
শিল্পীরা সব সময়ই সচেষ্ট থাকেন গান দিয়ে শ্রোতা মত্ত করে রাখতে। কিন্তু শ্রোতারা যখন গানপাগল হয়ে থাকেন, তখন তো শিল্পীদের একেবারে পোয়াবারো। শিল্পীরা তখন নিজেদের সবটুকু উজাড় করে দিতেও দ্বিধা করেন না। এই যেমন সম্প্রতি এলআরবি ব্যান্ড করল একটি কলেজের পুনর্মিলনী কনসার্টে। শ্রোতাদের আবদারে একটি কিংবা দুটি নয়, একে একে গাইল ২৬টি গান! এমনটাই জানালেন ব্যান্ডটির অন্যতম সদস্য আইয়ুব বাচ্চু।
রাজধানীর ঢাকা কমার্স কলেজের ২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে আমন্ত্রণ পায় এলআরবি। অনুষ্ঠানের শেষ এবং প্রধান আকর্ষণ ছিল ব্যান্ডটির পরিবেশনা। মঞ্চে ওঠার আগেই ব্যান্ডের সদস্যরা ঠিক করে রেখেছিলেন কয়টি গান গাইবেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত তাতে স্থির থাকতে পারেনি এলআরবি। শ্রোতারা তাদের গানে নাকি এতটাই আপ্লুত হয়ে উঠেছিলেন যে নির্ধারিত সময়ের কয়েক গুণ বেশি সময় ধরে তাদের মঞ্চেই থাকতে হয়। এ প্রসঙ্গে প্রথম আলোকে আইয়ুব বাচ্চু বলেন, ‘অনুষ্ঠানে আমরাই ছিলাম শেষ ব্যান্ড। তাই সময় নিয়ে খুব একটা ভাবনা ছিল না। তবে আমাদের কিন্তু নিজেদের সেট ছিল। এত বেশি দর্শক। তাদের এত উন্মাদনার সঙ্গে আমরাও শামিল হয়ে যাই। একটা পর্যায়ে মাইকে অনুষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিদের একজন ঘোষণাই করলেন যে ২৫ বছর পূর্তিতে এলআরবি এরই মধ্যে ২৬টি গান গেয়ে ফেলেছে!’