৫৯ দিনে সিলভার বাটন পেল চরকি

রেদওয়ান রনির হাতে সিলভার বাটন তুলে দিচ্ছেন মতিউর রহমান।
ছবি: প্রথম আলো

যাত্রা শুরুর ৫৯ দিনের মাথায় সিলভার বাটন পেল চরকি। সাবস্ক্রাইবার ১ লাখ অতিক্রম করলেই এই বাটন দেওয়া হয়। চরকির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা এখন ১ লাখ ৯০ হাজার। আত্মপ্রকাশের পর নতুন নতুন সব সিনেমা, সিরিজ ও অমনিবাস চলচ্চিত্র প্রকাশ করে ইতিমধ্যে দর্শকহৃদয় জয় করে নিয়েছে বাংলাদেশের এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম।

রোববার সন্ধ্যায় ১৯ কারওয়ান বাজারে আনুষ্ঠানিকভাবে চরকির অফিস উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, সহযোগী সম্পাদক আনিসুল হক, ফিচার সম্পাদক সুমনা শারমীন, চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনিসহ চরকি, প্রথম আলো ডিজিটালের হেড অব বিজনেস জাবেদ সুলতান ও প্রথম আলোর কর্মীরা। অফিস ঘুরে কেক কেটে নতুন অফিসের যাত্রা উদ্‌যাপন করেন তাঁরা।

বাংলা কনটেন্টের রাজধানী হওয়ার স্বপ্ন নিয়ে ১১ জুলাই আত্মপ্রকাশ করে চরকি

বাংলা কনটেন্টের রাজধানী হওয়ার স্বপ্ন নিয়ে ১১ জুলাই আত্মপ্রকাশ করে চরকি। ইতিমধ্যে স্ট্রিমিং প্ল্যাটফর্মটির ‘ঊনলৌকিক’, ‘নেটওয়ার্কের বাইরে’, ‘মুন্সিগিরি’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘আধখানা ভালো ছেলে আধা মস্তান’সহ বেশ কয়েকটি কনটেন্ট সাড়া ফেলেছে।