
বিচ্ছেদের গুঞ্জন থেমে যাওয়ার পর আবার তাঁদের পুনর্মিলনের খবর শোনা যায়। মডেল জিজি হাদিদ ও সংগীতশিল্পী জেইন মালিক দুজন নানা মাধ্যমে নিজেদের নতুন করে শুরু হওয়া সেই পুরোনো প্রেমের আভাসও দিতে শুরু করেন। অবশেষে ঈদের দিন এই দুই তারকা নিজেদের প্রেমের ব্যাপারে পরিষ্কার করলেন সবাইকে। ইনস্টাগ্রামে এই প্রেমিক জুটিকে দেখা গেল একসঙ্গে ঈদ উদ্যাপন করতে।
মার্কিন সংগীতশিল্পী জেইন মালিক পাকিস্তানি বংশোদ্ভূত। আর মডেল জিজি হাদিদ পৈতৃক সূত্রে ফিলিস্তিনের। প্রতিবছরই এই দুই তারকা ঈদের দিনগুলো উদযাপন করেন নিজ নিজ পরিবার ও বন্ধুদের সঙ্গে। এবার এই দুই তারকার পরিবার এক হয়ে উদ্যাপন করল ঈদুল আজহা। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে জেইন মালিকের বাড়িতে জিজির ঈদ উদ্যাপনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলে। ছবিগুলো ইনস্টাগ্রামে দিয়েছিলেন জেইনের বোন ওয়ালিয়া আজাদ। ছবিতে দেখা যায়, পাঞ্জাবি পরে মা ও ভাইবোনদের সঙ্গে ঈদ উদ্যাপন করছেন জেইন। দুটি ছবিতে দেখা যায় জেইনকে জড়িয়ে ধরে হাস্যোজ্জ্বল জিজি তাকিয়ে আছেন ক্যামেরার দিকে। শুধু জেইনের বোন ওয়ালিয়াই নন, জিজির মা ইয়োলান্ডা হাদিদও জেইনের সঙ্গে তাঁর মেয়ের ঈদ উদ্যাপনের একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে, যা দেখে বোঝা যায় হাদিদ পরিবারও মালিক পরিবারের ঈদ পার্টির অংশ ছিল এবার।
উল্লেখ্য, গত সপ্তাহেই বাংলাদেশ সফরে এসেছিলেন বিশ্বখ্যাত মডেল জিজি হাদিদ। দাতব্য সংস্থা ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে জিজি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে আসেন। সফর শেষ করে এই মডেল যুক্তরাষ্ট্রে ফিরে যান ঈদের তিন দিন আগে। সূত্র: টিন ভোগ।