মুক্তি পেয়েছে মাত্র দেড় মাস আগে। এর মধ্যেই নেটফ্লিক্সে বিশ্বের সবচেয়ে বেশি দেখা সিরিজের তালিকায় উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার ‘টিচ ইউ আ লেসন’। অনেকেই বলছেন, ‘স্কুইড গেম’–এর পর এটিই হতে পারে নেটফ্লিক্সের হিট কোরিয়ান সিরিজ।
বৃহস্পতিবার ছয় মাসের দর্শকসংখ্যার প্রতিবেদন প্রকাশ করেছে নেটফ্লিক্স। এতে বলা হয়, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ‘টিচ ইউ আ লেসন’–এর ভিউ হয়েছে ৪ কোটি ৮২ লাখ। সিনেমা বাদ দিলে সবচেয়ে বেশি দেখা সিরিজের তালিকায় এটি রয়েছে ষষ্ঠ স্থানে।
গত ৫ জুন মুক্তি পায় ‘টিচ ইউ আ লেসন’। সিরিজটিতে দেখা যায়, দক্ষিণ কোরিয়ার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাকে রক্ষা করতে গড়ে ওঠে একটি বিশেষ সংস্থা। অ্যাকশন ও সামাজিক বার্তার মিশেলে সিরিজটি নির্মিত হয়েছে।
সবচেয়ে বেশি দেখা সিরিজের তালিকায় শীর্ষে রয়েছে ‘হিজ অ্যান্ড হারস’। এরপর আছে ‘ব্রিজারটন’–এর চতুর্থ মৌসুম, ‘আই উইল ফাইন্ড ইউ’, ‘স্ট্রেঞ্জার থিংস’–এর পঞ্চম মৌসুম এবং ‘রান অ্যাওয়ে’।
বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ডেডলাইন লিখেছে, নেটফ্লিক্স আরেকটি বড় কোরিয়ান হিট পেয়েছে। ‘স্কুইড গেম’–এর পর নেটফ্লিক্সের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক দেখা কোরিয়ান সিরিজ হওয়ার পথে রয়েছে এটি।
তবে এখনো নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা কোরিয়ান সিরিজের শীর্ষ তিনটি স্থান দখল করে আছে ‘স্কুইড গেম’–এর তিনটি মৌসুম। তালিকায় আরও আছে ‘ক্যান দিস লাভ বি ট্রান্সলেটেড?’ ও ‘দ্য আর্ট অব সারাহ’।
শুধু নেটফ্লিক্সের মৌলিক সিরিজ নয়, টেলিভিশন ও নেটফ্লিক্সে একসঙ্গে প্রচারিত কোরিয়ান নাটকও ভালো ফল করেছে। এর মধ্যে ‘মাই রয়্যাল নেমেসিস’–এর ভিউ সবচেয়ে বেশি, ১ কোটি ৫৭ লাখ।
কোরিয়া জুংআং ডেইলি অবলম্বনে