
ডিসি কমিকসের সুপারহিরো সিনেমা দ্য ফ্ল্যাশ-এ এক ফরেনসিক বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন ঢাকার মডেল ও অভিনেত্রী স্মৃতি ফামি, ওয়ার্নার ব্রাদার্স পিকচার ও ডিসি স্টুডিওর প্রযোজনায় নির্মিত সিনেমাটি ১৬ জুন বাংলাদেশসহ বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে।
স্মৃতি ফামির জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা—সবই ঢাকায়। নব্বইয়ের ছোট পর্দার দর্শকের কাছে চেনা মুখ স্মৃতি ফামি, আফজাল হোসেন ও ঋতুপর্ণ ঘোষের মতো নির্মাতার বিজ্ঞাপনচিত্রে মডেলিং করে পরিচিতি পেয়েছিলেন তিনি। পাশাপাশি ঢাকার মঞ্চনাটক, নৃত্য ও টিভি নাটকেও সক্রিয় ছিলেন আজিমপুরের এই মেয়ে। প্রায় দুই যুগ আগে উচ্চশিক্ষা নিতে পাড়ি জমান যুক্তরাজ্যে, পড়াশোনা শেষ করে লন্ডনে থিতু হয়েছেন তিনি।
মাঝখানে দুই যুগ ঢাকার বিজ্ঞাপনচিত্র বা টিভি নাটকে খুব একটা পাওয়া যায়নি স্মৃতি ফামিকে। ফলে ঢাকার দর্শকের স্মৃতিতে প্রায় আবছা হয়ে এসেছিলেন তিনি। অনেকের স্মৃতি থেকে প্রায় মুছেও গিয়েছিলেন তিনি। সেই স্মৃতি আরও ধারে-ভারে ছড়িয়ে পড়লেন বিশ্বজুড়ে। ২০ কোটি ডলার ব্যয়ে নির্মিত দ্য ফ্ল্যাশ সিনেমায় তাঁর কাজের সুযোগ মিলেছে।
‘দ্য ফ্ল্যাশ’-এর স্মৃতি
যুক্তরাজ্যে শিল্পীরা মূলত এজেন্সির মাধ্যমে চলচ্চিত্রে কাজের সুযোগ পান। স্মৃতির সঙ্গেও এজেন্সির মাধ্যমে যোগাযোগ করেন দ্য ফ্ল্যাশ সিনেমার টিম। অডিশনে নির্বাচিত হয়ে ‘ক্যারেক্টার আর্টিস্ট’ হিসেবে সিনেমায় কাজের সুযোগ পান স্মৃতি ফামি। ২০২১ সালের ১৬ আগস্ট যুক্তরাজ্যে ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে সিনেমার দৃশ্যধারণে অংশ নেন ফামি।
গত মঙ্গলবার প্রথম আলোকে স্মৃতি ফামি বলেন, ‘আমি এখানে যে কয়টি সিনেমা করেছি, বেশির ভাগ সিনেমায়ই বড় তারকা ছিলেন। এমা টমসন, ভ্যাসোঁ ক্যাসেল, লিলি জেমসের সঙ্গে কাজ করছি। জর্জ ক্লুনি, বেন অ্যাফ্লেক বিশ্ব তারকা; মানুষ হিসেবে খুবই সাধারণ ও সাবলীল। এখানে কেউ নিজেকে তারকা কিংবা মহাতারকা হিসেবে জাহির করেন না। তাই গ্রিনরুমে আমরা স্বাভাবিকভাবে কাজের অবসরে আড্ডা দিই।’
সিনেমায় ফরেনসিক বিজ্ঞানীদের একটি দলের সদস্য হিসেবে স্মৃতি ফামিকে পাওয়া গেছে। ঢাকার স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখে অনেকে স্মৃতি ফামিকে শুভেচ্ছা জানিয়েছেন, কেউ কেউ পর্দা থেকে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। স্মৃতি ফামি বলেন, ‘এ রকম সিনেমায় হাজারো মানুষ যুক্ত থাকেন। এ রকম একটা সিনেমায় “স্ক্রিন টাইম” পেয়ে “ফিচার” হওয়াটা আমার কাছে বড় প্রাপ্তি। বাংলাদেশে আমাদের পরবর্তী প্রজন্ম আমাকে দেখে হয়তো আরও বড় কাজ করার উৎসাহ পাবে।’
সিনেমায় ফ্ল্যাশ চরিত্রে রয়েছেন ইজরা মিলার। সিনেমাটি পরিচালনা করেন অ্যান্ডি মুশিয়েটি। কয়েক বছর ধরে যুক্তরাজ্যের সিনেমায় নিয়মিত কাজ করছেন স্মৃতি ফামি। নির্মাতা শেখর কাপুরের রোমান্টিক কমেডি সিনেমা হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট? ও নিদা মানজুরের পোলাইট সোসাইটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারি ও এপ্রিলে সিনেমা দুটি মুক্তি পেয়েছে।
২০০০ সালে পড়াশোনা করতে লন্ডনে যান স্মৃতি। চলচ্চিত্রের ওপর একাধিক ডিগ্রি নিয়েছেন তিনি। বর্তমানে লন্ডনে প্রসাধন পণ্যের ব্যবসায় যুক্ত রয়েছেন স্মৃতি ফামি। একাধিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি চলচ্চিত্র নিয়ে বইও লিখেছেন তিনি। যুক্তরাজ্যের ইন্ডাস্ট্রিতে প্রায় এক দশকের ক্যারিয়ার, ২০১৭ সাল থেকে ব্রিটিশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির তালিকাভুক্ত শিল্পী স্মৃতি ফামি। স্বপ্ন কী? জানতে চাইলে বলেন, ‘কাজ করে যাচ্ছি, সাফল্যের পেছনে না দৌড়ে কাজটাই করে যেতে চাই।’
এই পথ কতটা বন্ধুর
দক্ষিণ এশীয় হিসেবে পশ্চিমে কাজ করাটা কতটা চ্যালেঞ্জিং? এমন প্রশ্নের জবাবে স্মৃতি ফামি বলেন, ‘বাংলাদেশের ইন্ডাস্ট্রির সঙ্গে দুই যুগের বেশি সময় ধরে আমি যুক্ত। এখনো ওখানে ইন্ডাস্ট্রি বলতে যা বোঝায়, তা তৈরি হয়নি। প্রোডাকশন কোম্পানি, কাস্টিং এজেন্সি, বক্স অফিস তো দূরের কথা—একটা সিনেমা ল্যাবও নেই। সেখানে হলিউডের মতো সিনেমা প্রোডাকশনে ফিচার হওয়া পুরোটাই চ্যালেঞ্জিং। আমি এখানে এই বিষয়ে পড়ালেখা করে কাজ করছি বলে হয়তো সহজ লাগছে। কিন্তু সাধারণভাবে ভেবে দেখলে এখানে তালিকাভুক্ত হওয়াটাই বড় চ্যালেঞ্জ।’
ঢাকার স্মৃতি
টিভি নাটক, মঞ্চনাটক, নৃত্য, মডেলিং—সব মাধ্যমেই কাজ করেছেন স্মৃতি ফামি। মাঝেমধ্যেই ঢাকায় আসেন তিনি। বছর তিনেক আগে ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে তাঁকে দেখা গেছে।
সেই দফায় অন্তঃঋণ নামে একটি টিভি নাটকের কাজও করে গেছেন তিনি। ঢাকায় প্রায় দুই যুগের ক্যারিয়ারে স্মৃতিকে কোনো সিনেমায় দেখা যায়নি। সুযোগ মিললে ঢাকার সিনেমায়ও কাজ করতে চান তিনি। মাঝেমধ্যে ঢাকার সিনেমা দেখেন তিনি। ঢাকার আজিমপুরের একটি সংস্কৃতিমনা পরিবারে তাঁর জন্ম। বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শিখেছেন, থিয়েটার স্কুলে মঞ্চনাটকের চর্চা করেছেন। টিভি নাটকে ক্যারিয়ার শুরুর পর বিজ্ঞাপনচিত্রেও মডেল হিসেবে আলোচনায় এসেছেন।