আদর আজাদ
আদর আজাদ

তামিল লুকে লোকাল বয়

নাটক দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করা আদর আজাদ এখন চলচ্চিত্রেই ব্যস্ত বেশি। ঢাকার অদূরে নতুন ছবির শুটিংয়ের ফাঁকে গত বুধবার মুঠোফোনে তাঁর সঙ্গে কথা বলল ‘বিনোদন’
প্রশ্ন

ফেসবুকে আপনার শুটিংয়ের স্থিরচিত্র দেখলাম।

জি। ধামরাইয়ের ফিল্ম ভ্যালিতে ‘রাইটার’ সিনেমার সেকেন্ড লটের কাজ করছি। এর আগেও কয়েক দিন কাজ করেছিলাম।

প্রশ্ন

ছবিতে আপনার চরিত্রটি সম্পর্কে কিছু বলবেন?

এই ছবির মূল ভূমিকায় আমি কাজ করছি। এখানে আমি একজন ‘লেখক’। ছবিতে লেখক হয়ে ওঠার পেছনের গল্প আছে। কাছাকাছি থেকে এই ধরনের কোনো চরিত্র দেখার সুযোগ হয়নি।

প্রশ্ন

তাহলে তো এটা নতুন অভিজ্ঞতা।

এই ধরনের চরিত্রে এটা আমার প্রথম অভিজ্ঞতা। ১০-১৫ বা ২০ দিনের চেষ্টায় একজন লেখকের চরিত্র হয়ে ওঠা সম্ভব নয়। আমার উপলব্ধি ও পরিচালকের ভাবনাচিন্তার মিশেলে চরিত্রটি তৈরি হচ্ছে।

আদর আজাদ
প্রশ্ন

লেখকের জীবন সম্পর্কেও নিশ্চয় উপলব্ধি হচ্ছে।

লেখক হয়ে ওঠা যে খুব সহজ একটা বিষয় নয়, এটা বুঝেছি। লেখার বিষয়টা সম্পূর্ণ ভাবনার বিষয়, ধ্যানের বিষয়। মানুষ একটা বই কিনবে, এরপর সেই বইয়ে পাঠককে আটকে রাখা মোটেও সহজ কাজ নয়। গল্প কিংবা উপন্যাসে আটকে রাখাটা ঐশ্বরিক ক্ষমতার ব্যাপার। ওই রকম ক্ষমতা না থাকলে লেখা যায় না। ছবিটির কাজ করতে এসে লেখকদের প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়েছে।

প্রশ্ন

এরপর কী কাজ করবেন?

জুলাইয়ে ‘লিপস্টিক’ ছবির কাজ শুরু করব। এই ছবিতে আমার সহশিল্পী কলকাতার দর্শনা বণিক। আরেকটি ছবি নিয়েও কথা হচ্ছে, চূড়ান্ত হলে হয়েও যেতে পারে। আরও কয়েকটা ছবির কথা চলছে। এসব ছবির পরিচালক ও প্রযোজকেরা নিজেরাই সময়মতো ছবির ঘোষণা দেবেন।

প্রশ্ন

এই সময়টা তাহলে কেমন কাটছে বলে মনে করছেন?

দারুণ সময় যাচ্ছে। এই সময়টার জন্যই অপেক্ষা করছিলাম। সবাই যেভাবে অ্যাপ্রিশিয়েট করছে, কাজের কথা যেভাবে চলছে, নিঃসন্দেহে দারুণ ভালো লাগার। দায়িত্ববোধের জায়গাও বাড়ছে। ‘রাইটার’–এর প্রথম লটের শুটিং যখন করছিলাম, তখনো লোকাল মুক্তি পায়নি। তখন শুটিংয়ের পরিবেশ ছিল এক রকম; এবার যখন শুটিং করছি, বুঝতে পারছি, একটু অন্য রকম। দর্শকের বাড়তি মনোযোগ দেখি, বুঝতে পারি। সবাই ছবিটি নিয়ে বলাবলি করছেন, প্রশংসা করছেন।

প্রশ্ন

ছবিটি নিয়ে সবচেয়ে বেশি কোন কথাটা শুনেছেন?

দর্শকের পয়েন্ট অব ভিউয়ে আমাকে নিয়ে সবচেয়ে কমন কথা হচ্ছে, তামিল লুকে লোকাল বয় (হাসি)। বিষয়টা হচ্ছে, ছবিতে আমাকে যে লুকে দেখা গেছে, যেমন মেকআপ করেছি, সেটা নাকি সাধারণত তামিল সিনেমায় দেখা যায়। এমন লুকে আমাকে উপস্থাপন করার জন্য পরিচালক সাইফ চন্দনের কাছে কৃতজ্ঞ। আমাদের স্বল্প বাজেটের একটি ছবির সঙ্গে এভাবে তুলনা করাটাও অনেক বড় ব্যাপার। এটা অনেক বড় একটা প্রাপ্তি।

আজাদ আদর