হলিউডের স্বর্ণযুগের অন্যতম স্মরণীয় অভিনেত্রী ইভা মেরি সেইন্ট মারা গেছেন। ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’ ও ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-এর মতো কালজয়ী ছবিতে অভিনয় করা এই অস্কারজয়ী তারকার বয়স হয়েছিল ১০২ বছর।
গতকাল মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে তাঁর স্বাভাবিক মৃত্যু হয়। মৃত্যুর সময় পরিবারের সদস্যরা পাশে ছিলেন বলে জানিয়েছেন তাঁর প্রতিনিধি জেফ স্যান্ডারসন।
সাত দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ইভা মেরি সেইন্ট কাজ করেছেন এলিয়া কাজান, আলফ্রেড হিচকক, অটো প্রিমিঙ্গার ও জন ফ্রাঙ্কেনহাইমারের মতো খ্যাতিমান পরিচালকের সঙ্গে।
অভিনয় করেছেন মার্লন ব্র্যান্ডো, ক্যারি গ্রান্ট, পল নিউম্যান ও ওয়ারেন বিটির মতো তারকার বিপরীতে। চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনেও তিনি ছিলেন সফল; পেয়েছেন এমি পুরস্কারও।
১৯৫৪ সালে এলিয়া কাজানের ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। মার্লন ব্র্যান্ডোর বিপরীতে এডি ডয়েল চরিত্রে অভিনয় করে প্রথম ছবিতেই জিতে নেন সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার। ব্র্যান্ডোর তীব্র অভিনয়ের বিপরীতে সেইন্টের সংযত অভিনয় ছবিটিকে দিয়েছিল আলাদা মাত্রা।
‘অন দ্য ওয়াটারফ্রন্ট’ পরে চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সেরা ছবি হিসেবে স্বীকৃতি পায়। অস্কার জয়ের মাত্র দুই দিন পরই মা হন ইভা মেরি সেইন্ট। জন্ম হয় তাঁর প্রথম সন্তান ড্যারেলের। ব্যক্তিজীবনকে গুরুত্ব দেওয়ার এই প্রবণতা পরবর্তী ক্যারিয়ারেও দেখা গেছে।
১৯৫৯ সালে আলফ্রেড হিচককের ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-এ ক্যারি গ্রান্টের বিপরীতে অভিনয় করে আবারও আলোচনায় আসেন তিনি। রহস্যময় ইভ কেন্ডাল চরিত্রে তাঁর অভিনয় আজও চলচ্চিত্রপ্রেমীদের কাছে স্মরণীয়।
হিচকক তাঁর পোশাক, চুল, মেকআপ থেকে শুরু করে আনুষঙ্গিক বিষয়ও খুব সতর্কভাবে নির্ধারণ করেছিলেন। পরে সেইন্ট বলেছিলেন, পরিচালকের তৈরি বাহ্যিক অবয়বই তাঁকে চরিত্রটির ভেতরে ঢুকতে সাহায্য করেছিল।
এরপর ‘এক্সোডাস’-এ পল নিউম্যান এবং ‘অল ফল ডাউন’-এ ওয়ারেন বিটির সঙ্গে অভিনয় করেন সেইন্ট। কিন্তু হলিউডের শীর্ষে থেকেও নিয়মিত কাজ করার পথ বেছে নেননি। স্বামী জেফ্রি হেইডেন ও দুই সন্তানকে সময় দিতে অনেক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। হেইডেনের সঙ্গে তাঁর দাম্পত্য টিকে ছিল ৬৫ বছর, ২০১৬ সালে তাঁর মৃত্যু পর্যন্ত।
টেলিভিশনেও ছিল সেইন্টের দীর্ঘ সফল ক্যারিয়ার। ১৯৯০ সালে ‘পিপল লাইক আস’ মিনি সিরিজে অভিনয়ের জন্য এমি জেতেন তিনি।
দীর্ঘ বিরতির পর ২০০৬ সালে ‘সুপারম্যান রিটার্নস’ ছবিতে সুপারম্যানের দত্তক মা মার্থা কেন্ট চরিত্রে বড় পর্দায় ফেরেন। আশির কোঠায় পৌঁছেও অভিনয় চালিয়ে যান। পরে ‘উইন্টার্স টেল’সহ আরও কয়েকটি ছবিতে দেখা গেছে তাঁকে। ২০১৮ সালের অস্কার অনুষ্ঠানেও পুরস্কার উপস্থাপন করেন তিনি।
১৯২৪ সালে নিউ জার্সির নিউয়ার্কে জন্ম নেওয়া ইভা মেরি সেইন্ট প্রথমে শিক্ষক হতে চেয়েছিলেন। পরে নাটকের প্রতি আগ্রহ থেকে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। সাত দশকের ক্যারিয়ারে অস্কার ও এমি—দুই পুরস্কারই পাওয়া এই অভিনেত্রী হয়ে থাকবেন হলিউডের এক পরিবর্তনশীল যুগের গুরুত্বপূর্ণ সাক্ষী।
এএফপি অবলম্বনে