‘দ্য ব্লাফ’ সিনেমায় প্রিয়াঙ্কা। আইএমডিবি
‘দ্য ব্লাফ’ সিনেমায় প্রিয়াঙ্কা। আইএমডিবি

প্রিয়াঙ্কার নতুন সিনেমা, ওটিটিতে আরও যা দেখবেন

এই সপ্তাহে ওটিটিতে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

‘দ্য ব্লাফ’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
সব ছেড়েছুড়ে এখন নির্ঝঞ্ঝাট জীবন কাটাচ্ছেন একসময়ের জলদস্যু এরসেল (প্রিয়াঙ্কা চোপড়া)। তাঁর সেই নিরুপদ্রব জীবনেই হঠাৎ এসে হাজির হয় তাঁর দলের সাবেক ক্যাপ্টেন। সন্তান নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েন এরসেল। এমন গল্প নিয়ে অ্যাকশন-থ্রিলার সিনেমাটি পরিচালনা করেছেন ফ্রাঙ্ক ই ফ্লাওয়ার্স। রুশো ভাতৃদ্বয়ের সঙ্গে ছবিটির অন্যতম প্রযোজকও প্রিয়াঙ্কা।

‘দ্য ব্লাফ’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

‘ব্রিজারটন ৪’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
২০২০ সালে প্রথম মৌসুম মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী আলোচিত এক সিরিজ ব্রিজারটন। এটির চতুর্থ মৌসুমের প্রথম কিস্তি মুক্তি পায় গত জানুয়ারিতে, এবার এসেছে বাকি চার পর্ব। তৃতীয় মৌসুমের শেষে ফ্রান্সেসকা ব্রিজারটন ও জন স্টার্লিংয়ের বিয়ে হয়। নতুন মৌসুমে দেখা যায়, তাঁরা হাইল্যান্ডস থেকে লন্ডনে ফিরে জীবনের নতুন অধ্যায় শুরু করেন। কিন্তু তাঁদের জাকজমকপূর্ণ জীবনের আড়ালে লুকিয়ে আছে এক গভীর সংকট! এবার মৌসুমে অভিনয় করেছেন লুক থম্পসন ও ইয়েরিন হা।

‘ব্রিজারটন ৪’–এ ইয়ারিন হা ও লুক থম্পসন। নেটফ্লিক্স

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিও হটস্টার
দিনক্ষণ: চলমান
গত বছরের অন্যতম আলোচিত সিনেমাটি এবার ওটিটিতে ঘরে বসেই দেখতে পারবেন এই অঞ্চলের দর্শক। বিপ্লব, অভিবাসন, দুর্নীতি, সংঘর্ষ, শ্বেতাঙ্গ আধিপত্য-সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের রাজনীতির অনেক কিছুই উঠে এসেছে পল টমাস অ্যান্ডারসনের সিনেমাটিতে। পুরস্কার মৌসুমে দাপট দেখানো সিনেমাটিতে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, তিয়ানা টেইলর, শন পেন, বেনিসিও দেল তোরো, রেজিনা হল।

‘থাডায়াম’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: জি৫
দিনক্ষণ: চলমান
১৯৯৯ সাল। তামিলনাড়ুর সীমান্ত লাগোয়া এক প্রত্যন্ত গ্রামে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। এটা সিরিয়াল কিলারের কাজ, নাকি একই অঞ্চলে এতটি হত্যাকাণ্ড নেহাত কাকতালীয়? রহস্য সমাধানে মাঠে নেমে পুলিশ আবিষ্কার করে ভয়ঙ্কর সত্য! এমন গল্প নিয়ে তৈরি তামিল ক্রাইম-থ্রিলারটিতে অভিনয় করেছেন সামুথিরাকানি, শিবাদা। পরিচালনা করেছেন নবীন কুমার পালানিভেল।

‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমায় লিওনার্দো ডিক্যাপ্রিও। আইএমডিবি