জিসু। রয়টার্স
জিসু। রয়টার্স

বলিউডে ব্ল্যাকপিংকের জিসু! কী বললেন কে–পপ তারকা

কে–পপ তারকা ও অভিনেত্রী জিসু সম্প্রতি বলিউডে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন। ব্ল্যাকপিংক তারকা জানান, সুযোগ পেলে তিনি হিন্দি সিনেমায় কাজ করতে আগ্রহী।

নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘বয়ফ্রেন্ড অন ডিমান্ড’–এর প্রচারণার সময় এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন জিসু। সেখানে তাঁর সহ–অভিনেতা সিও ইন–গুকও উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা চলাকালে বলিউডের প্রসঙ্গ উঠলে দুজনই সেখানে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়, এআই–ভিত্তিক প্রেমের গল্প নিয়ে যদি বলিউডে কোনো সিনেমা তৈরি হয়, সেখানে অভিনয় করতে চান কি না। উত্তরে সিও ইন–গুক বলেন, সুযোগ পেলে অবশ্যই এমন প্রজেক্টে কাজ করতে চান তিনি। জিসুও হাসতে হাসতে বলেন, ‘আমাদের খেয়াল রাখবেন, সুযোগ পেলে আমরা অবশ্যই থাকব।’
জিসুর এই হালকা মন্তব্যই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। অনেক ভক্ত কল্পনা করতে শুরু করেন, বলিউডের বড় পর্দায় জিসুকে দেখতে কেমন লাগবে।

জিসু। ইনস্টাগ্রাম থেকে

সাক্ষাৎকারের ক্লিপ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা নানা ধরনের সম্ভাব্য সহযোগিতার কথা বলতে শুরু করেন। কেউ কেউ মনে করেন, জিসুর আভিজাত্যপূর্ণ উপস্থিতি বড় বাজেটের ভিজ্যুয়ালসমৃদ্ধ সিনেমায় দারুণ মানাবে। অনেকে তাঁকে সঞ্জয় লীলা বানসালির সিনেমায় দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন।
আবার কেউ কেউ প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস বা ধর্মা প্রোডাকশনের নতুন ছবিতে কাস্ট করার কথাও বলেছেন। কেউ আবার তাঁকে দেখতে চেয়েছেন এস এস রাজামৌলির ফ্যান্টাসি সিনেমায়।

‘বয়ফ্রেন্ড অন ডিমান্ড’–এ জিসু। আইএমডিবি

অভিনেত্রী হিসেবে জিসুর ক্যারিয়ার
১৯৯৫ সালের ৩ জানুয়ারি জন্ম নেওয়া জিসু প্রথম অভিনেত্রী হিসেবে পরিচিতি পান ২০২১ সালের কোরিয়ান ড্রামা ‘স্নোড্রপ’–এ অভিনয়ের মাধ্যমে। এই সিরিজে অভিনয়ের জন্য তিনি সিউল ইন্টারন্যাশনাল ড্রামা অ্যাওয়ার্ডসে ‘আউটস্ট্যান্ডিং

কোরিয়ান অ্যাকট্রেস’ পুরস্কার পান।
এরপর জিসু অভিনয় করেন ২০২৫ সালের জম্বি থ্রিলার ‘নিওটোপিয়া’–তে। একই বছর তিনি বড় পর্দায় আত্মপ্রকাশ করেন।

নতুন সিরিজ ‘বয়ফ্রেন্ড অন ডিমান্ড’
জিসুর নতুন সিরিজ ‘বয়ফ্রেন্ড অন ডিমান্ড’ ৬ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। এতে তিনি সিও মি–রে নামের এক ওয়েবটুন প্রযোজকের চরিত্রে অভিনয় করেছেন, যিনি জটিল সম্পর্কের সমস্যায় পড়ে একটি ভার্চ্যুয়াল ডেটিং সার্ভিস ব্যবহার করতে শুরু করেন। সিরিজটিতে তাঁর সহকর্মী ও সম্ভাব্য প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন সিও ইন–গুক।

ইন্ডিয়া ডটকম অবলম্বনে