‘হাতবদল’–এ ইয়াশ রোহান। ছবি: চরকির সৌজন্যে
‘হাতবদল’–এ ইয়াশ রোহান। ছবি: চরকির সৌজন্যে

‘হাতবদল’ দিয়ে শেষ হচ্ছে ‘প্রচলিত’

গল্পটা স্থাপত্যবিদ্যার শিক্ষার্থী রাহাতের। একদিন সে ফেসবুকে একটি পোস্ট দেখে। পোস্টটি ছিল তার মৃত কুকুর মার্কের মতো দেখতে একটি কুকুরকে দত্তক নেওয়ার। সেই সূত্রে রাহাতের সঙ্গে ফয়সালের পরিচয়, যার পোষা কুকুরটির নাম রেবেল। ফয়সালের অনুরোধে রাহাত রেবেলকে নিয়ে আসে একটি হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হতে।

রেবেলকে নিয়ে রাহাত কী ঘটনার মধ্য দিয়ে যায়, তা জানা যাবে চরকি অরিজিনাল সিরিজ ‘প্রচলিত’-এর পঞ্চম ও শেষ গল্প ‘হাতবদল’-এ। আবিদ মল্লিক পরিচালিত ১৮ মিনিটের পর্বটি আজ রাত ৮টায় চরকিতে মুক্তি পাবে।

‘প্রচলিত’ সিরিজটিতে রয়েছে মোট পাঁচটি পর্ব—‘রিংটোন’, ‘বিলাই’, ‘বেওয়ারিশ’, ‘কলিংবেল’ ও ‘হাতবদল’। সিরিজটিতে অভিনয় করেছেন মোস্তফা মন্ওয়ার, ইয়াশ রোহান, সাদিয়া আয়মান, বায়োজিদ হক জোয়ার্দার, শাহানা রহমান সুমি, আবদুল্লাহ আল সেন্টু, রফিউল কাদের রুবেল, মাহমুদ আলম, তনয় বিশ্বাস, ফারিন খান, রাফায়েতুল্লাহ সোহান, খালিদ হাসান রুমি, আশরাফুল আশীষ, অশোক বেপারীসহ আরও অনেকে।

‘হাতবদল’-এ অভিনয় করেছেন ইয়াশ রোহান। তিনি বলেন, ‘আমার জন্য কাজটা খুবই ইন্টারেস্টিং ছিল। কারণ, আমার কো-আর্টিস্ট ছিল কুকুর।

‘হাতবদল’–এ ইয়াশ রোহান। ছবি: চরকির সৌজন্যে

এতে আমি খুব খুশি হয়ে যাই। কুকুর-বিড়াল আমার খুব পছন্দের। কাজের আগের দিন সেটে গিয়ে কুকুরের সঙ্গে সময় কাটিয়েছি। তার সঙ্গে একধরনের বন্ধুত্ব হয়ে যায়। খুবই নতুন ধরনের অভিজ্ঞতা আমার জন্য।’

ইয়াশ আরও বলেন, ‘আমার গল্প খুব চেনা, যেটা ছোটবেলায় মায়ের কাছে কেচ্ছা হিসেবে শুনেছি। তাই কাজ করাটা অন্য রকম আবেগের ছিল। এটা দর্শক খুব ভালোভাবে রিলেট করতে পারবে। কারণ, এসব গল্প বেশ প্রচলিত। আর পশুপ্রেমীদের জন্য খুব বেশি প্রাসঙ্গিক।’

চলতি বছরের জুলাই-আগস্টে সিরিজটির শুটিং হয়েছে ঢাকা, মানিকগঞ্জ ও সাভারের বিভিন্ন লোকেশনে।