ভালো গল্প পাওয়াটা লটারির মতো

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে ছয় পর্বের ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’। রেজাউর রহমান পরিচালিত এই সিরিজে শাফায়েত চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছেন মীর রাব্বি। দেড় দশক আগে রেডিও জকি হিসেবে পথচলা শুরু করা রাব্বি এখন অভিনয়ে নিয়মিত। ২০০৫ সাল থেকে নিয়মিত বিজ্ঞাপনচিত্রে কণ্ঠ দিচ্ছেন। অভিনয় ও অন্যান্য প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা হলো।
মীর রাব্বি
 মীর রাব্বি
প্রশ্ন

‘ইন্টার্নশিপ’ ওয়েব সিরিজে অভিনয় করে কী ধরনের প্রতিক্রিয়া বেশি পাচ্ছেন?

আমাকে তো ভালো বলছে। তবে আমার বেশি ভালো লাগছে, মানুষ পুরো কাজটাকে ভালো বলছেন। পুরো কাজটা ভালো না হলে সবার অভিনয়ও ভালো হয় না। তার ওপর এই বিষয় নিয়ে কাজটা বেশ ঝুঁকিপূর্ণও ছিল।

প্রশ্ন

কেন ঝুঁকিপূর্ণ ছিল?

এ ধরনের কাজ আমরা আগে করিনি, দেখিওনি। কোন ধরনের অভিনয় করলে ফলপ্রসূ হবে, তা–ও জানি না। লোকজনকে হাসানো উচিত, না সিরিয়াস হওয়া উচিত, কোনটায় শুটিংয়ে মোমেন্ট তৈরি হবে, কোনটায় সম্পাদনার সময় মোমেন্ট তৈরি হবে, কোনটায় সংলাপে—আমাদের অনেকের মধ্যে এ রকম একটা সংশয় ছিল।

মীর রাব্বি
প্রশ্ন

তাহলে অভিনয়ের ক্ষেত্রে কিছু অনুসরণ করেছেন?

আমাদের সামনে কোনো রেফারেন্স ছিল না। শাফায়েত চরিত্রটি যেভাবে লেখা ছিল, সেখান থেকে অনেকটা চেঞ্জ করে বরং আমি অভিনয়টা করেছি। তবে চরিত্রের যে কাঠামো আমাকে ধরিয়ে দেওয়া হয়, সেটার বাইরে বের হইনি। তবে ‘এশিয়াটিক থ্রি সিক্সটি’র মতো একটা প্রতিষ্ঠানে চাকরি করার কারণে চরিত্রটি ফুটিয়ে তুলতে সুবিধা হয়েছে। আমি ওই প্রতিষ্ঠানটির রেডিওতে কাজ করেছি। এজেন্সির কর্মকাণ্ডও নিজ চোখে দেখেছি। তাই শাফায়েত চরিত্রটি ফুটিয়ে তুলতে সুবিধা হয়েছে। সবকিছুই আমরা হয়তো অতিরিক্ত করে করেছি, কোথাও কম কোথাও বেশি। কিন্তু ব্যাপারগুলো ঘুরেফিরে অনেকটা এ রকম।

প্রশ্ন

‘ইন্টার্নশিপ’ অভিনয় করার ব্যাপারটি কীভাবে দেখছেন?

কাজ তো নানা ধরনের হয়। আমিও তো এত দিন বিরতি দিয়ে দিয়ে অভিনয় করেছি। তবে এই কাজ আমাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আমার আগের কাজ থেকে এটা নিয়ে সবাই বেশি করে প্রশংসা করল। আগের কাজগুলো আমজনতা সেভাবে দেখতেও পারেনি। প্রচারণা ব্যাপারটাও এখানে অনেক বেশি কাজে দিয়েছে। আমি সবচেয়ে গর্বিত, এটার অংশ হতে পেরেছি। যাঁরাই কাজ করেছেন, আমরা সবাই একটা টিম হয়ে কাজ করেছি।

‘ইন্টার্নশিপ’-এর একটি দৃশ্য
প্রশ্ন

শুটিং করেছেন কোথায়?

ঢাকার তেজগাঁও লিংক রোডে একটা অফিসে শুটিং করেছি। ‘ইন্টার্নশিপ’–এ এত ভালো ভালো তরুণ কাজ করেছেন, ন্যাচারাল অভিনয় করছেন—আমি যে তাঁদের অংশ হতে পারলাম বা তাঁদের সবার অভিনয়ের সঙ্গে অ্যাটলিস্ট সাপোর্টটা দিয়ে যেতে পারছি, আমার কাছ মনে হয়, ওটাই আমার অর্জন।

প্রশ্ন

এখন কী কাজ করছেন?

বদরুল আনাম সৌদের ‘শ্যামাকাব্য’ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছি। ‘বুকের মধ্যে আগুন’ সিরিজেও ছোট্ট একটি চরিত্র করলাম। সানি সানোয়ারের ম্যান হান্ট ডাউন–এর শুটিং করছি। প্রচুর চিত্রনাট্য পাচ্ছি টেলিভিশনের জন্য, কিন্তু খুব একটা মন টানছে না। আমার কাছে মনে হয়, ভালো গল্প পাওয়াটা লটারির মতো।

প্রশ্ন

এই লাটরিতে জিতবেন মনে হয়?

চেষ্টাটা করে যেতে চাই। আমি মনে করি, এত কম কাজ করার পরও লটারি আমার টুকটাক লেগেছে। আলোচিত ওয়েব সিরিজ ‘তাকদীর’–এর আমি একটা অংশ হয়েছিলাম। তার আগে অবশ্য আরও কয়েকটা কাজ করেছিলাম।

মীর রাব্বি
প্রশ্ন

অভিনয় তো তাহলে এখন পেশা?

এখন আমি পেশা হিসেবে ভাবছি। ছয় মাস আগেও কেউ আমাকে নাটকের শুটিংয়ের কথা বললে বলতাম, না, ওই দিন আমার মিটিং আছে। যেহেতু আমি নিজে একটা প্রতিষ্ঠান চালাই। ওটাই আমার রুটিরুজি। এখন আমি ভাবছি, যেদিন আমার শুটিং আছে, সেদিন আমি মিটিং করব না—এই প্রাধান্য দিচ্ছি আর কি। আমি সিরিয়াসলি অভিনয় করতে চাই। হয়তো জীবনযাপনের জন্য পাশাপাশি কিছু একটা করতে হবে। কারণ, পেশা হিসেবে নাটক নিয়ে ভালো থাকার জন্য অনেক নাটকে অভিনয় করতে হবে।