বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের পছন্দের স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। প্রতিদিনই নতুন সিনেমা যুক্ত হচ্ছে, আবার পুরোনো অনেক ছবিও নতুন করে জনপ্রিয়তা পাচ্ছে। গতকাল পর্যন্ত নেটফ্লিক্সের এই তালিকার আলোচনায় রয়েছে ১০টি সিনেমা। রোমান্স, থ্রিলার, অপরাধকাহিনি, পারিবারিক, ক্রীড়াভিত্তিক জনরার গল্পগুলো জেনে নিতে পারেন। মিলিয়ে নিতে পারেন আপনার পছন্দের সঙ্গে।

১. ‘অফিস রোমান্স’
একটি করপোরেট অফিসকে কেন্দ্র করে গড়ে ওঠা রোমান্টিক কমেডি সিনেমা ‘অফিস রোমান্স’। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা, ভুল-বোঝাবুঝি ও ধীরে ধীরে গড়ে ওঠা প্রেমের গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটি। আধুনিক কর্মজীবনের চাপের মধ্যেও সম্পর্কের উষ্ণতা খুঁজে পাওয়ার গল্প এটি। হালকা মেজাজের এই ছবি দর্শকদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে।
২. ‘দ্য মার্কড ওম্যান’
এক নারীর জীবনে ঘটে যাওয়া রহস্যময় ঘটনার অনুসন্ধান নিয়ে নির্মিত থ্রিলার সিনেমা ‘দ্য মার্কড ওম্যান’। অতীতের একটি ঘটনা তাঁর বর্তমানকে বিপন্ন করে তোলে। সত্য খুঁজতে গিয়ে তিনি জড়িয়ে পড়েন বিপজ্জনক ষড়যন্ত্রে। টানটান উত্তেজনা ও মনস্তাত্ত্বিক রহস্য ছবিটির প্রধান আকর্ষণ। এটি মুক্তি পায় ২০২৫ সালে।
৩. ‘দ্য মার্ডার অব রেচেল নিকেল’
বাস্তব ঘটনার অনুপ্রেরণায় ২০২৪ সালে নির্মিত অপরাধভিত্তিক সিনেমা ‘দ্য মার্ডার অব রেচেল নিকেল’। একটি আলোচিত হত্যাকাণ্ড এবং সেই ঘটনার তদন্তে পুলিশের নানা ব্যর্থতা ও বিতর্ক তুলে ধরা হয়েছে। বিচারব্যবস্থা, গণমাধ্যম ও জনমতের প্রভাবও গল্পের গুরুত্বপূর্ণ অংশ।
৪. ‘সোয়্যাপ্ট’
অদ্ভুত এক পরিস্থিতিতে দুই ভিন্ন মানুষের জীবন অদলবদল হয়ে যায়। নতুন পরিচয়ে বেঁচে থাকার চেষ্টা করতে গিয়ে তারা উপলব্ধি করে নিজের জীবনের মূল্য। কমেডি ও পারিবারিক নাটকের মিশেলে নির্মিত এই সিনেমা দর্শকদের বিনোদনের পাশাপাশি আবেগীয় করে তোলে। অ্যানিমেশন সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পায়।
৫. ‘ক্রিড থ্রি’
সিনেমাটি বক্সিং জগতের জনপ্রিয় ‘ক্রিড’ সিরিজের তৃতীয় কিস্তি। অ্যাডোনিস ক্রিডের সফল জীবনে পুরোনো এক বন্ধুর আবির্ভাব নতুন সংঘাত তৈরি করে। বন্ধুত্ব, প্রতিদ্বন্দ্বিতা ও আত্ম প্রমাণের গল্প নিয়ে নির্মিত ছবিটি খেলাকে কেন্দ্র করে অন্যতম সফল উদাহরণ। সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পায়।
৬. ‘লেডিস ফার্স্ট’
নারীদের সংগ্রাম, আত্মবিশ্বাস ও সামাজিক বাধা অতিক্রম করার গল্প ‘লেডিস ফার্স্ট’। বিভিন্ন প্রেক্ষাপটের কয়েকজন নারীর জীবনকে এক সুতোয় গেঁথে তৈরি হয়েছে সিনেমাটি। সমসাময়িক সামাজিক বাস্তবতা ও নারী ক্ষমতায়নের বার্তা ছবিটির মূল শক্তি।
৭. ‘রেডিও’
‘রেডিও’ একটি হৃদয়স্পর্শী জীবনীভিত্তিক সিনেমা। মানসিক প্রতিবন্ধকতা থাকা এক তরুণ ও এক স্কুল ফুটবল কোচের বন্ধুত্বের গল্প এতে তুলে ধরা হয়েছে। গ্রহণযোগ্যতা, সহমর্মিতা ও মানবিকতার বার্তা বহনকারী এই ছবি মুক্তির দুই দশক পরও দর্শকদের আবেগ ছুঁয়ে যাচ্ছে।
৮. ‘মা বেহেন’
ভারতীয় পারিবারিক প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে মা, বোন ও পরিবারের সম্পর্ক কেন্দ্র করে গল্প এগিয়েছে। হাস্যরস, আবেগ ও পারিবারিক টানাপোড়েনের মিশেলে নির্মিত ‘মা বেহেন’ ছবিটি দক্ষিণ এশীয় দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে।
৯. ‘ফরগিভনেস গার্ল’
অতীতের ক্ষত ও ক্ষমার শক্তি নিয়ে নির্মিত আবেগঘন সিনেমা এটি। জীবনের কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হওয়া এক তরুণীর গল্প বলা হয়েছে এতে। সম্পর্ক, অনুশোচনা এবং আত্মমুক্তির বিষয়গুলো ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছে।
১০. ‘রেচেল গেটিং ম্যারিড’
এটি একটি পারিবারিক নাটক, যেখানে একটি বিয়েকে ঘিরে পরিবারের পুরোনো ক্ষত, দ্বন্দ্ব ও সম্পর্কের জটিলতা সামনে আসে। অস্কার মনোনীত অভিনয় ও বাস্তবধর্মী নির্মাণশৈলীর জন্য ছবিটি বিশেষভাবে প্রশংসিত। সিনেমাটি ২০০৮ সালে মুক্তি পায়।