
‘হাওয়া’ নির্মাতা মেজবাউর রহমানের বিরুদ্ধে মামলা, মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ বছরের পর বছর ধরে সেন্সরে আটকে থাকার জেরে সোচ্চার হয়েছেন প্রযোজক, নির্মাতা ও শিল্পী। গত সপ্তাহে ফ্যাব ফেস্টে বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই এবার ঢাকার আরেক আলোচনা সভায় ওটিটির ওপর সরকারি নিয়ন্ত্রণের বিষয়টি উঠে এলো।
গতকাল বিকেলে লিট ফেস্টের দ্বিতীয় দিনে বাংলা একাডেমিতে আয়োজিত ‘ওটিটি: দ্য ফিউচার অব কনটেন্ট ক্রিয়েশন’ শীর্ষক আলোচনায় ওটিটি প্ল্যাটফর্মের ওপর সরকারি বিধিনিষেধ এলে ক্রমেই সম্ভাবনাময় এ খাত বাধার মুখে পড়বে বলে শঙ্কার কথা জানালেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফ। সরকারি নানা বিধিনিষেধে জর্জর চলচ্চিত্র ও টিভি নাটক থেকে অনেক নির্মাতা আগ্রহ হারিয়ে ফেলেছেন বলে জানান আলোচকরা।
সাজ্জাদ শরিফ বলেন, ‘সরকার ওটিটির ওপর নিয়ন্ত্রণ আরোপ করলে সেটা শাওকীদের মতো নির্মাতাদের জন্য বড় বাধা তৈরি করবে। যেটার (বিধিনিষেধ) প্রবণতা আমরা দেখতে পাচ্ছি কয়েক মাস ধরে। আমি মনে করি, এটার মধ্য দিয়ে দেশ সৃজনশীলভাবে ক্ষতির মুখে পড়বে। নির্মাতারা যে গল্প বলতে চান, সেটা বলতে দিতে হবে। সৃজনশীল ক্ষতির পাশাপাশি ব্যবসায়িকভাবেও ক্ষতির মুখে পড়বে ওটিটি প্ল্যাটফর্মগুলো। বিশ্বের সমস্ত প্ল্যাটফর্ম যে গল্প বলতে চায়, সেই গল্প বলতে পারবে আর আমি বলতে পারব না, তখন অসম প্রতিযোগিতার মধ্যে পড়তে হবে।’
পাশাপাশি পেপ্যালের মতো আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের বাংলাদেশে কার্যকর না হওয়ায় চরকিসহ দেশীয় ওটিটি প্ল্যাটফর্মগুলো দেশের বাইরের দর্শকের কাছে সহজেই পৌঁছাতে পারছে না। আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে কার্যকর করলে, দেশের বাইরে থেকে ডলার এলে, শুধু ওটিটি প্ল্যাটফর্মগুলোই লাভবান হবে না, এখান থেকে বাংলাদেশের রাজস্বও সমৃদ্ধ হবে।
সাজ্জাদ শরিফের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন অনুষ্ঠানের সঞ্চালক গাউসুল আলম ও আরেক আলোচক নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। আলোচনায় আরও ছিলেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটসের অধ্যাপক এলোরা হালিম চৌধুরী।
আমাদের গল্পগুলো এখনো পৃথিবীকে শোনানো হয়নি
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ৩৫ কোটি বাংলাভাষী দর্শকসহ বিশ্বের প্রতিটি ভাষার, জাতির দর্শকের কাছে কীভাবে বাংলা কনটেন্টকে নেওয়া যায়? এমন প্রশ্নের জবাবে সাজ্জাদ শরিফ বলেন, ‘নিজের গল্প বলতে হবে, বাঙালিরা সব গল্প দেখে কিন্তু বাঙালিরা যে গল্পের মধ্যে বাঁচে, সংগ্রাম করে, লড়াই করে, স্বপ্ন দেখে, জয়ী হয়, পরাজিত হয়, সেই গল্প শুনতে চায়। যে পরিবেশ, শহর, গলির মোড়টাকে চেনে সেই গল্পটা বাঙালিরা নেবে; সেই গল্পটাকে ভালোভাবে তুলে আনতে হবে।’
নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর ভাষ্যে, আমাদের নির্মাণে পশ্চিমের যথেষ্ট প্রভাব রয়েছে। চরিত্র নির্মাণে পশ্চিমের ধাঁচ থাকে। ইউরোপিয়ান সিনেমার আদলে আমাদের সিনেমার আবেগের দৃশ্যগুলো নির্মাণ করা হয়। উদাহরণ টেনে ‘তাকদীর’ নির্মাতা শাওকী বলেন, ‘ওদের সিনেমার একজন (চরিত্র) মন খারাপ করে জানালার দিকে তাকিয়ে আছে। কিন্তু আমাদের দেশের মানুষের মন খারাপ হলে এভাবে তাকিয়ে থাকে না, ভেউ ভেউ করে কাঁদে। পশ্চিমাদের কাছে এটা (ভেউ ভেউ করে কাঁদা) হয়তো মেলোড্রামাটিক মনে হতে পারে; কিন্তু এটাই আমাদের বাস্তবতা, আমাদের বাস্তবতাকেই সিনেমায় তুলে আনতে হবে। যেভাবে আমি, আমার মা, ভাই, বোন কাঁদে, সেভাবেই আমার চরিত্রগুলো কাঁদবে, আমি এটাকে মেলোড্রামাটিক বলতে পারি না। আমাদের স্থানীয় গল্প, স্থানীয় আবেগটাকে আমাদের কনটেন্টে তুলে আনতে হবে। এটা আমাদের দর্শকের কাছে গ্রহণযোগ্য হবে।’
শাওকীর সঙ্গে যোগ করেন গাউসুল আলম, ‘আমাদের গল্পগুলো এখনও পৃথিবীকে শোনানো হয়নি, লাতিন গল্প, হলিউডের গল্প, ইরানের গল্প আমরা দেখেছি। আমাদের গল্পগুলো এখনো পৃথিবীর সামনে হাজির করতে পারিনি। আমরা যেমন, সে রকমই হবে আমাদের সিনেমা। এটাকে মেলোড্রামা তকমা দিয়ে পশ্চিমাদের মতো মকারি করার কিছু নেই। সে কারণেই আমাদের প্রিয় নির্মাতা ঋত্বিক ঘটক; তাঁর ‘মেঘে ঢাকা তারা’ সিনেমায় যখন ‘দাদা, আমি বাঁচতে চাই’ সংলাপটি শুনি, তখন আমাদের হৃদয় ছুঁয়ে যায়, আমাদেরও কান্না পায়।’
ষাট–সত্তরের দশকে বাংলা সিনেমা ভারতীয় উপমহাদেশে আধিপত্য তৈরি করলেও মাঝে কয়েক দশক বাংলা সিনেমা মাথা তুলে দাঁড়াতে পারেনি। চরকি, হইচইয়ের এই যুগে কারাগার, মহানগর, শাটিকাপ, সিন্ডিকেট, পেটকাটা ষ–এর মতো কনটেন্ট নিয়ে দর্শকের মাঝে উন্মাদনা চলছে; ঢাকা ছাপিয়ে ভারতের পশ্চিমবঙ্গের দর্শকেরাও ঢাকার কনটেন্টে ঝুঁকছেন। পাশের দেশ ভারত ও দক্ষিণ কোরিয়ার মতো বাংলাদেশেও সাংস্কৃতিক অর্থনীতির বিনির্মাণের ভিত তৈরির আশার সঞ্চার ঘটেছে। দেশীয় ওটিটি প্ল্যাটফর্মগুলো বলছে, আগামীতে ঢাকাই হবে বাংলা কনটেন্টের রাজধানী।
সাজ্জাদ শরিফ বলেন, ‘ওটিটির যুগে এসে ভাষার দূরত্ব ঘুচে গেছে। ছবিতে সাবটাইটেল দিলে ভাষার ব্যবধান ভেঙে যায়; যেকোনো দেশের ভাষার কনটেন্ট সারা পৃথিবীর লোক দেখতে পারে। সিনেমাকে এখন জাতীয় পরিসীমার বদলে আন্তর্জাতিক পরিসীমায় নেওয়া সম্ভব হয়েছে। ফলে কোরিয়ান পপ গান ও সিনেমা, হিন্দি সিনেমার বাইরে মালয়ালম, টার্কিশ ও ইরানি সিনেমা বিশ্বজুড়ে জনপ্রিয় হয়েছে।’
তাঁর ভাষ্য, প্রযুক্তির কল্যাণে এখন কোন কনটেন্ট কোথা থেকে, কতক্ষণ দেখছে—তা সহজেই জানা সম্ভব। ফলে দর্শকের পছন্দও খুব সহজেই বোঝা যায়; ওটিটিতে সুনির্দিষ্ট দর্শকের কাছে পৌঁছা সহজ হয়।
প্রায় ঘণ্টাখানেকের আলোচনায় সাহিত্য থেকে সিনেমা নির্মাণের বিষয়েও কথা বলেছেন আলোচকেরা; শাওকী বলেন, ওয়েব সিরিজে একাধিক মৌসুম ও পর্ব থাকায় বেশ সময় নিয়ে উপন্যাসকে পর্দায় তুলে আনা যায়; যা সিনেমার তুলনায় সহজ। সাজ্জাদ শরিফ বলছেন, শেষ পর্যন্ত গল্পই বলতে হবে। বাংলাদেশ ও ভারতের আরও ওটিটি প্ল্যাটফর্ম এলে গল্প দখলের লড়াই শুরু হবে। যেগুলোয় ভালো গল্প হাজির আছে, সেগুলোর স্বত্ব পেতে লড়াই হবে।’