নিকের চেয়ারে বসবেন আরিয়ানা

মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসির গানের রিয়েলিটি শো ‘দ্য ভয়েস’–এর জনপ্রিয়তা বিশ্বজুড়ে। এ শোর ২১তম আসরের বিচারকের আসনে বসবেন জন লিজেন্ড, কেলি ক্লার্কসন আর ব্লেক শেলটন। নিক জোনাস যে শো ছেড়েছেন, এ খবর এখন পুরোনো। নতুন খবর হলো, নিকের খালি চেয়ারে বসবেন আরিয়ানা গ্রান্ডে।

আরিয়ানা গ্রান্ডে
ইনস্টাগ্রাম

‘সুইটেনার’খ্যাত ২৭ বছর বয়সী এই জনপ্রিয় গায়িকা নিজেই জানিয়েছেন এ খবর। ইনস্টাগ্রামে ‘দ্য ভয়েস’–এর মঞ্চে ‘আই ওয়ান্ট ইউ’–এর চেয়ারে বসা নিজের একটা ছবি পোস্ট করে লিখেছেন, ‘চমক! আমি চূড়ান্ত রোমাঞ্চিত, উচ্ছ্বসিত আর সম্মানিত। দ্য ভয়েসের ২১তম আসরের মঞ্চে কেলি ক্লার্কসন, জন লিজেন্ড আর ব্লেক শেলটনের পাশে দেখা যাবে আমাকেও। নিক জোনাস, আমরা তোমাকে খুব মিস করব।’

নিক জোনাস

এদিকে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্র্যামিজয়ী ২৭ বছর বয়সী এই মার্কিন সংগীত তারকা বলেন, ‘দ্য ভয়েসের আকাশচুম্বী জনপ্রিয়তা আর মান সম্পর্কে কে না জানে! আর এখানে যাঁরা কোচ হিসেবে “আই ওয়ান্ট ইউ”–এর চেয়ারে বসেন, তাঁরা সবাই সংগীতের দুনিয়ায় বিশ্বসেরা। আমিও সেই পরিবারের একজন হিসেবে নাম লেখাতে চলেছি। নতুন শিল্পী তৈরিতে তাঁদের সঙ্গে আমিও অবদান রাখতে যাচ্ছি। আমি খুবই আনন্দিত আর সম্মানিত বোধ করছি।’

আরিয়ানা পোষা কুকুরকে নিয়ে ভোগ সাময়িকীর প্রচ্ছদকন্যাও হয়েছেন

গত ১ মার্চ থেকে প্রচারিত হচ্ছে ‘দ্য ভয়েস’–এর ২০তম আসর। আগামী বছর এ অনুষ্ঠানে কোচের আসরে দেখা যাবে আরিয়ানাকে। ২০১৩ সালে মুক্তি পায় তাঁর প্রথম অ্যালবাম ‘ইয়োরস ট্রুলি’। ‘থ্যাঙ্ক ইউ নেক্সট’–এর পর আরিয়ানার সর্বশেষ অ্যালবাম ‘পজিশনস’ মুক্তি পেয়েছে ২০২০–এর অক্টোবরে। এ অ্যালবামের সর্বোচ্চসংখ্যক গান স্থান পেয়েছে বিলবোর্ডের ১ নম্বরে। তাই ২০তম বারের মতো ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস’–এ নিজের নাম লেখালেন তিনি। এদিকে গত ডিসেম্বরে হীরার আংটি দেখিয়ে ২৫ বছর বয়সী রিয়েল এস্টেট এজেন্ট ডেল্টন গোমেজের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন তিনি।

আরিয়ানা বন্ধুদের সঙ্গে প্রাণীর জন্য আশ্রয়কেন্দ্র খুলেও আলোচনায় এসেছেন