হাজারো প্রেক্ষাগৃহে ‘৭ নাম্বার ফ্লোর’

তমা মির্জা
তমা মির্জা

চরকি সাবস্ক্রাইব করেছেন, এ রকম হাজারো বাড়ির বসার ঘরকেই বলা চলে একেকটি প্রেক্ষাগৃহ। সে রকম বহু গৃহে বা প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেল ঈদের নতুন সিনেমা ‘৭ নাম্বার ফ্লোর’। সিনেমার কারিগরদের গল্প নিয়ে সিনেমার এ কাহিনি নানা দিক থেকে চমকে দিয়েছে দর্শকদের। ছবিটির ট্রেলার মুক্তির পর অনেকেই আগ্রহী হয়ে উঠেছিলেন। ‘পাখি’ গানটি মুক্তির পর রীতিমতো তুঙ্গ স্পর্শ করে সেই আগ্রহ। জানা যায়, গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ দর্শক সাবস্ক্রাইব করেছেন চরকি।

‘৭ নাম্বার ফ্লোর’-এর গল্প সংক্ষেপ ইতিমধ্যে জেনে গেছেন দর্শক। এখন সবিস্তার ঘটনাটি দেখার পালা। ইতিমধ্যে বহু দর্শক উপভোগ করেছেন ছবিটি। এর নির্মাণ, সংলাপ, টুইস্ট নিয়ে তৃপ্তির কথাও প্রকাশ করেছেন। শিল্পীদের অভিনয়শৈলী, নির্মাতার মুনশিয়ানা ও কলাকুশলীদের দক্ষতার প্রশংসাও করেছেন তাঁদের বেশ কয়েকজন। প্রযোজক সূত্রে জানা গেছে, নাজিম শাহরিয়ার জয়, বুবলী, তমা মির্জা, সাইফুল জার্নাল, সুমন আনোয়ার, রাজ মানিয়াদের ভিন্ন রূপে উপস্থাপন দর্শকের পর্দার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।

বুবলীকে দেখা যাবে একেবারে ভিন্ন এক চরিত্রে

গত বছরের জুলাই মাসে যাত্রা শুরু করেছিল বাংলাদেশের স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। তাদের প্রতিশ্রুতি ছিল, নির্ভেজাল বাংলা কনটেন্ট দিয়ে দর্শকদের তারা ‘ফান ও ফুর্তি’তে ডুবিয়ে রাখবে। এমনকি সগৌরবে তারা হতে চেয়েছিল বাংলা কনটেন্টের রাজধানী। সেই পথে আরও কিছুটা পথ এগিয়ে গেল প্রতিষ্ঠানটি। তাদের ভান্ডারে এখন যুক্ত হয়েছে নিজস্ব অনেকগুলো সিনেমা, সিরিজ, ট্রাভেল শো, অমনিবাস চলচ্চিত্র। এমনকি প্রশংসা কুড়িয়েছে চরকির বাংলায় ডাবিং করা বিদেশি সিনেমাগুলোও। আর দেশি তারকাদের অংশগ্রহণে তাদের নতুন নতুন সিনেমা আর সিরিজগুলো যেন দর্শকদের সামনে হাজির হচ্ছে চমকের পর চমক নিয়ে।

বহুদিন পর অভিনয়ে জয়

যাত্রা শুরুর পর বেশ কয়েকটি উৎসব পেয়েছে চরকি। সেই ধারাবাহিকতায় এটি চরকির প্রথম ঈদ। প্রথম ঈদ তাদের জন্য বয়ে এনেছে আনন্দের বান। কারণ, এই ঈদে চরকিতে যুক্ত হয়েছেন বিপুল পরিমাণ দর্শক। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি জানান, প্রতি উৎসবেই চরকির সাবস্ক্রাইবার বাড়ে। কিন্তু ঈদে সাবস্ক্রাইবার বেড়েছে অন্যান্য সময়ের চেয়ে আড়াই গুণ বেশি। তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম ঈদটা মানুষ ফান-ফুর্তির মধ্য দিয়েই চরকির সঙ্গে উদ্‌যাপন করুক। পুরোনো দর্শকদের সঙ্গে আমাদের সঙ্গে এবার যুক্ত হয়েছেন বিপুল পরিমাণ নতুন দর্শক। মানুষ একসময় সিনেমা হলে টিকিট কেটে সিনেমা দেখতেন, এবারের ঈদে তাঁদের অনেকেই চরকি সাবস্ক্রাইব করেছেন। এটা একদিক থেকে আমাদের জন্য আনন্দের, অন্যদিক থেকে বাংলাদেশের বিনোদন ইন্ডাস্ট্রির জন্য দারুণ ইতিবাচক।’

৭ নাম্বার ফ্লোর–এর পোস্টার

চরকির ঈদের সিনেমা ‘৭ নাম্বার ফ্লোর’ পরিচালনা করেছেন রায়হান রাফি। গল্পে দেখা যাবে, সিনেমার শুটিং ফ্লোরে নকল পিস্তলের বদলে আসল পিস্তলের গুলিতে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সাদমান চৌধুরী। থমথমে শুটিং ফ্লোরে হত্যাকাণ্ডের তদন্তে একে একে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। প্রপসের পিস্তলের জায়গায় আসল পিস্তল অদলবদল করল কে? কীই-বা হতে পারে হত্যার উদ্দেশ্য?