হলিউডের জনপ্রিয় তারকা জুটি টম হল্যান্ড ও জেনডায়া বিয়ে করেছেন। খবরটি প্রকাশ্যে আনলেন জেনডায়ার দীর্ঘদিনের স্টাইলিস্ট ল রোচ। গতকাল রোববার রাতে লস অ্যাঞ্জেলেসে অ্যাক্টর অ্যাওয়ার্ডসের লালগালিচায় ‘অ্যাক্সেস হলিউড’-এর সঙ্গে কথা বলতে গিয়ে ল রোচ বলেন, ‘বিয়েটা হয়ে গেছে। তোমরা মিস করেছ।’ প্রতিবেদক যখন বিস্ময় প্রকাশ করে জানতে চান, ‘এটা কি সত্যি?’ তখন হাসতে হাসতেই রোচ নিশ্চিত করেন, ‘হ্যাঁ, একদম সত্যি।’ তবে বিয়ে নিয়ে টম বা জেনডায়ার বক্তব্য পাওয়া যায়নি।
প্রেম থেকে পরিণয়
মার্ভেলের ছবি ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’-এর সেটে ২০১৬ সালে প্রথম পরিচয় টম ও জেনডায়ার। দীর্ঘদিন বন্ধুত্বের পর ২০২১ সালে তাঁরা প্রকাশ্যে সম্পর্কের কথা জানান। গত বছর গোল্ডেন গ্লোবস অনুষ্ঠানে জেনডায়ার বাঁ হাতে হীরার আংটি দেখা যাওয়ার পর থেকেই তাঁদের বাগ্দানের গুঞ্জন ছড়ায়। পরে ২০২৫ সালে এক সাক্ষাৎকারে টম হল্যান্ড নিজেই বিষয়টি নিশ্চিত করেন। এক প্রতিবেদক জেনডায়াকে তাঁর ‘গার্লফ্রেন্ড’ বললে টম হেসে সংশোধন করে বলেন, ‘বাগ্দত্তা’।
পর্দায় জুটি, বাস্তবেও জুটি
টম হল্যান্ড ও জেনডায়া এর আগে একসঙ্গে অভিনয় করেছেন ‘স্পাডার-ম্যান: ফার ফ্রম হোম’ ও ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ ও ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ। ২০২৬ সালেও দর্শক তাঁদের দুবার একসঙ্গে বড় পর্দায় দেখবেন—প্রথমে জুনে মুক্তি পেতে চলা ‘স্পাইডার-ম্যান: ব্র্যাড নিউ ডে’, এরপর জুলাইয়ে পরিচালক ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’-তে।
ব্যক্তিগত জীবন নিয়ে নীরবতা
এই তারকা জুটি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত। প্রকাশ্যে খুব কমই নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলেন তারা। তবে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে দুজনেই খোলামেলা। ২০২৪ সালে টম বলেছিলেন, ‘ওর সঙ্গে কাজ করা আমার জীবনের সেরা জিনিস। সেটে পরিচালক কোনো নির্দেশ দিলে আমরা একে অপরের দিকে তাকিয়ে বুঝে যাই, পরে এটা নিয়ে কথা বলব।’
অন্যদিকে ২০২৫ সালে ‘ভ্যানিটি ফেয়ার’-কে দেওয়া সাক্ষাৎকারে জেনডায়া বলেন, ‘ওর পাশে অভিনয় করা খুব স্বাভাবিক লাগে। আপনি যাঁর সঙ্গে অভিনয় করছেন, তাঁর সঙ্গে নিরাপদ বোধ করলে কাজটা আরও সহজ হয়। টম অসাধারণ প্রতিভাবান ও ভীষণ পরিশ্রমী।’
গোপন বিয়ে, চমকে ভক্তরা
বিয়ে নিয়ে এত দিন কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় ল রোচের মন্তব্যে ভক্তদের মধ্যে তুমুল চাঞ্চল্য তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন একটাই প্রশ্ন—কবে, কোথায় ও কীভাবে হলো এই তারকা জুটির বিয়ে? যদিও টম বা জেনডায়া এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবু লালগালিচায় স্টাইলিস্টের এই নিশ্চিত ঘোষণাই আপাতত হলিউডের সবচেয়ে বড় আলোচনার বিষয়।
ভ্যারাইটি অবলম্বনে