আপনি সফল?
অভিনয়শিল্পী হিসেবে তখনই নিজেকে সফল বলব, যখন নাটক, সিনেমা বা ওয়েব মিলিয়ে বলার মতো অন্তত ৩০টা চরিত্র থাকবে। সেটা এখনো হয়নি। নিজেকে এখনো সফল মনে করি না। ভালো কাজের চেষ্টা করে যাচ্ছি।