
বাংলা ওটিটি প্ল্যাটফর্ম চরকি দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘সেনসেশন চরকি কার্নিভ্যাল’। কনটেন্ট নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এবারের আয়োজনের মাধ্যমে সামাজিক সচেতনতার বার্তাও ছড়িয়ে দিতে চায় চরকি। আয়োজকদের ভাষ্য, এটি শুধু একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়; বরং বিনোদন, সৃজনশীলতা ও দায়িত্বশীল সামাজিক বার্তার একটি সম্মিলিত আয়োজন।
চরকি কর্তৃপক্ষ জানায়, যাত্রার পাঁচ বছরে প্ল্যাটফর্মটির প্রিমিয়াম কনটেন্ট দেখা হয়েছে ১০০ কোটির বেশি ঘণ্টা। নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ছাড়িয়েছে ৩ কোটি। এই সময়ে শতাধিক চলচ্চিত্র, সিরিজ ও বিভিন্ন ধরনের কনটেন্ট দর্শকদের সামনে এনেছে তারা। দেশের শিল্পী, নির্মাতা, কলাকুশলী ও দর্শকদের ভালোবাসা ও সমর্থনের কারণেই এমন অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে বলে মনে করে প্রতিষ্ঠানটি।
এ অর্জনের উদ্যাপন এবং চরকির অরিজিনাল কনটেন্ট, চলচ্চিত্র ও সিরিজের পেছনে কাজ করা সৃজনশীল মানুষদের সম্মান জানাতেই আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘সেনসেশন চরকি কার্নিভ্যাল পাওয়ার্ড বাই ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’। অনুষ্ঠানে ২০২৩ ও ২০২৪ সালের সেরা কনটেন্ট, শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। সমালোচকদের মূল্যায়ন এবং দর্শকদের ভোটের ভিত্তিতে মোট ২৩টি বিভাগে দেওয়া হবে সম্মাননা।
শুক্রবার (১৩ জুন) শুরু হয়েছে দর্শকের ভোট গ্রহণ। ভোট দিতে হলে যেতে হবে chorki.com/awards ঠিকানায়। চরকির গ্রাহকেরা সেখানে লগইন করে নিজেদের পছন্দের শিল্পী ও কনটেন্টকে ভোট দিতে পারবেন।
২০২৪ সালের দর্শক পছন্দ বিভাগে সেরা চলচ্চিত্রের মনোনয়ন পেয়েছে ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘তুফান’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ ও ‘৩৬-২৪-৩৬’। সেরা অভিনেতা (চলচ্চিত্র) বিভাগে রয়েছেন ইয়াশ রোহান, প্রীতম হাসান, শাকিব খান ও সৈয়দ জামান শাওন। সেরা অভিনেত্রী (চলচ্চিত্র) বিভাগে মনোনয়ন পেয়েছেন তাসনিয়া ফারিণ, মাসুমা রহমান নাবিলা ও মেহজাবীন চৌধুরী।
সেরা সিরিজ বিভাগে মনোনয়ন পেয়েছে ‘আধুনিক বাংলা হোটেল’, ‘কালপুরুষ’, ‘সিনপাট’ ও ‘২ষ’। সিরিজের অভিনয় বিভাগে মনোনয়ন পেয়েছেন এফ এস নাঈম, তাহসান খান, মোশাররফ করিম, সিয়াম আহমেদ, কাজী নওশাবা আহমেদ, জয়া আহসান, রাফিয়াত রশিদ মিথিলা ও সাফা কবির। সেরা গানের বিভাগে রয়েছে ‘কেমনে কি?’, ‘দুষ্টু কোকিল’, ‘মেঘ বালিকা’ ও ‘লাগে উরাধুরা’।
এবারের আয়োজনে বিশেষভাবে স্মরণ করা হচ্ছে প্রয়াত অভিনেত্রী কারিনা কায়সারকে। চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকি অ্যাওয়ার্ডসে দর্শক পছন্দ ২০২৪ বিভাগের সেরা অভিনেত্রী (চলচ্চিত্র) ক্যাটাগরিতে “৩৬-২৪-৩৬” চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছিলেন প্রিয় কারিনা কায়সার। তাঁর অসাধারণ সব কাজ রয়ে গেলেও তিনি আজ সব প্রতিযোগিতার ঊর্ধ্বে। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁকে এই বিভাগে প্রতিযোগিতার বাইরে রাখা হয়েছে। তাঁর অসামান্য অবদানকে স্মরণ করে এবারের চরকি অ্যাওয়ার্ডসে আমরা তাঁকে বিশেষভাবে সম্মান জানাতে চাই।’
চরকি জানিয়েছে, শিগগিরই প্রকাশ করা হবে ২০২৪ সালের সমালোচক পুরস্কারের মনোনয়ন। এরপর ঘোষণা করা হবে ২০২৩ সালের সমালোচক ও দর্শক পছন্দ বিভাগের মনোনয়নপ্রাপ্তদের নামও।
তবে এবারের ‘সেনসেশন চরকি কার্নিভ্যাল’-এর সবচেয়ে আলোচিত দিক হচ্ছে সামাজিক সচেতনতার বার্তা। আয়োজকদের মতে, যৌনস্বাস্থ্য, জন্মনিয়ন্ত্রণ ও নিরাপদ যৌন আচরণ নিয়ে বাংলাদেশে এখনো অনেক সংকোচ ও ভুল ধারণা রয়েছে। জনপ্রিয় বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে মানুষের কাছে পৌঁছানোর সুযোগকে কাজে লাগিয়ে এ বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছে চরকি।
আয়োজক প্রতিষ্ঠান সেনসেশন জানিয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস ও যৌনবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ১ হাজার ৮৯১ জন নতুন করে এইচআইভিতে আক্রান্ত হয়েছেন। ২০০০ সালের পর এক বছরে এটিই সর্বোচ্চসংখ্যক নতুন সংক্রমণ। জনস্বাস্থ্যবিশেষজ্ঞদের মতে, ঝুঁকিপূর্ণ যৌন আচরণ এবং কনডম ব্যবহার না করার প্রবণতা এ বৃদ্ধির অন্যতম কারণ।
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক ডা. রাইয়াতুন তেহরীন বলেন, ‘সেনসেশনকে আমরা শুধু একটি কনডম ব্র্যান্ড হিসেবে দেখি না; বরং সুরক্ষা ও দায়িত্বশীলতার প্রতীক হিসেবে দেখি। বাংলাদেশে সাম্প্রতিক বছরগুলোতে এইচআইভি, যৌনবাহিত রোগ ও সংক্রমণের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা তৈরি এখন খুবই জরুরি। চরকির মতো জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম এবং পরিচিত তারকাদের অংশগ্রহণের মাধ্যমে এই বার্তা আরও সহজে ও ইতিবাচকভাবে মানুষের কাছে পৌঁছানো সম্ভব।’
রাইয়াতুন তেহরীন আরও বলেন, ‘বিশ্বজুড়ে বড় বড় ব্র্যান্ড ও তারকারা সামাজিক সচেতনতা তৈরির এমন উদ্যোগে যুক্ত হন। বাংলাদেশেও এ ধরনের সাহসী ও ইতিবাচক উদ্যোগকে উৎসাহিত করা উচিত। আমরা বিশ্বাস করি, এই সহযোগিতা নতুন প্রজন্মের মধ্যে সুরক্ষা, দায়িত্বশীলতা ও নিরাপদ জীবনযাপন নিয়ে আরও খোলামেলা আলোচনা তৈরি করবে।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকি প্রতি মাসে দর্শকদের জন্য নতুন নতুন কনটেন্ট নিয়ে আসে। চলচ্চিত্র, সিরিজ, স্বল্পদৈর্ঘ্য কনটেন্ট কিংবা প্রেক্ষাগৃহের সিনেমা—সবকিছুর পেছনেই শত মানুষের সৃজনশীল পরিশ্রম জড়িয়ে থাকে। সেই মানুষগুলোর কাজকে সম্মান জানাতেই আমাদের এ আয়োজন।’
রনি আরও জানান, দেশের পরিস্থিতি এবং কনটেন্ট-সংক্রান্ত নানা ব্যস্ততার কারণে কিছুদিন চরকি অ্যাওয়ার্ডস আয়োজন বন্ধ ছিল। তবে আগামী বছর থেকে নিয়মিতভাবেই এ আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাঁদের।