সতের বছর পর ছয় বন্ধুর পুনর্মিলনী

১৭ বছর পর দেখা হবে ছোট পর্দার জনপ্রিয় ‘ছয় বন্ধু’র। হাঁটি হাঁটি পা পা করে স্ট্রিমিং প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সের বয়স এক বছর হতে যাচ্ছে ২৭ মে। প্রতিষ্ঠার বর্ষপূর্তির অনুষ্ঠানে হাজির হবেন ছোট পর্দার ইতিহাসে সম্ভবত সবচেয়ে আলোচিত ও বিখ্যাত ছয় বন্ধু—জেনিফার অ্যানিস্টন, কোর্টনি কক্স, ম্যাথিউ পেরি, লিজা কুড্র, ডেভিড স্কিমার ও ম্যাট লেব্লাঙ্ক। এ যেন রোমাঞ্চের চূড়ান্ত! গতকাল মুক্তি পেয়েছে সেই পুনর্মিলনী ফ্রেন্ডস: দ্য রিইউনিয়ন-এর ট্রেলার।

পরস্পরের সঙ্গে গল্প, আড্ডা, হাসি আর খুনসুটিতে মেতে উঠবে জোয়ি, চ্যান্ডলার, র‍্যাচেল, রস, ফিবি, মনিকারা। অ্যানিস্টোনকে দেখা গেছে র‍্যাচেলের ভূমিকায়। তিনি বললেন, র‍্যাচেল নাকি এখন নিজের পোশাকের ব্র্যান্ড গড়েছেন। অন্যদিকে অন্য মায়েদের সঙ্গে নাকি বিরক্তিকর প্রতিযোগিতায় মেতেছে কক্স অভিনীত মনিকা চরিত্রটি।

আসছে ফ্রেন্ডস: দ্য রিইউনিয়ন

লিজা কুড্র জানিয়েছে, ফিবি এখন স্কুলে চারু ও কারুকলার শিক্ষক। বাকি সময় সে তার সন্তানদের উপদেশ দিতে থাকে। পেরি জানালেন, বাবা হয়েছেন চ্যান্ডলারও। আর কমিক লিখেই কেটে যাচ্ছে তাঁর। লেব্লাঙ্ক জানালেন, জোয়ি তো স্যান্ডউইচের দোকান খুলেছে। আর বেশির ভাগ স্যান্ডউইচ তার নিজের পেটেই যায়। স্কিমার জানালেন, রস জমানো টাকার একটা বড় অংশ জোয়ির স্যান্ডউইচের দোকানে ঢেলে এখন আফসোস করছে।

সদ্য তরুণ থেকে মধ্য বয়সের চৌকাঠ টপকানো এই ‘ফ্রেন্ডস’দের পুনর্মিলনী দেখার জন্য দিন গুনছে সব বয়সের দর্শক। ট্রেলার মুক্তির পর থেকেই নস্টালজিয়া চেপে ধরেছে নব্বইয়ের দশকের টেলিভিশনের দর্শকদের। বয়স এই ছয় বন্ধুর চুলের রং বদলে ফেলেছে, ছাপ ফেলেছে শরীরেও। কিন্তু পুরোনো সেই গালভরা হাসি, মজা আর মেজাজ দেখলে বোঝা যায় না, পেরিয়ে গেছে দীর্ঘ সময়।

তাঁরা ছোট পর্দার ইতিহাসে সম্ভবত সবচেয়ে আলোচিত ও বিখ্যাত ছয় বন্ধু—জেনিফার অ্যানিস্টন, কোর্টনি কক্স, ম্যাথিউ পেরি, লিজা কুড্র, ডেভিড স্কিমার ও ম্যাট লেব্লাঙ্ক

ঐতিহাসিক এই রিইউনিয়নের সাক্ষী হিসেবে উপস্থিত থাকবেন জাস্টিন বিবার, লেডি গাগা, ডেভিড বেকহাম, কিট হেরিংটন, রিজ উইদারস্পুন, টম শেলেক, ল্যারি হ্যাংকিন, ম্যাগি হুইলারসহ আরও অনেকে। থাকছেন সবচেয়ে কম বয়সে নোবেলজয়ী মালালা ইউসুফজাই।

যাঁরা জানেন না, তাঁদের মনে করিয়ে দিতে হয়, মার্কিন টিভি চ্যানেল এনবিসিতে ‘ফ্রেন্ডস’ শুরু হয় ১৯৯৪ সালে। বাকিটা ইতিহাস। টানা ১০ বছর চলেছিল টেলিভিশনের ইতিহাসে সর্বকালের অন্যতম জনপ্রিয় এই শো। ২০২০ সালে দুবার করে পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করেও শেষ মুহূর্তে বাতিল করতে হয়।

দশ বছর ধরে চলেছে ফ্রেন্ডস

২০১৫ সালে নেটফ্লিক্স কিনে নেয় ফ্রেন্ডস-এর ২৩৬টি পর্ব। ২০১৯ সাল পর্যন্ত ফ্রেন্ডস নেটফ্রিক্সের সবচেয়ে বেশি দেখা জনপ্রিয় শো হিসেবে চলেছে। তারপর কয়েক গুণ বেশি অর্থ দিয়ে নেটফ্রিক্সের কাছ থেকে ফ্রেন্ডস কিনে নেয় এইচবিও ম্যাক্স। ২০২০ সালের ২৭ মে থেকে সেখানকার জনপ্রিয় শো এটি। এখনো ভিউয়ের তালিকায় সবার ওপরে ফ্রেন্ডস।