
নতুন আঙ্গিকে গান নিয়ে আসছেন সংগীতশিল্পী পূজা। আসছে ঈদে তাঁর চতুর্থ একক অ্যালবাম ‘অবুঝ পাখি’ বাজারে আসবে। তিনটি গানটি নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েজের ব্যানারে অ্যালবামটি বাজারে আসবে।
পূজা বলেন, ‘এত দিন ধরে যে আঙ্গিকে গান করে এসেছি, তা থেকে একেবারেই নতুনভাবে অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছি। শ্রোতারা শুনলেই বুঝতে পারবেন।’
তিনটি গানের একটি গানের শিরোনাম ‘অবুঝ পাখি’। পূজা জানান, গানটি সাঁওতালি ধাঁচে করা হয়েছে। গানের কথার মধ্যে কিছু জায়গাতে সাঁওতাল ভাষাও ব্যবহার করা হয়েছে। কথা যৌথভাবে লিখেছেন পূজা ও বেলাল খান। সুর-সংগীত করেছেন সাজিদ সরকার।
বাকি দুটি গানে পূজার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও বেলাল খান। এ গানগুলো লিখেছেন ফয়সাল রাব্বিকীন। পূজা ও ইমরানের দ্বৈত কণ্ঠের গানটির সুর-সংগীত করেছেন ইমরান নিজেই, বাকি গানটির সুর-সংগীত করেছেন ইমন।