পেশায় কেবিন ক্রু। তাই মাসের বেশির ভাগ সময় অভিনয়শিল্পী ও মডেল সৈয়দ জামান শাওনকে থাকতে হয় ঢাকার বাইরে। সময়-সুযোগ বুঝে পছন্দের চরিত্রে কাজ করেন। এবার তাঁকে দেখা যাবে হইচইয়ের ওয়েব সিরিজ ‘মোবারকনামা’য়। মুক্তির অপেক্ষায় থাকা কাজ ও ব্যক্তিগত প্রসঙ্গে কথা বললেন তিনি।
শব্দ হচ্ছে, কোথায় আছেন?
আমি একটু বাইরে। অফিসে যাচ্ছি। যানজটে বসে আছি। সমস্যা নেই, কথা বলতে পারব।
যানজট তাহলে কথা বলার সুযোগ করে দিল?
হা হা। আসলেই ভালো সময়। যানজট নিয়ে নিয়মিত খুবই বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। আমার মনে হয় পরবর্তী তিন–চার বছরে আমাদের চলাচল আরও কমে যাবে। আমার মনে হয়, দিক পরিবর্তনের সমস্যার আগে সমাধান করা জরুরি। আমাদের চালকদের শিক্ষিত করতে হবে। তাঁরা সবাই তাড়াহুড়া করতে চান। কেউ কাউকে জায়গা দেন না। কার আগে কে যাবেন, এই প্রতিযোগিতা করেন। কারও মধ্যেই সহমর্মিতা নেই। একই অবস্থা বাসের চালকদেরও। তাঁদের হাতে–কলমে শিক্ষা দিতে হবে। নিয়ম না মেনে ইচ্ছেমতো গাড়ি চালালে কী হয়, সেটা বোঝাতে হবে। জীবন নিয়ে অনেক অভিযোগ ভাই। তাই মনে হয়, যানজটের সমস্যাটা জরুরিভাবে সমাধান করা উচিত।
আপনার অভিনীত ‘মোবারকনামা’ ওয়েব সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে। আগের মতো এখানেও কি নেতিবাচক চরিত্রে?
এর আগে ‘আগস্ট ১৪’, ‘সাবরিনা’, ‘নিশ্বাস’—বলতে গেলে সবকটি কাজেই আমি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছি। এবারও নেতিবাচক। ইদানীং নেতিবাচক চরিত্রের প্রতি ভালোবাসা তৈরি হচ্ছে। বেশির ভাগ সময় আমরা নেতিবাচক চরিত্রের মানসিক ভ্রমণটা দেখতে পারি না। কিন্তু খারাপ মানুষ হওয়ার পেছনে সমাজ ও আমাদের সামাজিক ব্যবস্থা দায়ী। এবারও পুরুষতান্ত্রিক পরিবার একজন সন্তানকে কীভাবে ভুল শিক্ষা দিয়ে নষ্ট করে, সেসব বিষয় রয়েছে।
সমসাময়িক শিল্পীদের তুলনায় আপনার কাজের সংখ্যা কম...
কম কাজ। তবে আমি কাজগুলো নিয়ে অনেক খুশি। আমাকে ২০ দিন বাইরে থাকতে হয়। পরে পরিবারকে সময় দিই। আবার অভিনয় করি। আমি সংখ্যা বাড়ানোর পক্ষে নই। হয়তো সমসাময়িক অনেকেই ভালো কাজ করছেন। কিন্তু আমি চাকরির জন্য পারছি না। যেগুলো করছি, সেগুলো নিয়ে ভক্তদের কাছ থেকে আলোচনা-সমালোচনা শুনি। বয়োজ্যেষ্ঠ অনেকেই আমার কাজের প্রশংসা করেন। এ জন্য আমার মনে হয়, কমেডি বা রোমান্টিকের চেয়ে সামাজিক কাজগুলো বেশি করব।
অনেকেই তো কমেডি, রোমান্টিক কাজগুলোয় বেশি প্রাধান্য দেন...
আমি রোমান্টিক আর সামাজিক কাজগুলো দারুণ উপভোগ করি। কদিন আগে সাদিয়া আয়মানের সঙ্গে বরিশালে একটি নাটকের শুটিং করে এসেছি। এটা দর্শকের অনেক ভালো লাগবে। সেখানে নিম্নবিত্ত মানুষের সংগ্রাম, তাদের জীবনের ভালোবাসা দেখানো হয়। বিষয়টা এমন যে পেটে ভাত না থাকলে জোর করে ভালোবাসা হয় না। গল্পটা এত পছন্দ হয়েছিল, বরিশালের মাছবাজার, ফিশিং ট্রলারে কাজ করেছি, যেটা পাঁচটা কাজের সমান তৃপ্তি দিয়েছে। এটা ভালোবাসা দিবসে আসবে।
তাহলে তো আপনাকে অনেক ভেবে গল্প পছন্দ করতে হয়...
চরিত্রপ্রধান গল্পগুলো আমাকে টানে। যেখানে অপ্রয়োজনীয় কোনো গালি নেই, মারামারি নেই, জীবনের চাওয়া-পাওয়ার গল্প। প্রয়োজন ছাড়া নায়িকার গায়ে হাত তোলা—এমন চরিত্রে অভিনয় পছন্দ করি না। এগুলো চিত্রনাট্যে থাকলেও আমি বারবার যৌক্তিকতা খুঁজি। পর্দায় কী করছি, ভেবে করি।
‘মি. কুইন’ নামে কোরিয়ান একটি ধারাবাহিকের বাংলা ডাবিংয়ে কণ্ঠ দিলেন...
হ্যাঁ। আমি ও আমার স্ত্রী টয়া দুজনই ছিলাম। আমার জন্য এটি ছিল নতুন অভিজ্ঞতা, অনেক কিছু শিখেছি। এর পর থেকে আমার অভিনয়েও পরিবর্তন আসবে। অভি ও শিপলু ভাইয়ের কাছে কৃতজ্ঞ।
সংসার কেমন চলছে?
আমাদের সংসার খুবই ভালো চলছে। টয়াকে ধন্যবাদ, সে আমার ব্যস্ততার সঙ্গে মানিয়ে নিয়েছে। আমাদের মধ্যে বোঝাপড়াটাও দারুণ। সেখানে অন্য কেউ ‘কবে বাচ্চা নেবেন’ বললেও এগুলোকে গুরুত্ব দেওয়ার সময় নেই। আমাদের এমন কথা শুনতে হয়নি। শুনলেও এটা আমাদের নিজস্ব বিষয়। আমরা নিজেরাই এ সিদ্ধান্ত নেব। এগুলো নিয়ে আমাদের দুজনের মানসিকতা সমান। আমাদের বোঝাপড়া ভালো। যে কারণে আমি মনে করি, আমার সফলতার বড় অংশজুড়েই আমার স্ত্রী।