রবার্ট প্যাটিনসন। ছবি: রয়টার্স
রবার্ট প্যাটিনসন। ছবি: রয়টার্স

জল্পনার অবসান, নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হিসেবে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের ভূমিকায় দেখা যাবে সপ্তম অভিনেতাকে। দীর্ঘদিনের অপেক্ষা ও নানা জল্পনার অবসান ঘটিয়ে আজ সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন বন্ডের নাম প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান।

৪০ বছর বয়সী প্যাটিনসনের নাম ঘোষণার আগে জেমস বন্ডের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোর পুরোনো সব পোস্ট সরিয়ে ফেলা হয়। এরপর সেখানে ভেসে ওঠে দুটি শব্দ—‘পরিচয় নিশ্চিত’। কিছুক্ষণের মধ্যেই প্রকাশ করা হয় বন্ডের চিরচেনা টাক্সেডো পরা প্যাটিনসনের প্রথম ছবি। এক বিবৃতিতে স্টুডিও জানায়, প্যাটিনসনের হাত ধরে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এই চরিত্রের নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে।

নতুন বন্ড নির্বাচনের প্রক্রিয়াটি বেশ দীর্ঘ ছিল। পাঁচজনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন প্যাটিনসন ছাড়াও জশ ও’কনর ও ক্যালাম টার্নার। তবে গত শুক্রবার বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় প্যাটিনসনকে চুক্তির ক্ষেত্রে বেশি সুবিধাজনক শর্ত দেওয়া হয়েছে। তখন থেকেই তাঁর বন্ড হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা জোরালো হয়।

রবার্ট প্যাটিনসন

এর আগে সর্বশেষ পাঁচটি ছবিতে জেমস বন্ডের চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ। ২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিয়ে শুরু হয়েছিল তাঁর বন্ড-অধ্যায়। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘নো টাইম টু ডাই’ ছিল এই চরিত্রে তাঁর শেষ ছবি। করোনা মহামারির কারণে ছবিটির মুক্তি পিছিয়ে গিয়েছিল। গল্পের পরিণতিতে বন্ডের মৃত্যু দেখানো হলেও শেষ দৃশ্যে লেখা ছিল, ‘জেমস বন্ড ফিরে আসবে’। সেই প্রত্যাবর্তন এবার ঘটছে নতুন অভিনেতার হাত ধরে।

ক্রেগের সময়ে বন্ড সিরিজ বক্স অফিসে নতুন উচ্চতায় পৌঁছায়। বিশেষ করে ২০১২ সালে মুক্তি পাওয়া ‘স্কাইফল’ বিশ্বজুড়ে আয় করে ১১০ কোটি ডলারের বেশি। পাঁচটি ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চরিত্রটিকে নতুনভাবে উপস্থাপন করেছিলেন ক্রেগ।

প্যাটিনসন অভিনীত পরবর্তী ছবিটি হবে জেমস বন্ড সিরিজের ২৬তম আনুষ্ঠানিক চলচ্চিত্র। তবে ১৯৬৭ সালের ‘ক্যাসিনো রয়্যাল’ ও ১৯৮৩ সালের ‘নেভার সে নেভার অ্যাগেইন’—এই দুটি অনানুষ্ঠানিক ছবিসহ হিসাব করলে বন্ড ছবির সংখ্যা দাঁড়ায় ২৮।
নতুন ছবিটির নাম এখনো ঘোষণা করা হয়নি। তবে এর মধ্য দিয়ে বন্ড সিরিজে শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। ২০২৫ সালে এক বিলিয়ন ডলারের বেশি অর্থের বিনিময়ে সিরিজটির স্বত্ব কিনে নেয় অ্যামাজন-এমজিএম স্টুডিওস। দীর্ঘদিন ধরে বন্ড ছবির দেখভাল করে আসা বারবারা ব্রকোলি ও মাইকেল জি উইলসনের কাছ থেকে স্বত্ব হস্তান্তরের পর এটিই হবে অ্যামাজনের অধীনে নির্মিত প্রথম বন্ড ছবি।

নতুন ছবির প্রযোজনার দায়িত্বে থাকছেন ‘হ্যারি পটার’ ছবির প্রযোজক ডেভিড হেইম্যান এবং ‘স্পাইডার-ম্যান’ ছবির প্রযোজক অ্যামি প্যাসকেল। পরিচালনা করবেন ‘ডিউন’ ট্রিলজির নির্মাতা ডেনিস ভিলনভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’খ্যাত স্টিভেন নাইট।

ড্যানিয়েল ক্রেগ

বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে প্যাটিনসন ইতিমধ্যে নিজের অভিনয়ক্ষমতার প্রমাণ দিয়েছেন। বড় বাজেটের বাণিজ্যিক ছবির পাশাপাশি ব্যতিক্রমী ও শিল্পমানসম্পন্ন চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ২০০৫ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ ছবিতে সেড্রিক ডিগরির চরিত্রে অভিনয় করে প্রথম নজরে আসেন। পরে ‘টোয়াইলাইট’ সিরিজে ভ্যাম্পায়ার এডওয়ার্ড কালেন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে তারকাখ্যাতি পান। এ সিরিজে তাঁর সহশিল্পী ছিলেন ক্রিস্টেন স্টুয়ার্ট।

এরপর ডেভিড ক্রোনেনবার্গের ‘কসমোপলিস’ ও ‘ম্যাপস টু দ্য স্টারস’, রবার্ট এগার্সের ‘দ্য লাইটহাউস’ এবং লিন রামসের ‘ডাই, মাই লাভ’-এর মতো ভিন্নধর্মী ছবিতে অভিনয় করেন প্যাটিনসন। ২০২২ সালে ‘দ্য ব্যাটম্যান’ দিয়ে আবারও বড় ফ্র্যাঞ্চাইজির ছবিতে ফেরেন। ফলে বাণিজ্যিক জনপ্রিয়তা ও অভিনয়ের বৈচিত্র্য—দুই দিক থেকেই তাঁকে নতুন বন্ড হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

১৯৬২ সালে মুক্তি পাওয়া ‘ড. নো’ ছবির মাধ্যমে প্রথম বড় পর্দায় জেমস বন্ড হয়ে আসেন স্কটিশ অভিনেতা শন কনারি। ছবিটির সাফল্যের পর পরবর্তী পাঁচ বছরের মধ্যে আরও চারটি বন্ড ছবিতে অভিনয় করেন তিনি। ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’, ‘গোল্ডফিঙ্গার’, ‘থান্ডারবল’ ও ‘ইউ অনলি লিভ টোয়াইস’—এই ছবিগুলোকে এখনো বন্ড সিরিজের সেরা কাজগুলোর মধ্যে বিবেচনা করা হয়।
জেমস বন্ড চরিত্রের স্রষ্টা লেখক ইয়ান ফ্লেমিং অবশ্য শুরুতে এই চরিত্রে ইংরেজ অভিনেতা ডেভিড নিভেনকে পছন্দ করতেন। ১৯৬৭ সালের অনানুষ্ঠানিক ছবি ‘ক্যাসিনো রয়্যাল’-এ অভিনয়ও করেন নিভেন। অন্যদিকে অস্ট্রেলীয় অভিনেতা জর্জ ল্যাজেনবি একবারের জন্য বন্ড হয়েছিলেন। ১৯৬৯ সালে মুক্তি পাওয়া ‘অন হার ম্যাজেস্টিজ সিক্রেট সার্ভিস’ ছিল তাঁর একমাত্র বন্ড ছবি। পরে ‘ডায়মন্ডস আর ফরএভার’ দিয়ে ১৯৭১ সালে আবারও চরিত্রটিতে ফেরেন কনারি।

১৯৭৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত সাতটি ছবিতে বন্ড চরিত্রে অভিনয় করেন রজার মুর। তাঁর সময়ে চরিত্রটিতে যুক্ত হয় খানিকটা রসিকতা ও হালকা মেজাজ। ‘দ্য স্পাই হু লাভড মি’, ‘মুনরেকার’ ও ‘অক্টোপুসি’ তাঁর উল্লেখযোগ্য বন্ড ছবি। এরপর আশির দশকের শেষ দিকে দুটি ছবিতে বন্ড হন টিমোথি ডালটন। ছয় বছরের বিরতির পর ১৯৯৫ সালে ‘গোল্ডেনআই’ দিয়ে চরিত্রটিতে ফেরেন আইরিশ অভিনেতা পিয়ার্স ব্রসনান। চারটি ছবিতে অভিনয়ের পর তাঁর স্থলাভিষিক্ত হন ড্যানিয়েল ক্রেগ।
এ পর্যন্ত আনুষ্ঠানিক জেমস বন্ড ছবিগুলো বিশ্বজুড়ে আয় করেছে মোট ৭৮০ কোটি ডলার। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি আয় করা ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে এর অবস্থান পঞ্চম। তবে পণ্য বিক্রি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে স্পনসরশিপ চুক্তি থেকে পাওয়া আয় এর বাইরেও অনেক বেশি বলে ধারণা করা হয়। এবার রবার্ট প্যাটিনসনের হাত ধরে সেই দীর্ঘ ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে নতুন অধ্যায়।
দ্য গার্ডিয়ান অবলম্বনে