
‘নোনাজলের কাব্য’ সিনেমায় তুলে ধরা হয়েছিল ২২ ঘর জেলের জীবনযাপনের নানা ঘাত–প্রতিঘাত। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে প্রত্যন্ত অঞ্চলের জেলেদের ওপর কী প্রভাব পড়েছিল, সেটা খুব কাছ থেকে দেখিয়েছিলেন পরিচালক রেজওয়ান শাহরিয়ার। শুটিং হয়েছিল জেলেপাড়ায়। অভিনয় করেছিলেন জেলেদের অনেকেই। জেলেদের সেই প্রিয় জেলেপাড়ায় এখন আর কোনো ঘর নেই। সেসব জায়গা এখন পানির নিচে। নির্মাতা সেই গল্পই এবার পর্দায় তুলে ধরেছেন ‘তুফান আইতাছে’ তথ্যচিত্রে। যা ইংরেজি টাইটেল ‘টাইড ইজ রাইজিং।’
গত বছর মুক্তি পেয়েছিল ‘নোনাজলের কাব্য’ সিনেমা। ঘুরেছিল লন্ডন, বুসান, গুটেনবার্গ, সাও পাওলো, তুরিন, সিয়াটল, সিঙ্গাপুরসহ বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। পেয়েছিল পুরস্কার ও দর্শকদের সমালোচনা। পাশাপাশি ছবিটি গত বছর জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে কপ-২৬-এ প্রদর্শিত হয়। এর অন্যতম কারণ ছিল, জেলেদের জীবনের নানা বাঁক গল্পে উঠে এসেছিল। সেই সিনেমার পর এবার সেই গ্রামের মানুষের ওপর আবার কাজ করা প্রসঙ্গে রেজওয়ান শাহরিয়ার বলেন, ‘আমরা শুটিং করেছিলাম পটুয়াখালী জেলার বঙ্গোপসাগরের উপকূলবর্তী গঙ্গামতীর চরে। শুরু থেকে আমরা সেখানকার মানুষের সঙ্গে গভীরভাবে মিশেছিলাম। একসময় তাঁরা বন্ধু মতো হয়ে যান। শুটিংয়ের পরও তাঁদের সঙ্গে দীর্ঘদিন ধরেই কথা হতো। এর মধ্যেই শুনলাম, তাঁরা বসতি পরিবর্তন করেছেন। সেই ২২ ঘর জেলে এখন আর সেখানে থাকে না। তাঁরা উদ্বাস্তুর মতো জীবন যাপন করছেন। তাঁদের পুনর্বাসন করা হচ্ছে। যে কারণে আবার ক্যামেরা নিয়ে ছুটে এসেছি এই মানুষদের কাছে।’
এর আগে পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানালেও এবার এসব জেলেকে নিয়ে তৈরি করছেন তথ্যচিত্র। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘জেলেদের এবারের গল্পটা আরও কঠিন। এসব মানুষ উদ্বাস্তু হয়ে ঘুরছেন। তাঁদের পুনর্বাসন করা চ্যালেঞ্জিং। কারণ, তাঁরা নদী পাড়ে থাকতে চান। সেখানে কর্তৃপক্ষের কাছে ঘর নির্মাণ করা ঝুঁকিপূর্ণ। জেলেদের জীবনের জন্য এ বিষয়গুলো অনেক মানবিক। কারণ, সিনেমার চেয়ে বাস্তবতা কঠিন। আমাদের গল্পের নানা শাখা–প্রশাখা বের হচ্ছে। সে কারণেই এবার সরাসরি জেলেদের খুঁজে বের করে তাদের জীবনের ঘটনা তুলে আনছি। ইতিমধ্যে আমরা ৭০ ভাগের মতো শুটিং করেছি। বাকি শুটিং শেষ করার প্রস্তুতি নিচ্ছি।’
‘নোনাজলের কাব্য’র চিত্রনাট্য লেখা ও সরেজমিন গবেষণা চলেছিল চার বছর ধরে। এবারও পরিচালক সেই পথেই হেঁটেছেন। ২০১৮ সালের জুলাইতে অর্ধশতাধিক শিল্পী ও কলাকুশলী মিলে ঘোর বর্ষায় পটুয়াখালীতে শুটিং শুরু হয়। ছবির সংগীতায়োজন করেছেন অর্ণব। প্রযোজক ও কলাকুশলীদের অনেকেই ভিনদেশি। ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া, তাসনোভা তামান্না প্রমুখ। আবহ সংগীত পরিচালনা করেছেন অর্ণব। রেজওয়ান শাহরিয়ার জানান, ছবিটির কাজ শেষ হলে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠাবেন। বাংলাদেশেও মুক্তি পাবে।