ফোনালাপ ফাঁস, জনি ডেপকে পেটাতেন অ্যাম্বার

জনি ডেপকে পেটাতেন সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড। ছবি: এএফপি
জনি ডেপকে পেটাতেন সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড। ছবি: এএফপি

সম্প্রতি জনি ডেপ আর সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের ফাঁস হওয়া একটি ফোনালাপ চাঞ্চল্য সৃষ্টি করেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। সেখান থেকেই জানা যায়, জনি ডেপকে (৫৬) পেটাতেন অ্যাম্বার হার্ড (৩৩)। ফোনালাপটি ২০১৫ সালের। দ্য জাকার্তা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের মাঝামাঝি বিয়ের তিন মাসের মধ্যেই তাঁদের সংসারে শুরু হয় অশান্তি। 

২০১১ সালের অক্টোবরে মুক্তি পাওয়া ‘দ্য রাম ডায়েরি’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে একে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়েন ডেপ ও অ্যাম্বার। ছবি: এএফপি

ফোনালাপে শোনা যায়, ‘অ্যাকুয়াম্যান’খ্যাত অভিনয়শিল্পী অ্যাম্বার হার্ড জনি ডেপকে বলছেন, ‘আমি দুঃখিত। তোমাকে ওভাবে পেটানো আমার মোটেই উচিত হয়নি। আমি কিন্তু তোমার মুখে মারিনি। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে মেরেছি। ওই সময় আমি হিতাহিতজ্ঞানশূন্য হয়ে পড়ি। আমি বিশ্বাসই করতে পারছি না যে এটা আমার হাত। এই হাত দিয়ে আমি তোমাকে মেরেছি। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে আঘাত করতে চাইনি। তোমার তো বেশি লাগেনি...’
এরপর ২৩ বছরের ছোট অ্যাম্বার হার্ড আরও বলেন, ‘বাচ্চাদের মতো করবে না, জনি। পরিণত হও। এ রকম আচরণ তোমায় মানায় না।’

এই ছবি এখন কেবলই স্মৃতি। ছবি: ইনস্টাগ্রাম

এরপরও জনি ডেপকে পিটিয়েছেন অ্যাম্বার হার্ড। ২০১৬ সালে অ্যাম্বার হার্ডের জন্মদিনে জনি ডেপ দুই ঘণ্টা দেরি করে আসেন। এতে রেগে যান অ্যাম্বার। আর রেগেমেগে ডেপের মুখে ঘুষি লাগিয়ে দেন।
জনি ডেপ সেই রাতের বর্ণনা দিয়েছেন এভাবে: সেদিন রাতে বাড়ি ফিরে তিনি দেখেন, অ্যাম্বার খুবই শান্ত। কিন্তু অতিথিরা যাওয়ার পরই ডেপকে গালমন্দ করা শুরু করেন অ্যাম্বার। অ্যাম্বার ক্রমেই আক্রমণাত্মক ও সহিংস হয়ে ওঠেন। ডেপের মুখে দুবার ঘুষি মারেন। উত্তরে জনি ডেপ অ্যাম্বারকে জাপটে ধরেন। তাঁকে আঘাত করা বন্ধ করতে বলেন।
২০১১ সালের অক্টোবরে মুক্তি পাওয়া ‘দ্য রাম ডায়েরি’ ছবিতে একসঙ্গে অভিনয় করতে গিয়ে একে অন্যের প্রতি দুর্বল হয়ে পড়েন ডেপ ও অ্যাম্বার। ২০১২ সালের জুনে দীর্ঘ ১৪ বছরের প্রেমের ইতি টানার ঘোষণা দেন ডেপ ও ভেনেসা। ফরাসি অভিনেত্রী ও গায়িকা ভেনেসা পারাদিসের সঙ্গে এক যুগেরও বেশি সময় ধরে এক ছাদের নিচে বসবাস করেছেন ডেপ। তাঁদের দুটি সন্তানও আছে।

২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন জনি ডেপ ও অ্যাম্বার হার্ড। ছবি: এএফপি

কিন্তু সব অতীত করে সেই থেকে অ্যাম্বারের সঙ্গে দুই বছর চুটিয়ে প্রেম করেছেন জনি ডেপ। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন জনি ডেপ ও অ্যাম্বার হার্ড। ২০১৬ সালের মে মাসে তাঁরা বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন। পরে ২০১৭ সালের জানুয়ারি মাসে দুজনের বিচ্ছেদ হয়।
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর জনপ্রিয় চরিত্র ‘জ্যাক স্প্যারো’ কিংবা ‘চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি’র উইলি ওয়াঙ্কা, যা-ই বলি না কেন, তিনি জনি ডেপ। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ট্রেন্ড, ‘হ্যাশট্যাগ জাস্টিস ফর জনি ডেপ’।