
মাত্র চার বছর বয়সে একটি সিরিয়ালের বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু। শৈশবেই শিল্পী হিসেবে পেয়েছেন খ্যাতি। দীর্ঘ এই যাত্রায় সাফল্যের পাশাপাশি ছিল নানা চ্যালেঞ্জও। এই শিশু প্রথম ‘ডার্ক নাইট রাইজেস’ সিনেমা দিয়ে আলোচনায় আসে। এরপর আর হলিউডের পেছনে তাকাতে হয়নি। আজ সেই জোয়ি কিংয়ের জন্মদিন।
বোনদের অনুপ্রেরণায় অভিনয়ে
জোয়ির অভিনয়ে আসার অনুপ্রেরণা ছিল তাঁর দুই বড় বোন। দুই বোনই শৈশব থেকে চাইত জোয়ি অভিনয় করুক। কারণ তাঁর কথা বলা, আচরণের মধ্যে সেগুলো নাকি স্পষ্ট থাকত। বিজ্ঞাপনের পরে একে একে টেলিভিশন সিরিজ ও সিনেমায় অভিনয়ের সুযোগ পান। শৈশবেই ‘দ্য সুইট লাইফ অব জ্যাক অ্যান্ড কোডি’, ‘রামোনা অ্যান্ড বিজাস’ ও ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর মতো প্রযোজনায় অভিনয় করে নজর কেড়েছিলেন।
সহজ ছিল না বড় হয়ে ওঠা
শিশুশিল্পী থেকে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হওয়ার পথটি যে সহজ ছিল না। সেটি একাধিক সাক্ষাৎকারে বলেছেন জোয়ি। এর আগে এলি অস্ট্রেলিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জোয়ি বলেছিলেন, ‘শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পরে অনেকেই তাঁকে দীর্ঘদিন শুধু ‘শিশুশিল্পী’ হিসেবেই দেখেছেন। যে কারণে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভালো চরিত্র পাচ্ছিলাম না। শিশুশিল্পী হিসেবে সফল হওয়া দারুণ ব্যাপার। কিন্তু সেখান থেকে প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা খুব কঠিন। এটি সত্যিই দীর্ঘ এক যাত্রা।’ শুধু তাই নয়, এমনটাও তিনি বলেছেন, ‘অনেক সময় আমাকে অবমূল্যায়ন করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু আমি সব সময় নিজের কাজ দিয়েই উত্তর দিতে চেয়েছি।’
যে ছবি বদলে দেয় ক্যারিয়ার
তখনো শিশুশিল্পী হিসেবে পরিচিত ছিলেন। ক্যারিয়ার নিয়েও ছিলেন হতাশ। এমন সময়ে ২০১৮ সালে নেটফ্লিক্সের ‘দ্য কিসিং বুথ’ তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। মুক্তির পর বিশ্বজুড়ে নায়িকা হিসেবে পরিচিতি পান জোয়ি কিং। সিনেমাতে এল ইভান্স চরিত্রে তাঁর অভিনয় তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই থেকে বাড়তে থাকে তাঁর ফেসবুক ও ইনস্টার অনুসারী। বর্তমানে তাঁকে ১ কোটি ৭১ লাখ অনুসারী ইনস্টায় অনুসরণ করেন। এই সিনেমার পরের বছর ‘দ্য অ্যাক্ট’ সিরিজে বাস্তব চরিত্র জিপসি রোজ ব্ল্যানচার্ড-এর ভূমিকায় অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান। এই কাজের জন্য তিনি এমি ও গোল্ডেন গ্লোব মনোনয়ন পান। বদলে যেতে থাকে তাঁর ক্যারিয়ার।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়
শুধু অভিনয়েই থেমে থাকেননি জোয়ি কিং। নিজ নামে প্রযোজনা প্রতিষ্ঠান গড়েছেন। নেটফ্লিক্সের ‘আগলিজ’ সিনেমা নির্মাণে তিনি নির্বাহী প্রযোজক হিসেবেও কাজ করেন। তাঁর ভাষায়, ক্যামেরার পেছনের কাজও এখন তাঁকে সমানভাবে টানে। তবে অভিনয় নিয়েই বেশি কাজ করতে চান। তিনি কাজ নিয়ে সব সময়ই বলেন, ‘আমি খুবই সাধারণ। কিন্তু আমি অভিনয় ছাড়া থাকতে পারি না। থাকলে ক্রেজি হয়ে যাই।’
এখন নায়িকা হয়ে এগিয়ে চলা
১৯৯৯ সালের ৩০ জুলাই জন্ম নেওয়া এই অভিনেত্রী একসময় ভেবেছিলেন, শিশুশিল্পী থেকেই হয়তো হারিয়ে যাবেন। সেখান থেকে নিজেকে তিনি ক্রমেই হলিউডে পরিচিত করে তুলছেন। শিশুশিল্পী থেকে এখন তিনি নায়িকা। সর্বশেষ এই অভিনেত্রী ‘উই ওয়ার দ্য লাক ওয়ান্স’ সিরিজ দিয়ে আলোচনায় আসেন। ‘অ্যা ফ্যামিলি অ্যাফেয়ার’, ‘বুলেট ট্রেন’ তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য সিনেমা। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দ্য প্র্যাকটিক্যাল ম্যাজিক্যাল-২’ সিনেমা। বর্তমানে তিনি ৫০ লাখ ডলারের মালিক। অভিনয় ও ক্যারিয়ার নিয়ে তিনি টিন ভোগকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি সব সময় এমন কাজ করতে চাই, যা আমাকে ভয় দেখায়। কারণ, নিজের স্বস্তির জায়গা থেকে বেরিয়ে এলেই একজন শিল্পী হিসেবে সবচেয়ে বেশি শেখা যায়।’
আইএমডিবি অবলম্বনে