আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি
আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি

আর্জেন্টিনার ওতামেন্দির ট্যাটুতে ‘পিকি ব্লাইন্ডার্স’ থেকে ‘ব্রেকিং ব্যাড’

ফুটবল মাঠে আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিকে সবাই চেনেন রক্ষণ সামলানোর দক্ষতার জন্য। তবে মাঠের বাইরেও তাঁর রয়েছে আরেক পরিচয়—তিনি জনপ্রিয় টিভি সিরিজের ভক্ত।

ওতামেন্দির ট্যাটুতে ‘পিকি ব্লাইন্ডার্স’ থেকে ‘ব্রেকিং ব্যাড’

ওতামেন্দির শরীরে রয়েছে নানা ধরনের ট্যাটু। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ে তাঁর পিঠের ট্যাটুগুলো। এই ডিফেন্ডারের পিঠের ওপরের দিকে রয়েছে ‘ব্রেকিং ব্যাড’ সিরিজের প্রধান চরিত্র ওয়াল্টার হোয়াইট-এর ছবি। আর একটু নিচে রয়েছে ‘পিকি ব্লাইন্ডার্স’–এর জনপ্রিয় চরিত্র টমাস শেলবির প্রতিকৃতি।

পিঠের বাঁ দিকে দেখা যায় ‘ভাইকিংস’ সিরিজের চরিত্র রাগনার লথব্রক-এর ছবি। ওতামেন্দির পিঠে আরও আছে ‘প্রিজন ব্রেক’, ‘গেম অব থ্রোনস’ থেকে ‘দ্য ওয়াকিং ডেড’ সিরিজের ট্যাটু।

নিকোলাস ওতামেন্দি

এ ছাড়া ওতামেন্দির শরীরে রয়েছে সিংহ, ভালুক, পকেটঘড়িসহ বিভিন্ন নকশা। পরিবারের সদস্যদের নাম এবং দাদার প্রতিকৃতিও ট্যাটু করিয়েছেন তিনি।

২০১৬ সালে দ্য ইনডিপেনডেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ওতামেন্দি বলেছিলেন, দাড়ি ও ট্যাটু তাঁর ব্যক্তিত্বের অংশ হয়ে উঠেছে। এগুলো তাঁকে আরও ‘আগ্রাসী’ ভাবমূর্তি দিতে সাহায্য করে বলেও জানিয়েছিলেন তিনি।

মাত্র ১৪ বছর বয়সে প্রথম ট্যাটু করান ওতামেন্দি। তাঁর ভাষায়, প্রতিটি ট্যাটুর পেছনেই রয়েছে আলাদা গল্প। পরিবারের স্মৃতি যেমন তাঁর ট্যাটুতে আছে, তেমনি কোনো নকশা পছন্দ হলে সেটিও শরীরে এঁকে নেন তিনি।


দ্য সান অবলম্বনে