অস্কারজয়ী হলিউড অভিনেতা ডাস্টিন লি হফম্যান আজ ৮৬ বছর পূর্ণ করে ৮৭ বছরে পা দিলেন। ‘ক্রেমার ভার্সেস ক্রেমার’ ও ‘রেইন ম্যান’ দিয়ে দুইবার একাডেমি অ্যাওয়ার্ড পান তিনি। তাঁর জন্মদিনে ভ্যারাইটি অবলম্বনে তাঁর আলোচিত পাঁচটি সিনেমা নিয়ে আলোচনা করা হলো।
‘দ্য গ্র্যাজুয়েট’ (১৯৬৭)
‘দ্য গ্র্যাজুয়েট’ সিনেমায় অন্যতম মূল চরিত্রে নাম লেখানোর আগে দু-একটি সিনেমায় পার্শ্বচরিত্রে পাওয়া গেছে ডাস্টিন হফম্যানকে। তবে সেই সব সিনেমায় খুব একটা সুবিধা করতে পারেননি, দর্শকের কাছেও পৌঁছতে পারেননি। সমালোচকেরা বলেন, ‘দ্য গ্র্যাজুয়েট’ সিনেমা দিয়েই প্রথম পরিচিতি পান তিনি।
সিনেমায় দেখা যায়, নিজের চেয়ে দ্বিগুণ বয়সী এক বিবাহিত নারীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন হফম্যান, সেই নারীর চরিত্রে অভিনয় করেছেন অ্যান ব্যানক্রফট। সিনেমাটি পরিচালনা করেছেন মাইক নিকোলাস। সিনেমায় অভিনয়ের সুবাদে অস্কারে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পান হফম্যান।
‘মিডনাইট কাউবয়’ (১৯৬৯)
নিউইয়র্কের এক পুরুষ যৌনকর্মীর সঙ্গে এক হতাশাগ্রস্ত তরুণের বন্ধুত্বের গল্পে সিনেমাটি নির্মাণ করেন নির্মাতা জন শ্লেসিঞ্জার। এতে হতাশ তরুণের ভূমিকায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন ডাস্টিন হফম্যান। এটিই প্রথম কোনো এক্স রেটেড সিনেমা, যেটি অস্কারের সেরা ছবির পুরস্কার পেয়েছে। এই সিনেমায় অভিনয়ের জন্য দ্বিতীয়বার সেরা অভিনেতার মনোনয়ন পান হফম্যান।
‘ক্রেমার ভার্সেস ক্রেমার’ (১৯৭৯)
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর একক বাবা হিসেবে সন্তানের অভিভাবকত্ব পাওয়ার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে একক বাবার চরিত্রে অভিনয় করেছেন হফম্যান। হফম্যান ছাড়াও মেরিল স্ট্রিপ, জাস্টিন হেনরিও অভিনয় করেছেন সিনেমায়। সিনেমাটি পরিচালনা করেছেন রবার্ট বেনটন। সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার পেয়েছেন হফম্যান।
‘অল দ্য প্রেসিডেন্ট’স মেন’ (১৯৭৬)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের শাসনামলে ‘ওয়াটারগেট কেলেঙ্কারি’ তুলে আনা সংবাদকর্মীর চরিত্রে অভিনয় করেছেন হফম্যান। সমালোচকেরা, এটিকে হফম্যানের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা হিসেবে বিবেচনা করেন। সিনেমাটি নির্মাণ করেছেন অ্যালান জে পাকুলা।
‘টুটসি’ (১৯৮২)
সিনেমায় মাইকেল ডরসি নামের এক অভিনেতার চরিত্রে অভিনয় করেছেন হফম্যান। ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি সেই বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ছিল। সিনেমাটি পরিচালনা করেছেন সিডনি পোলাক।