সিনেমার দৃশ্যে বাডি ডুরেস। আইএমডিবি
সিনেমার দৃশ্যে বাডি ডুরেস। আইএমডিবি

৩৮ বছর বয়সেই চলে গেলেন ‘গুড টাইম’ অভিনেতা

মার্কিন অভিনেতা বাডি ডুরেস মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৩৮। গত বছরের নভেম্বরে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পিপল ডটকম। গত মঙ্গলবার গণমাধ্যমটিতে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ভাই ক্রিস্টোফার স্টাসিস।

জানা গেছে, ড্রাগের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন ডুরেস। ‘গুড টাইমস’, ‘হ্যাভেন নৌজ হোয়াট’ ইত্যাদি কাজ দিয়ে পরিচিতি পেয়েছিলেন এই তরুণ অভিনেতা।

১৯৮৫ সালে নিউইয়র্কের কুইন্সে জন্ম হওয়া ডুরেস ২০১৪ সালে ‘হ্যাভেন নৌজ হোয়াট’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন।

সিনেমার দৃশ্যে বাডি ডুরেস। আইএমডিবি

পরে তাঁকে দেখা যায় ‘পারসন টু পারসন’, ‘দ্য মাউন্টেন’ ইত্যাদি সিনেমায়। ২০১৬ সালে একটি টিভি সিরিজেও অভিনয় করেন তিনি।

তবে ডুরেস ব্যাপক পরিচিতি পান ২০১৭ সালে মুক্তি পাওয়া জশ ও বেনি সাফদির স্বাধীন ঘরানার সিনেমা ‘গুড টাইম’ দিয়ে। ক্রাইম-থ্রিলার ঘরানার সিনেমাটিতে তিনি অভিনয় করেছিলেন রবার্ট প্যাটিনসনের সঙ্গে।

অভিনেতার মৃত্যুর খবরে শোক প্রকাশ করে লেখক ও নির্মাতা কারালেস এক্সে লিখেছেন, ‘সে ছিল সত্যিকারের এক সম্পদ। নিঃসন্দেহে আমার দেখা সবচেয়ে মজার মানুষ ছিল সে।’