
২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অলিভিয়া ওয়াইল্ডের নতুন ছবি ‘ডোন্ট ওরি ডার্লিং’। মুক্তির আগের এক মাসে ছবির চেয়ে ছবির পাত্র–পাত্রীদের ব্যক্তিগত দ্বন্দ্ব নিয়েই কথা হয়েছে বেশি। চলতি মাসে ভেনিস উৎসবে ছবিটির প্রিমিয়ারের আগে চাউর হয় শুটিং সেটে পরিচালক ও ছবির প্রধান অভিনেত্রী ফ্লোরেন্স পিউয়ের ঝামেলার খবর। প্রিমিয়ার শেষে গুজব রটে, ছবির অভিনেতা হ্যারি স্টাইল নাকি সহ–অভিনেতা ক্রিস পাইনের দিকে থুতু ছিটিয়েছেন। সব ভুলে এখন ছবিতেই মনোযোগী হতে চান ফ্লোরেন্স পিউ।
ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে ছবিটিতে সুযোগ পাওয়ার পর জন্য পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পোস্টের সঙ্গে শেয়ার করেছেন শুটিং সেটের বেশ কয়েকটি ছবি। যার একটিতে দেখা যায়, অলিভিয়ার সঙ্গে তিনি নাচছেন।
ইনস্টাগ্রামে ২৬ বছর বয়সী ব্রিটিশ অভিনেত্রী লিখেছেন, ‘ছবির সেটে দারুণ সব প্রতিভাবানের সঙ্গে সময় কাটে, দুর্দান্ত সব লোকেশনে ঘুরে বেড়াই, মরুভূমির ধুলার মধ্যেও কঠোর পরিশ্রম করি। অবশেষে ছবিটি মুক্তি পাচ্ছে, দেখার জন্য যাঁরা টিকিট কিনেছেন, সবাইকে ধন্যবাদ। বিভিন্ন দৃশ্যের শুটিংয়ের কথা মনে হলে এখনো অন্য রকম অনুভূতি হয়। কার চেজ, পানির নিচের দৃশ্য, দৌড় থেকে শুরু করে কী না করেছি। বড় পরিসরে বলা দারুণ একটা সিনেমা। সবার প্রতি কৃতজ্ঞতা। সবার সহযোগিতা, আত্মনিবেদনের ফল এই ছবি।’
১৯৫০-এর দশকের প্রেক্ষাপটে অ্যালিস ও জ্যাক নামের সুখী এক যুগলকে নিয়ে ছবির গল্প। অ্যালিসের স্বামী জ্যাক কাজপাগল এক তরুণ, কোম্পানির গোপন এক প্রজেক্টের সঙ্গে যুক্ত। ঝামেলার সূত্রপাত হয় তখনই, যখন জানা যায়, অপ্রিয় কোনো সত্য লুকাচ্ছে কোম্পানি।
২০২০ সালের এপ্রিলে ছবির পাত্র–পাত্রী হিসেবে ফ্লোরেন্স পিউ, শিয়া লাবেউফ ও ক্রিস পাইনের নাম ঘোষণা হয়। পরে যুক্ত হন ডাকোটা জনসন। ছবিতে অ্যালিসের চরিত্রে পরিচালক অলিভিয়ার নিজেরই অভিনয় করার কথা ছিল। কিন্তু পরে পরিচালক ঠিক করেন প্রধান দুই চরিত্র অ্যালিস ও জ্যাকের চরিত্রে কম বয়সী অভিনয়শিল্পীদের নেবেন। সে জন্য ২০২০ সালের সেপ্টেম্বরে অ্যালিসের চরিত্রে ফ্লোরেস পিউকে ঠিক করেন, আগে যাঁর অ্যালিসের বন্ধু বানির চরিত্র করার কথা ছিল। আর বানির চরিত্র করেন অলিভিয়া। জ্যাক চরিত্রে শিয়া বাদ পড়েন, যুক্ত হন হ্যারি স্টাইল। এ ছাড়া ডাকোটা জনসনের স্থলাভিষিক্ত হন কিকি লেন।
ভেনিস উৎসবে প্রিমিয়ারের পর ছবিটিকে সমালোচকেরা ‘মাঝারি মান’-এর বললেও পিউ ও হ্যারির অভিনয়ের তারিফ করেন।