‘বীরত্ব’ দ্বিতীয় সপ্তাহে পড়েছে।
মুক্তির প্রথম দিন থেকেই সাড়া পাচ্ছি। গত বৃহস্পতিবার নির্মাতা ছটকু আহমেদ, সোহানুর রহমান সোহান, খোরশেদ আলম, এস এ হক অলিকসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই সিনেমাটি দেখেছেন। সবাই সিনেমা ও আমার চরিত্রটির প্রশংসা করেছেন।
সাধারণ দর্শকের প্রতিক্রিয়া কী?
এই ছবিতে সাধারণ দর্শক আমাকে অন্য রকমভাবে আবিষ্কার করেছেন। প্রথম দিন ঢাকার চিত্রামহলে গিয়েছিলাম। সেখানকার দর্শক চরিত্রটিতে আমার অভিনয় অসাধারণ হয়েছে বলে মন্তব্য করেছেন। ছবির শুটিং লোকেশন রাজবাড়ীর হলে বসে দর্শকের সঙ্গে দেখেছি। তাঁদের মত, পুষ্পার চরিত্রে অভিনয় করা শিশুশিল্পী অ্যামেলিয়া মুনতাহা ও আমিই নাকি পুরো ছবি টেনে নিয়ে গিয়েছি। সব জায়গা থেকেই এমন সব প্রশংসা পাচ্ছি। এত দিনের ক্যারিয়ারে সবচেয়ে বেশি প্রশংসা এই ছবি থেকেই পেয়েছি।
ছবিটি নিয়ে আপনার নিজের মূল্যায়ন কী?
২০০৭ সালে দারুচিনি দ্বীপ দিয়ে সিনেমায় অভিষেক। এ পর্যন্ত প্রায় ৩০টি সিনেমা করেছি। আমার নিজের মতে, এখন পর্যন্ত সেরা চরিত্র বীরত্ব-এর রাজু। খুব ইচ্ছা করে, বীরত্ব যদি বাংলাদেশের সব মানুষকে দেখাতে পারতাম!
আপনজনেরা সিনেমাটি দেখেছেন?
আমার মা, দুই বোন দেখেছেন। দেখার পর বাসায় এসে জড়িয়ে ধরে আমার অভিনয়ের প্রশংসা করেছেন মা। মায়ের প্রশংসা আমার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। বাবারও সিনেমাটি দেখার ইচ্ছা ছিল, কিন্তু তিনি একটু অসুস্থ। তিনি সারাক্ষণ আমার কাছ থেকে ছবির খবর নিচ্ছেন।
শুটিংয়ের সময় কি মনে হয়েছিল, রাজু সব মহলে প্রশংসিত হবে?
প্রথম দিন পরিচালক রানা ভাইয়ের কাছে গল্প শুনতে গিয়ে চরিত্রটির লোভে পড়ে যাই। তখন মনে হয়েছিল, চরিত্রটি ভালোভাবে টেনে নিতে না পারলে পুরো সিনেমা মাঠে মারা যাবে। সেই ভাবনা মাথায় নিয়েই শুটিং করেছি। শুটিংয়ের সময় নানা প্রতিকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। কিন্তু সেসব মাথায় না নিয়ে চরিত্রটিতেই বেশি মনোযোগী ছিলাম। শুটিংয়ে ফোন পর্যন্ত কাছে রাখতাম না। শুটিংয়ে শেষের দিকে মনে হয়েছিল, ভালো কিছু একটা হবে। অনেক ছবিতে কাজ করেছি, কিন্তু এমন দাগ কাটা চরিত্র করা হয়নি।
আপনার সমসাময়িক বা পরে চলচ্চিত্রে এসেও কেউ কেউ আলোচনায় আপনাকে ছাড়িয়ে গেছে। এটা কি সুযোগের অভাব, নাকি আপনার ব্যর্থতা?
আমার ব্যর্থতা বলব না। বলতে পারেন সুযোগের অভাব। বীরত্ব-এর মতো চরিত্র সেভাবে আগে পাইনি। পেলে হয়তো চলচ্চিত্রে আমার অবস্থান আরও ওপরে থাকত। অতীতে কাজের চয়েজে কিছু ভুল ছিল। সেই ভুল আর করব না।
সিনেমার অনেকেই এখন ওটিটিতে ঝুঁকছেন।
খুবই ভালো ভালো কাজ হচ্ছে ওটিটিতে। যাঁরা ওটিটির জন্য ভালো কাজ করছেন, তাঁদের কাছ থেকে সুযোগের অপেক্ষায় আছি। কারণ, এখন নিজের মধ্যে চ্যালেঞ্জ নিয়ে কাজ করার আত্মবিশ্বাস তৈরি হয়েছে।
আর কী কী সিনেমা আসছে?
আপাতত কাগজ: দ্য পেপার ও কানামাছি নামে দুটি ছবি মুক্তির অপেক্ষায় আছে।